২০২৮ সালে প্রেসিডেন্ট পদে লড়বেন কি না, সিদ্ধান্ত আগামী বছর নেবেন ভ্যান্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, সে সিদ্ধান্ত ‘আগামী বছরের কোনো এক সময়’ নেবেন।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘আমি এখনো সিদ্ধান্ত নিইনি। আগামী বছরের কোনো এক সময় আমরা ঠিক করব।’ নির্দিষ্ট সময়সীমা জানতে সঞ্চালক লরা ইনগ্রাহাম চাপ দিলে তিনি যোগ করেন, ‘যখন আমি সিদ্ধান্ত নেব, সেই সিদ্ধান্তে আমি পুরোপুরি থাকব।’
মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকানদের বড় পরাজয় দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যে ভ্যান্সের পরবর্তী পদক্ষেপ নিয়ে আগ্রহ বাড়ছে।
ভ্যান্সের ঘনিষ্ঠ ব্যক্তিরা বিবিসিকে বলেছেন, নভেম্বরের নির্বাচন ২০২৮ নিয়ে তাঁর সিদ্ধান্ত গ্রহণের সময়সূচি বদলায়নি। তাঁর প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাশিত হলেও মিত্ররা মনে করেন, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তিনি কয়েক মাস অপেক্ষা করতে পারেন।
২০২৪ সালে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁকে রানিং মেট হিসেবে বেছে নেওয়ার মুহূর্ত থেকেই ভ্যান্সের হোয়াইট হাউস-আকাঙ্ক্ষা নিয়ে জল্পনা শুরু হয়। এই বাছাই তাঁকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম কনিষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ (মাগা) আন্দোলনের সবচেয়ে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দাঁড় করিয়ে দেয়।
তবে দায়িত্ব পালনকালে নিজের রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে আলোচনা সতর্কভাবে এড়িয়ে গেছেন ভ্যান্স।
মধ্যবর্তী নির্বাচনের প্রচারেও সমর্থকেরা প্রায়ই তাঁর বক্তৃতায় বাধা দিয়ে ২০২৮ সালে লড়তে অনুরোধ করেছেন। সে সময় ভ্যান্সের নিয়মিত জবাব ছিল, রিপাবলিকানদের মনোযোগ সামনে থাকা নির্বাচনেই রাখা দরকার।
মধ্যবর্তী নির্বাচন এখন পেছনে পড়ে যাওয়ায় এবং ২০২৬ সালের পরাজয় কাটিয়ে রিপাবলিকানরা এগিয়ে যেতে চাওয়ায় সামনের নির্বাচন এখন ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনই।
ভ্যান্স প্রতিদ্বন্দ্বিতায় নামলে তিনি যখনই প্রার্থিতা ঘোষণা করুন না কেন, রিপাবলিকান প্রাইমারির প্রতিদ্বন্দ্বীদের মধ্যে শীর্ষে উঠে যাবেন বলে ধারণা করা হচ্ছে।




