শেখ হাসিনাকে ফেরতে ভারত কোনো শর্ত দেয়নি, গণমাধ্যমের খবর সরকারের বক্তব্য নয়: তথ্য উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে কোনো শর্ত দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ভারতের গণমাধ্যমে প্রকাশিত কোনো প্রতিবেদনকে দেশটির সরকারের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
আজ মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। এ বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে কোনো আলোচনাও হয়নি বলে তিনি জানান।
সম্প্রতি বিবিসি বাংলার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, শেখ হাসিনাকে ফেরতে ভারতের পক্ষ থেকে দুটি শর্ত দেওয়া হয়েছে। প্রথমত, তাঁকে সেনাবাহিনীর এয়ারক্রাফটে করে ফিরিয়ে নিতে হবে। দ্বিতীয় শর্ত হলো, শেখ হাসিনা যাতে তাঁর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তাঁর বিচার নতুন করে শুরু করা হয়—বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।
এ বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, একটি পত্রিকার প্রতিবেদনকে ভারত সরকারের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা করা যায় না। কোনো রাষ্ট্র বা সরকার অন্য রাষ্ট্রের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানলে সে বিষয়ে প্রতিক্রিয়া জানানোর কারণ নেই।
তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট সমন্বয়ক এ বিষয়ে কথা বলেছেন। তবে সরকারের মধ্যে এ ধরনের কোনো আলোচনা নেই। ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে কোনো শর্ত দেবে, বিষয়টি এমনও নয় বলে তিনি মন্তব্য করেন।
ভারতের পক্ষ থেকে বাংলাদেশ কোনো চাপ অনুভব করছে কি না, এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘একেবারেই না, একেবারেই না।’
জাহেদ উর রহমান বলেন, ৫ আগস্টের মধ্য দিয়ে বাংলাদেশের বাস্তবতায় পরিবর্তন এসেছে। বাংলাদেশ এখন আর আগের বাংলাদেশ নেই। দেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। সব দেশের সঙ্গে নিজেদের প্রয়োজনের নিরিখে সম্পৃক্ত হতে চায় বাংলাদেশ।
তবে অন্যায় চাপ দিয়ে কোনো কিছু করানো যাবে না বলে তিনি বলেন। বাংলাদেশ আলোচনা করতে ও কথা বলতে চায়। কিন্তু যেখানে আইনগতভাবে বাংলাদেশের অবস্থান সঠিক, সেখানে চাপ বা শর্ত দিয়ে কোনো কিছু মেনে নেওয়া হবে না।
গঙ্গা পানি চুক্তি প্রসঙ্গে একই সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা বলেন, আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হচ্ছে। পরবর্তী চুক্তির বিষয়ে বাংলাদেশ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আপাতত এর বেশি কিছু জানানোর নেই। তবে গঙ্গা চুক্তির সঙ্গে প্রধানমন্ত্রীর সফরের কোনো সম্পর্ক নেই বলে তিনি জানান।
চলমান শ্রমিক আন্দোলন এবং শ্রমিকদের জন্য খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, গত ১৩ নভেম্বর থেকে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রি (ওএমএস) কার্যক্রম চালু হয়েছে। একজন পোশাকশ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কেজিপ্রতি ৩০ টাকা দরে কিনতে পারবেন।
ঢাকা, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ৬৬টি ট্রাকের মাধ্যমে এই ওএমএস কার্যক্রম পরিচালিত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
যাত্রাপালা ও সার্কাস চালু রাখার পাশাপাশি এসবের সঙ্গে যুক্ত জুয়া, অশ্লীলতা ও অন্যান্য অপরাধ দমনে সরকার কাজ করবে বলেও জানিয়েছেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, সরকার যাত্রাপালা ও সার্কাস পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে।
তিনি বলেন, সুস্থ পরিবেশে যাত্রাপালা ও সার্কাস আয়োজন করা গেলে তা চলবে। তবে যাত্রাপালায় মাদক, জুয়া, অশ্লীলতা বা অন্য কোনো অবৈধ কর্মকাণ্ড থাকলে ভবিষ্যতে আর অনুমোদন দেওয়া হবে না। একই সঙ্গে ‘তৌহিদি জনতা’র নামে কেউ বাধা দিতে এলে সরকার তা প্রতিহত করবে।




