সন্তোষে ভাসানীর মাজারে মানুষের ঢল, পালিত হচ্ছে ৫০তম মৃত্যুবার্ষিকী

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (১৭ নভেম্বর)। দিনটি উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে।
মঙ্গলবার ভোর থেকেই সন্তোষে ভক্ত, অনুরাগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নেমেছে। ‘যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী’ স্লোগানে মুখর হয়ে উঠেছে সমাধিস্থল। ফুলে ফুলে সেজেছে তাঁর মাজার।
সকাল সাড়ে ৭টার দিকে মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম।
এরপর হাসরত খান ভাসানীর নেতৃত্বে ভাসানী পরিবারের সদস্যরা এবং আতাউর রহমান আজাদ ও কাজী জাকেরুল মওলার নেতৃত্বে টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ভাসানী বিশ্ববিদ্যালয় অফিসার্স ক্লাব এবং ক্যাম্পাসে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথকভাবে শ্রদ্ধা জানানো হয়।
পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং তাঁর অনুসারীরা সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা, ওরশ, দোয়া মাহফিল এবং এতিম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। মৃত্যুবার্ষিকী ঘিরে মাজার প্রাঙ্গণে বসেছে কয়েক দিনব্যাপী মেলা। দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত, অনুসারী ও মুরিদানরা সন্তোষে সমবেত হয়েছেন।
দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও দিবসটি ঘিরে নানা কর্মসূচি গ্রহণ করেছে।
বিএনপি এ উপলক্ষে একটি জাতীয় কমিটি গঠন করেছে। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে সদস্যসচিব করা হয়েছে।
১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। তাঁর বাবা শরাফত আলী খান এবং মা মোসাম্মৎ মজিরন বিবি। ভারতের দেওবন্দে ইসলামি শিক্ষায় অধ্যয়নের পর তিনি সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিজেকে যুক্ত করেন।
ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানি শাসন-শোষণের বিরুদ্ধে সংগ্রাম এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভাসানী। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলে তিনি দলটির প্রথম সভাপতি নির্বাচিত হন। কৃষক, শ্রমিক, ভূমিহীন ও দরিদ্র মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন কাজ করে যাওয়ায় তিনি ‘মজলুম জননেতা’ হিসেবে পরিচিতি লাভ করেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নেন ভাসানী। ভারতে অবস্থানকালে তিনি বাংলাদেশের প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। স্বাধীনতার পর ১৯৭২ সালের ২২ জানুয়ারি দেশে ফিরে আবারও সাধারণ মানুষের অধিকার, অর্থনৈতিক সাম্য ও গণতান্ত্রিক জবাবদিহি প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হন তিনি। ১৯৭৩ সালে খাদ্যের দাবিতে তাঁর অনশন কর্মসূচি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।
১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মওলানা ভাসানী। পরে টাঙ্গাইলের সন্তোষে তাঁকে সমাহিত করা হয়। ক্ষমতার চেয়ে মানুষের অধিকার ও অন্যায়ের সঙ্গে আপস না করার আদর্শে বিশ্বাসী এই নেতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্বতন্ত্র অবস্থান তৈরি করে গেছেন।




