শিক্ষক তৈরির কর্মসূচিতে বর্ণ ও লিঙ্গভিত্তিক বৈষম্যের অভিযোগ: ১৫ প্রতিষ্ঠানে মার্কিন শিক্ষা বিভাগের তদন্ত শুরু

যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ সোমবার জানিয়েছে, বর্ণ ও লিঙ্গভিত্তিক বৈষম্যের অভিযোগের পর কয়েকটি শিক্ষক প্রস্তুতি কর্মসূচির বিরুদ্ধে ফেডারেল নাগরিক অধিকার তদন্ত শুরু করা হয়েছে।
বিভাগের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, নাগরিক অধিকার কার্যালয় (ওসিআর) শুক্রবার ১৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে তদন্তগুলো শুরু করে। অভিযোগ, ভবিষ্যৎ শিক্ষকদের নিয়োগ, ধরে রাখা ও সহায়তার জন্য তৈরি এসব কর্মসূচি নাগরিক অধিকার আইন লঙ্ঘন করে প্রার্থীদের লিঙ্গ বা বর্ণভিত্তিক নিয়োগ, সহায়তা ও আর্থিক সুযোগ দিচ্ছে।
প্রথম ধাপে তদন্তের আওতায় এসেছে চারটি প্রতিষ্ঠান—সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক (সিইউএনওয়াই), ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের শিক্ষা কলেজ, মিনেসোটা শিক্ষা বিভাগ এবং মিনেসোটা উচ্চশিক্ষা কার্যালয়। একই ধরনের অভিযোগে আরও ১১টি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেও তদন্ত শুরু করছে ওসিআর।
তদন্তে দেখা হবে, কর্মসূচিগুলো ১৯৬৪ সালের নাগরিক অধিকার আইনের টাইটেল সিক্স লঙ্ঘন করেছে কি না। এই আইনে বর্ণ, গায়ের রং বা জাতিগত উৎসের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ। পাশাপাশি ফেডারেল অর্থায়ন পাওয়া শিক্ষা কর্মসূচিতে লিঙ্গভিত্তিক বৈষম্য নিষিদ্ধ করা ১৯৭২ সালের শিক্ষা সংশোধনীর টাইটেল নাইন লঙ্ঘনের বিষয়টিও খতিয়ে দেখা হবে।
সিইউএনওয়াইয়ের বিরুদ্ধে তদন্ত চলছে তার ‘এনওয়াইসি মেন টিচ’ কর্মসূচি নিয়ে—অভিযোগ বর্ণ ও লিঙ্গ দুই ভিত্তিতেই বৈষম্যের। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ, মেরিল্যান্ড হায়ার এডুকেশন কমিশনের ‘টিচার কোয়ালিটি অ্যান্ড ডাইভারসিটি গ্রান্ট প্রোগ্রাম’ এবং ‘এডটার্পস কেয়ারস নেটওয়ার্ক’ পরিচালনায় বর্ণভিত্তিক বৈষম্য করা হয়েছে।
মিনেসোটা শিক্ষা বিভাগের বিরুদ্ধে তদন্ত হচ্ছে তার ‘এডুকেশন টিউশন অ্যাসিসট্যান্স প্রোগ্রাম’ নিয়ে, যেখান থেকে শিক্ষক প্রস্তুতি কর্মসূচির শিক্ষার্থীদের বৃত্তি ও ভাতা দেওয়া হয়। মিনেসোটা উচ্চশিক্ষা কার্যালয়ের বিরুদ্ধে অভিযোগ ‘মিনেসোটা অ্যাসপায়ারিং টিচার্স অব কালার স্কলারশিপ পাইলট প্রোগ্রাম’ এবং ‘আন্ডাররিপ্রেজেন্টেড স্টুডেন্ট টিচার গ্রান্ট’ পরিচালনায় বর্ণভিত্তিক বৈষম্যের।
মিনেসোটা উচ্চশিক্ষা কার্যালয়ের একজন মুখপাত্র বলেছেন, আন্ডাররিপ্রেজেন্টেড স্টুডেন্ট টিচার গ্রান্ট মিনেসোটা আইনসভা ২০২১ সালে চালু করেছিল এবং কার্যালয় রাজ্যের আইন অনুযায়ীই কর্মসূচিটি বাস্তবায়ন করছে। তিনি আরও বলেন, অ্যাসপায়ারিং টিচার্স অব কালার বৃত্তিটিও ২০২১ সালে আইনসভার করা পাইলট কর্মসূচি ছিল; ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পর অর্থায়ন শেষ হয়ে যাওয়ায় এটি আর মিনেসোটার বাসিন্দাদের জন্য উপলব্ধ নেই।
