রেকর্ড ৮৪০ কোটি পাউন্ডে পৌঁছাল যুক্তরাজ্যের সংগীত শিল্প, পিছিয়ে পড়ার শঙ্কায় তৃণমূল শিল্পীরা

ওয়েসিসের মতো বড় দলগুলোর সফর যুক্তরাজ্যের সংগীত শিল্পকে রেকর্ড আয়ে পৌঁছে দিয়েছে। তবে শীর্ষ তারকাদের সঙ্গে বাকি শিল্পীদের আয়ের ব্যবধান বাড়ছে বলে সতর্ক করা হয়েছে নতুন এক প্রতিবেদনে।
বিভিন্ন শিল্প সংস্থার ছাতা সংগঠন ইউকে মিউজিকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে সংগীত খাত যুক্তরাজ্যের অর্থনীতিতে ৮৪০ কোটি পাউন্ড যোগ করেছে — যা একটি রেকর্ড এবং আগের বছরের তুলনায় মুদ্রাস্ফীতির হার ছাড়িয়ে ৫ দশমিক ৭ শতাংশ বেশি।
রপ্তানি আয় ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪৮০ কোটি পাউন্ড হয়েছে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক সফর থেকে ব্রিটিশ শিল্পীদের আয় এবং বিদেশে গান বিক্রি ও স্ট্রিমিং থেকে পাওয়া রয়্যালটি।
খাতটিতে কর্মসংস্থানও সামান্য বেড়েছে। ৭৩০টি নতুন চাকরি যোগ হয়ে মোট কর্মসংস্থান দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৫০০ জনে।
এই সাফল্যের পেছনে রয়েছে লাইভ সংগীত খাত, যেখানে স্টেডিয়ামে অনুষ্ঠান — যা একসময় শুধু শীর্ষ শিল্পীদের জন্যই সম্ভব ছিল — এখন ক্রমেই সাধারণ হয়ে উঠছে, আর দর্শকেরা টিকিটে তিন অঙ্কের অর্থ খরচ করতে রাজি হচ্ছেন।
রবি উইলিয়ামস ও দুয়া লিপার বড় সফর এবং অলিভিয়া ডিনের মতো শিল্পীদের হিট অ্যালবামও এই রেকর্ড আয়ে ভূমিকা রেখেছে। প্রতিবেদনে স্লিপ টোকেন, ইয়াংব্লাড, স্যাম ফেন্ডার, ওয়েট লেগ ও বিফি ক্লাইরোর এক নম্বর অ্যালবামগুলোর কথাও উল্লেখ করা হয়েছে।
তবে ‘দিস ইজ মিউজিক’ প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, অনেক উদীয়মান ও তৃণমূল শিল্পী বেড়ে যাওয়া খরচের মুখে পড়ে প্রকৃত আয় কমে যাওয়ার অভিজ্ঞতা পাচ্ছেন, এমনকি সুপরিচিত শিল্পীদের জন্যও অর্থ উপার্জন কঠিন হয়ে পড়েছে।
প্রতিবেদনে আরেকটি প্রবণতার দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে: দেশের বাজারে একসময় মার্কিন শিল্পীদের চেয়ে ব্রিটিশ শিল্পীরাই বেশি জনপ্রিয় ছিলেন, কিন্তু ২০১৮ সালে মার্কিন শিল্পীরা এগিয়ে যান এবং সেই ব্যবধান বাড়তে থাকে। ২০২৫ সালে ডিন ও ফেন্ডারের মতো শিল্পীদের বড় হিটের কারণে ব্যবধান কিছুটা স্থিতিশীল হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও সতর্ক করা হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়েছে, এআই দিয়ে তৈরি ‘স্লপ’ ও ডিপফেক শ্রোতাদের মনোযোগ মানব শিল্পীদের কাছ থেকে সরিয়ে নেওয়ার হুমকি তৈরি করছে, আর শিল্পীদের অনুকরণে তৈরি গান সরিয়ে নেওয়ার জন্য লেবেলগুলোর জারি করা নোটিশ নাটকীয়ভাবে বেড়েছে।
শিল্পীদের আয় নিয়ে দুটি ভিন্ন চিত্রও তুলে ধরেছে প্রতিবেদন। ‘শীর্ষ ও মধ্যম স্তরের’ শিল্পীদের হিসাবের জরিপে দেখা গেছে, তাঁদের আয় বছরে ১৪ শতাংশের বেশি বেড়েছে। কিন্তু সংগীত স্রষ্টাদের নিজেদের দেওয়া তথ্যের জরিপে একই সময়ে প্রবৃদ্ধি মাত্র শূন্য দশমিক ২ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়েছে, গান রেকর্ড ও প্রকাশ করা আগের যেকোনো সময়ের চেয়ে সহজ হয়েছে, কিন্তু তীব্র প্রতিযোগিতার কারণে পরিচিতি গড়া ও টেকসই ক্যারিয়ার তৈরি করা আগের চেয়ে কঠিন হয়ে পড়েছে।
ইউকে মিউজিক রয়্যালটি সংস্থা পিআরএস ফর মিউজিক ও পিপিএল, রেকর্ড শিল্প সংস্থা বিপিআই, স্বাধীন লেবেলদের সংগঠন এআইএম এবং মিউজিশিয়ানস ইউনিয়নসহ বিভিন্ন সংস্থা নিয়ে গঠিত।
সংগঠনটির প্রধান নির্বাহী টম কিল প্রতিবেদন প্রকাশের সময় সরকারের কাছে বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। তিনি বলেন, ২০ নভেম্বরের যুক্তরাজ্য-ইইউ শীর্ষ সম্মেলনে সরকারকে ইউরোপে রপ্তানির বাধা দূর করতে কাজ করতে হবে, এআইকে ছাড় দেওয়া যাবে না, টেকসইভাবে অর্থায়িত বিবিসিকে সমর্থন দিতে হবে এবং প্রতিটি এলাকায় সংগীতের প্রবৃদ্ধি নিশ্চিত করতে হবে।
সৃজনশীল শিল্পমন্ত্রী ইয়ান মারে মিউজিক গ্রোথ প্যাকেজের মতো সরকারি অর্থায়ন প্রকল্পের কথা তুলে ধরে বলেন, সরকার তৃণমূল অবকাঠামো, প্রতিভার ধারা ও স্বাধীন ব্যবসায় বিনিয়োগ করছে, যাতে খাতটি প্রতিযোগিতায় টিকে থাকে।
২০২৭ সালের দিকে তাকিয়ে আছেন যুক্তরাজ্যের সফল শিল্পীদের অনেকে। ২০২৫ সালের পুনর্মিলনী সফরের সাফল্যের পর ওয়েসিস আবার সফরে বের হবে যুক্তরাজ্য, ইউরোপ ও উত্তর আমেরিকার ১১টি স্থানে। দুয়া লিপা কোচেলা উৎসবের প্রধান শিল্পী হিসেবে ঘোষিত হয়েছেন এবং তাঁর চতুর্থ স্টুডিও অ্যালবাম আসার কথা রয়েছে। স্যাম ফেন্ডার ‘প্রপার ম্যাসিভ’ সফর ঘোষণা করেছেন — যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে ১২টি স্টেডিয়াম অনুষ্ঠান এবং উত্তর আমেরিকার বড় ভেন্যুতে অনুষ্ঠানসহ।


