মিশরে খ্রিস্টধর্ম গ্রহণকারী ব্যক্তির মৃত্যুদণ্ডের ঝুঁকি, ধর্মীয় স্বাধীনতা রক্ষার আহ্বান যুক্তরাষ্ট্রের

মিশরে খ্রিস্টধর্ম গ্রহণ করা এক ব্যক্তির বিচার ঘিরে দেশটির সরকারকে সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতার অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ওই ব্যক্তি মৃত্যুদণ্ড অথবা ২৫ বছরের কারাদণ্ডের মুখে রয়েছেন।
অভিযুক্ত ব্যক্তির নাম সাইদ মানসুর রেজক আবদেলরাজেক। তিনি ২০১৬ সালে খ্রিস্টধর্ম গ্রহণ করেন। তাঁর বিচার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও বিশ্বজুড়ে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে ব্যাপক প্রচার পেয়েছে। মিশর যুক্তরাষ্ট্র থেকে বছরে ১৩০ কোটি ডলার সহায়তা পায়।
পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র ফক্স নিউজ ডিজিটালকে বলেন, যুক্তরাষ্ট্র তাঁর বিচার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ধর্মীয় স্বাধীনতা একটি মৌলিক মানবিক মূল্যবোধ উল্লেখ করে তিনি মিশর সরকারকে সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতার অধিকার রক্ষায় উৎসাহিত করেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাইয়ে নিরাপত্তা কর্মকর্তারা মিশরীয় নাগরিক ও খ্রিস্টধর্ম গ্রহণকারী সাইদ আবদেলরাজেককে কায়রোতে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেন। নয় মাসের যথেচ্ছ প্রাক-বিচার আটকের পর তাঁকে বদরের প্রথম ফৌজদারি আদালতের সন্ত্রাসবাদ সার্কিটে বিচারের জন্য পাঠানো হয়; অভিযোগগুলো তাঁর ধর্মান্তর ও ধর্মীয় বিশ্বাস থেকে উদ্ভূত।
তাঁর আইনজীবী সাইদ ফায়েজের কার্যালয় জানিয়েছে, নভেম্বরের শুরুতে রাষ্ট্রপক্ষ সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করে আইনে নির্ধারিত সর্বোচ্চ শাস্তি আরোপের অনুরোধ করেছে। আবদেলরাজেকের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে ইসলামের প্রতি অবমাননা, অস্থিরতা উসকে দেওয়া ও মিথ্যা তথ্য ছড়ানো।
কপটিক সলিডারিটির তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়ার অভিযোগও আনা হয়েছে। সংগঠনটির মুখপাত্র লিন্ডসে রদ্রিগেজ ফক্স নিউজ ডিজিটালকে বলেন, আবদেলরাজেক ২০২৫ সালের জুলাই থেকে আটক রয়েছেন এবং প্রধানত নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়ার অভিযোগে সন্ত্রাসবাদ আদালতে তাঁর বিচার চলছে। এগুলো রাষ্ট্রপক্ষের অভিযোগ মাত্র, অপরাধ প্রমাণিত হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
রদ্রিগেজ জানান, আবদেলরাজেকের পক্ষের আইনজীবীরা ৮ ডিসেম্বর সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করবেন। ৩ নভেম্বরের শুনানিতে বিচারকের ধর্মীয় মন্তব্য হিসেবে যা বলা হচ্ছে, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে — একজন খ্রিস্টধর্ম গ্রহণকারী ব্যক্তি সত্যিই নিরপেক্ষ শুনানি পেতে পারেন কি না, সেই প্রশ্ন উঠেছে।
সমর্থকদের ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রপক্ষ এখনো সংশ্লিষ্ট সন্ত্রাসী সংগঠনটির নাম উল্লেখ করেনি, এবং মিশরে খ্রিস্টানদের সঙ্গে যুক্ত কোনো পরিচিত সন্ত্রাসী গোষ্ঠী তালিকাভুক্ত নেই। রদ্রিগেজ বলেন, শান্তিপূর্ণ ধর্মান্তর ও মতপ্রকাশকে সন্ত্রাসবাদ হিসেবে গণ্য করা উচিত নয়।
আবদেলরাজেকের বাগদত্তা সোফিয়া, যিনি অস্ট্রেলীয়-মিশরীয় নাগরিক, তাঁর মুক্তির জন্য সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন। তিনি ফক্স নিউজ ডিজিটালকে বলেন, তিনি তাঁর মুক্তির জন্য অনুনয় করছেন। চরম হুমকির কারণে তিনি নিজের পদবি ব্যবহার করতে রাজি হননি।
ফক্স নিউজ ডিজিটাল মন্তব্যের জন্য ওয়াশিংটন ডিসিতে মিশরের দূতাবাস ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছে।




