ফিজিতে বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়াতে উদ্যোগ, বর্তমানে কাজ করছেন প্রায় ৮ হাজার জন

ফিজিতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির সম্ভাবনা দেখছে সরকার। দেশটির নির্মাণ, কৃষি, পর্যটন, হোটেল-রেস্তোরাঁ ও কারিগরি খাতে বাংলাদেশি কর্মীরা ভালো করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এসব খাতে কর্মী নিয়োগ বাড়াতে ফিজি সরকারের সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে ভারতে নিযুক্ত ফিজির হাইকমিশনার জগন্নাথ সামির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য ফিজিতে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, নিয়োগপ্রক্রিয়া সহজ করা এবং দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।
মন্ত্রী বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে। দক্ষ ও অভিজ্ঞ বাংলাদেশি কর্মীরা বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে কাজ করছেন। ফিজিতেও তাঁদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে তিনি আশাবাদী। এ ক্ষেত্রে নির্মাণ, কৃষি, পর্যটন, হোটেল ও রেস্তোরাঁ এবং কারিগরি খাতকে সম্ভাবনাময় হিসেবে উল্লেখ করেন তিনি।
ফিজিতে কর্মী নিয়োগপ্রক্রিয়া সহজ ও গতিশীল করতে বৈঠকে তিনটি প্রস্তাব দেন মন্ত্রী। এর মধ্যে রয়েছে, দেশটির কোন কোন খাতে বিদেশি কর্মীর চাহিদা রয়েছে এবং কী ধরনের দক্ষতার কর্মী প্রয়োজন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেওয়া। এতে বাংলাদেশে আগ্রহী কর্মীদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা সম্ভব হবে বলে তিনি বলেন।
এ ছাড়া সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কর্মী পাঠানোর পাশাপাশি নিয়োগপ্রক্রিয়া ত্বরান্বিত করতে দুই দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বাড়ানোর প্রস্তাব দেন তিনি। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ ও তথ্য বিনিময়ের ওপর গুরুত্ব দেন।
বৈঠকে ফিজির হাইকমিশনার জগন্নাথ সামি বলেন, ফিজি সরকার নাগরিকদের বিনা মূল্যে শিক্ষা দিয়ে থাকে। উচ্চশিক্ষা শেষে অনেক নাগরিক বিদেশে চলে যাওয়ায় দেশটির অভ্যন্তরীণ শ্রমবাজারে দক্ষ বিদেশি কর্মীর চাহিদা তৈরি হয়েছে।
সামি বলেন, বাংলাদেশের আবহাওয়া ও সংস্কৃতির সঙ্গে ফিজির মিল থাকায় বাংলাদেশি কর্মীদের জন্য সেখানে ভালো সুযোগ তৈরি হতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া প্রস্তাব ও অনুরোধগুলো ইতিবাচকভাবে বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দেন তিনি।
বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ জানান, বর্তমানে ফিজিতে প্রায় ৮ হাজার বাংলাদেশি কর্মী কাজ করছেন। চলতি বছরেই আরও ৩ হাজার ৩০০ কর্মী দেশটিতে গেছেন।
সচিব ফিজির চাহিদা অনুযায়ী কর্মী তৈরি করতে বাংলাদেশের ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) মাধ্যমে আগ্রহীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দেন।
এ সময় বাংলাদেশি কর্মীরা যাতে ফিজিতে নিরাপদ ও ভালো কর্মপরিবেশে কাজ করতে পারেন এবং তাঁদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত হয়, সে বিষয়ে দেশটির সরকারের সহযোগিতা চান মন্ত্রী। পাশাপাশি বাংলাদেশি চালকদের লাইসেন্স ইস্যু বা রূপান্তরের প্রক্রিয়া তিন মাসের কম সময়ে সম্পন্ন করা এবং ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়াতে কর্মীদের বাংলাদেশে ফিরে আসার বাধ্যবাধকতা দূর করার অনুরোধ জানানো হয়।
কূটনৈতিক চ্যানেলে পাঠানো সমঝোতা স্মারক দ্রুত স্বাক্ষরের উদ্যোগ নিতেও ফিজি সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি বাণিজ্য বহুমুখীকরণ, বিনিয়োগ, টেকসই কৃষিতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং এভিয়েশন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।



