চাঁদপুরের চাঁদখার বাজারে ভুয়া চিকিৎসকের প্রতিষ্ঠানসহ চার প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁদপুরের চাঁদখার বাজারে ভুয়া ডিগ্রি ব্যবহার করে রোগী দেখার দায়ে মাতৃ মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৬ নভেম্বর) অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযানে প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়।
এদিন বিভিন্ন অনিয়মের দায়ে আরও তিন প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে রাম কৃষ্ণ হোমিও ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বাসি খাবার সংরক্ষণের দায়ে আজিজ হোটেলকে ৫ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় মির্জা সুইটসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার মুচলেকা দেয়।
অভিযানে জব্দ করা মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পচা-বাসি খাবার জনসমক্ষে ধ্বংস করা হয়। পাশাপাশি বাজারের অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।