তদন্তগুলোর সূত্রপাত ইকুয়াল প্রোটেকশন প্রজেক্টের (ইপিপি) অভিযোগ থেকে। কর্নেল আইন স্কুলের অধ্যাপক উইলিয়াম জ্যাকবসনের প্রতিষ্ঠিত এই আইনি অ্যাডভোকেসি সংগঠনটি লিগ্যাল ইনসারেকশন ফাউন্ডেশনের অংশ।
জ্যাকবসন বলেছেন, ইপিপি শিক্ষা বিভাগের এই সিদ্ধান্তকে স্বাগত জানায় এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করবে। তাঁর ভাষায়, তদন্ত শুরুর অর্থ হলো ওসিআর মনে করছে অভিযোগগুলো আরও পর্যালোচনার যোগ্য। ইপিপির প্রধান আইনজীবী মরিন এস. রিওর্ডান সিদ্ধান্তটিকে ফেডারেল নাগরিক অধিকার সুরক্ষা মানার প্রশ্নে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলেছেন।
শিক্ষা বিভাগের একজন মুখপাত্র বলেছেন, যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসূচি শুধু বর্ণের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ ও আর্থিক সহায়তার সুযোগ থেকে বঞ্চিত করছে—এমন বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে সারা দেশে তদন্ত শুরু করা হবে। তাঁর ভাষায়, শিক্ষকেরা বিদ্যালয়ের প্রাণ, এবং ট্রাম্প প্রশাসন নিশ্চিত করবে শিক্ষার্থীদের গায়ের রং দিয়ে নয়, মেধা ও অধ্যবসায় দিয়ে বিচার করা হবে।
এই পদক্ষেপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি (ডিইআই) উদ্যোগ বিলোপের প্রচেষ্টার সঙ্গে মিলে যায়। ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্বে ফেরার পরপরই তিনি ফেডারেল কর্মী ও চুক্তিতে ডিইআই কর্মসূচি বন্ধে নির্বাহী আদেশে সই করেন এবং সুপ্রিম কোর্টের ২০২৩ সালের ‘স্টুডেন্টস ফর ফেয়ার অ্যাডমিশনস বনাম হার্ভার্ড’ রায়ের সঙ্গে মিলিয়ে নাগরিক অধিকার আইন প্রয়োগের নির্দেশ দেন। ওই রায়ে কলেজ ভর্তিতে বর্ণভিত্তিক ইতিবাচক বৈষম্য বাতিল হয়েছিল।
বিভাগের কর্মকর্তারা এর আগে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহনের নেতৃত্বে প্রশাসন ফেডারেল আমলাতন্ত্র ভেঙে ফেলা, অভিভাবকদের অধিকার জোরদার করা এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নাগরিক অধিকার আইন প্রয়োগের প্রচেষ্টা জোরদার করার পরিকল্পনা করছে। চলতি মাসের শুরুতে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর এই পরিকল্পনার কথা বলা হয়।
সিইউএনওয়াইয়ের একজন মুখপাত্র বলেছেন, আগামী দিনের শিক্ষক তৈরিতে তাদের ভূমিকা নিয়ে প্রতিষ্ঠানটি গর্বিত এবং তাদের কর্মসূচি বর্ণ, লিঙ্গ বা জাতিগত উৎস নির্বিশেষে সব শিক্ষার্থীর জন্য খোলা। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড মন্তব্য করতে রাজি হয়নি। মিনেসোটা শিক্ষা বিভাগ তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।




