বাংলাদেশ নাট্যোৎসবে শিল্পকলায় মঞ্চস্থ হচ্ছে হুমায়ূন আহমেদের প্রথম নাটক ‘নৃপতি’
বাংলাদেশ থিয়েটারের চার দশক পূর্তি উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশ নাট্যোৎসব’-এ মঞ্চস্থ হতে যাচ্ছে নান্দনিক নাট্য সম্প্রদায়ের অষ্টম প্রযোজনা ‘নৃপতি’।
নাটকটি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা প্রথম মঞ্চনাটক। এবারের প্রযোজনাটির নির্দেশনায় রয়েছেন বদরুদ্দোজা।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
নাটকের গল্পে উঠে এসেছে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা ও শাসকের খামখেয়ালিপনার চিত্র। প্রজাদের চাহিদা ও প্রত্যাশার বিপরীতে নৃপতি নিজের স্বেচ্ছাচারী মনোভাব বজায় রাখতে চায় বলে প্রযোজনাটির বর্ণনায় বলা হয়েছে।
বর্ণনা অনুযায়ী, তীব্র শীতে দুঃখী মানুষের কষ্টকে বসন্তকালীন মেকি আনন্দ দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করে নৃপতি, আর অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহকারীকে অর্থের প্রলোভনে মেরুদণ্ডহীন করে দেওয়ার চেষ্টাও চালানো হয় নাটকে।
নির্দেশক বদরুদ্দোজা বলেন, “ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতায় সাময়িকভাবে টিকে থাকা যায়, কিন্তু বিপ্লবী জনতা ক্ষমতার মসনদকে দীর্ঘস্থায়ী হতে দেয় না। নিজেদের প্রাপ্য অধিকার তারা ছিনিয়ে নেয়। এই বিষয়টি নাটকে খুব সূক্ষ্মভাবে তুলে ধরেছেন হুমায়ূন আহমেদ। আমাদের অনুরোধে তিনি তৎকালীন সময়ে নাটকটি লিখেছিলেন।”
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ. মা. ম. হাসানুজ্জামান, নীলুফার ওয়াহিদ পাপড়ি, মোহাম্মদ শাহ আলম, সোহেল রানা বয়াতি, মাহিন রহমান, অভিক মজুমদার, সৈয়দ প্রিন্স হাসান রনি, আরিফ রানা, ওবায়দুল হক মারুফ, দীপ্তি পোদ্দার, রাসেল হোসেন, সাইফ শাহিন, আশরাফুল আলম, ফয়েজ নাসির, মৌসুমি বেগম ঢাকাইয়া ও এস এম সাগরসহ আরও অনেকে।

