কানাডায় বিলাসবহুল গাড়ি চুরির চক্রের অভিযোগে ১২ জন গ্রেপ্তার, ৯৬টি গাড়ি উদ্ধার

কানাডার অন্টারিও প্রদেশের পিল এলাকার পুলিশ বিলাসবহুল গাড়ি চুরির একটি অভিযুক্ত চক্রের বিরুদ্ধে তদন্তে ১২ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আটজন নাইজেরিয়ার নাগরিক বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ বলেছে, অভিযুক্ত ব্যক্তিরা বিলাসবহুল গাড়ি চুরি করে সেগুলো পশ্চিম আফ্রিকায় পাঠাতেন। তাঁদের বিরুদ্ধে মোট ২৩১টি অভিযোগ আনা হয়েছে। আরও কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
পিল পুলিশ জানিয়েছে, জাহাজের কনটেইনারে লুকানো অবস্থায় ৯৬টি উচ্চমূল্যের গাড়ি উদ্ধার করা হয়েছে। উদ্ধার গাড়িগুলোর মূল্য ৪৫ লাখ ডলার। গাড়িগুলো কানাডার বন্দর হয়ে রপ্তানির জন্য পাঠানো হচ্ছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, কয়েক মাস ধরে চলা বিস্তৃত গাড়ি চুরি তদন্তের পর এই গ্রেপ্তারগুলো করা হয়েছে। তদন্ত শুরু হয় গত মার্চে কানাডার সীমান্ত সংস্থার অংশীদারত্বে, যখন চোরাই গাড়ি রাখার কাজে ব্যবহৃত বলে অভিযুক্ত একটি গুদাম শনাক্ত করে পুলিশ।
তদন্তকারীদের ধারণা, এই চক্রের নেতৃত্বে ছিলেন পাঁচজন, যাঁরা গাড়ি চুরি, পরিবহন ও রপ্তানির কাজ সমন্বয় করতেন। বাকি অভিযুক্ত ব্যক্তিরা সহায়ক ভূমিকা পালন করেছেন বলে তদন্তকারীরা মনে করেন।
পুলিশ এক বিবৃতিতে বলেছে, তদন্তকারীরা চক্রটিকে গাড়ি তোলার স্থান, কনটেইনারের চলাচল এবং চোরাই গাড়ির পরিচয় বদলে দেওয়ার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করতে পেরেছেন। গাড়ির পরিচয় গোপন করতে যানবাহনের শনাক্তকরণ নম্বর বদলে দেওয়ার এই অবৈধ পদ্ধতিকে রি-ভিনিং বলা হয়।
পিল আঞ্চলিক পুলিশের উপপ্রধান নিক মিলিনোভিচ বলেছেন, সংগঠিত গাড়ি চুরি একটি শিকারি ধরনের ব্যবসায়িক মডেল, যা আন্তঃদেশীয় চক্রগুলো পরিচালনা করে, পরিবারগুলোকে আতঙ্কিত করে এবং বৃহত্তর অপরাধমূলক কর্মকাণ্ডে অর্থ জোগায়।
কানাডার কর্তৃপক্ষ সংগঠিত গাড়ি চুরিকে ক্রমবর্ধমান হুমকি হিসেবে বর্ণনা করেছে এবং বলেছে, এটি বৃহত্তর অপরাধী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। পুলিশ আরও বলেছে, ফৌজদারি প্রক্রিয়া শেষ হওয়ার পর অভিযুক্ত কয়েকজনকে দেশ থেকে বহিষ্কারের মুখে পড়তে হতে পারে।
উত্তর আমেরিকা ও ইউরোপ থেকে আফ্রিকার দেশগুলোতে গাড়ি পাচার আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য দীর্ঘদিনের উদ্বেগ। গত বছর ইন্টারপোল জানিয়েছিল, কানাডা ও ইউরোপের দেশগুলো থেকে চুরি হওয়া ১০০টির বেশি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে।
একই বছরে আরেক অভিযানে ঘানার নিরাপত্তা কর্তৃপক্ষ ইউরোপ ও উত্তর আমেরিকা থেকে চুরি হওয়া ৪৩টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছিল। জাতীয় ও আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে উন্নত সহযোগিতাকেই ওই সাফল্যের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল।




