আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে ১৫ ক্যাটাগরিতে ৯০ জন নিয়োগ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৫টি ক্যাটাগরির পদে মোট ৯০ জনকে নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন শুরু হয়েছে ২ নভেম্বর ২০২৬ থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদগুলোর শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে ইলেকট্রিক্যাল প্রকৌশলে স্নাতক ডিগ্রি, মেকানিক্যাল প্রকৌশলে স্নাতক ডিগ্রি, প্রকৌশল বিষয়ে স্নাতক অথবা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
আরও রয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক অথবা রসায়ন বা ফলিত রসায়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বা এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ে স্নাতক অথবা এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
বাণিজ্য শাখার ক্ষেত্রে ফিন্যান্স, অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিষয়ে স্নাতকোত্তর অথবা ওই বিষয়ে এমবিএ ডিগ্রি এবং এইচআরএম, ব্যবস্থাপনা বা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি চাওয়া হয়েছে।
অন্য পদগুলোতে ইলেকট্রিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা, মেকানিক্যাল, পাওয়ার, অটোমোবাইল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা, স্নাতক (বিকম) বা সংশ্লিষ্ট ডিগ্রি এবং এসএসসি বা সমমানের ডিগ্রি চাওয়া হয়েছে।
কোনো কোনো পদের শারীরিক যোগ্যতায় উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন বিএমআই চার্ট অনুযায়ী ফিট, বুকের মাপ ৩২ ইঞ্চি ও চোখের দৃষ্টি ৬/৬ চাওয়া হয়েছে; ফায়ার সার্ভিস বা ফায়ার ফাইটিং কাজে প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। আরেকটি ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি ও দৃষ্টি ৬/৬ চাওয়া হয়েছে এবং প্রশিক্ষণপ্রাপ্ত সাবেক সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে; তাঁদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪২ বছর।
সাধারণ ক্ষেত্রে বয়সসীমা ধরা হয়েছে ৩০ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন ফি ১ থেকে ১০ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ১১ ও ১২ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১৩ থেকে ১৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা। ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদে ফি ৫৬ টাকা।
শর্ত অনুযায়ী প্রথমে এক বছর শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেওয়া হবে। সন্তোষজনক মূল্যায়নে পরবর্তী তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ মিলবে এবং এরপর প্রতি তিন বছর পর চুক্তি নবায়ন হবে। অবসর গ্রহণের বয়স ৬০ বছর। মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়া বা আবাসন, দুটি উৎসব ভাতা, নববর্ষ ভাতা, শিক্ষা ভাতা, মেডিকেল ভাতা, প্রতিপূরণসহ অন্যান্য সুবিধা মিলবে।
পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা এপিএসসিএলের টেলিটক ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।



