পশ্চিম তীরে বসতি নির্মাণকারী ইসরায়েলি কোম্পানির ওপর প্রথম নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের

অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণের পরিকল্পনাকারী ইসরায়েলি কোম্পানিগুলোর ওপর প্রথম দফার নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনা ধ্বংসকারী বসতি ঠেকানোর চেষ্টা করবেন বলে তিনি আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন।
মিলিব্যান্ড গাজায় ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার চেষ্টায় জড়িত একটি ডানপন্থী ইসরায়েলি কর্মী গোষ্ঠীর ওপরও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। ওই গোষ্ঠীটি গত মাসেও ত্রাণ আটকানোর চেষ্টায় জড়িত ছিল বলে জানানো হয়েছে।
পশ্চিম তীরের বড় ই১ বসতির দরপত্র ইসরায়েলি সরকারের বরাদ্দ দেওয়ার ঠিক আগে এই পদক্ষেপের ঘোষণা দেন মিলিব্যান্ড। একই সঙ্গে তিনি বলেন, নতুন একটি ইসরায়েলি সরকারের সঙ্গে আরও সহযোগিতামূলকভাবে কাজ করতে চান তিনি।
ইসরায়েলের সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী গাদি আইজেনকোট বলেছেন, নিয়োগ পেলে বসতি স্থাপনকারীদের সহিংসতার বিষয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর চেয়ে কঠোর অবস্থান নেবেন তিনি।
নিষেধাজ্ঞাগুলোর উদ্দেশ্য চিহ্নিত আটটি নির্মাণ কোম্পানির কাছে অর্থের প্রবাহ বন্ধ করা। তবে বাস্তবে এসব কোম্পানির কোনোটি ব্রিটিশ অর্থায়নের ওপর কতটা নির্ভরশীল, তা এখনো পরীক্ষা করা বাকি।
গত ৮ সেপ্টেম্বর মিলিব্যান্ড যুক্তরাজ্যের বৈশ্বিক মানবাধিকার নিষেধাজ্ঞা ব্যবস্থার সম্প্রসারণ ঘোষণা করেছিলেন। অবৈধ বসতি থেকে আসা পণ্যের বাণিজ্য নিষিদ্ধ করার লক্ষ্যে জটিল কিছু পদক্ষেপও তখন ঘোষণা করা হয়েছিল, যা এখনো বাস্তবায়িত হয়নি।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর বলেছে, বর্তমান ইসরায়েলি সরকার শুধু অবৈধ বসতিতে লাগাম টানতে অস্বীকৃতিই জানায়নি, বরং সেগুলোকে সহায়তা ও উৎসাহ দিয়েছে। এই ইসরায়েলি সরকারের চার বছরে আগের ২০ বছরের চেয়ে বেশি বসতি অনুমোদন পেয়েছে বলে দপ্তরটি জানিয়েছে।
নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু প্রতিষ্ঠানগুলো হলো ইসরায়েলি নির্মাণ, সম্পত্তি উন্নয়ন ও স্থাপত্য ব্যবসা প্রতিষ্ঠান, যেগুলো অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিতে আবাসন ও সরকারি অবকাঠামো পরিকল্পনা, নির্মাণ, সরবরাহ বা বিপণনে সহায়তা করেছে।
মিলিব্যান্ড বলেছেন, ‘দ্বি-রাষ্ট্র সমাধান রক্ষা করাই এই সরকারের দৃষ্টিভঙ্গির ধ্রুবতারা। তাই ই১ নিয়ে আমার বার্তা স্পষ্ট: দরপত্রে অংশ নেবেন না, নির্মাণ করবেন না, এবং দ্বি-রাষ্ট্র সমাধানের ধ্বংস থেকে মুনাফা করবেন না। আর যারা অত্যন্ত প্রয়োজনীয় ত্রাণ আটকে গাজার বেসামরিক মানুষের অসহনীয় দুর্ভোগ আরও গভীর করছে, আমরা তা চুপচাপ দেখব না। পশ্চিম তীর ও গাজার বর্তমান অবস্থা অগ্রহণযোগ্য।’
একই সঙ্গে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয়ের জন্য স্থায়ী শান্তি ও নিরাপত্তা এগিয়ে নিতে নতুন একটি ইসরায়েলি সরকার এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূভাবে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
মিলিব্যান্ড ও তাঁর মধ্যপ্রাচ্যবিষয়ক মন্ত্রী স্টিফেন ডাউটি বারবার গাজায় নানা ধরনের দ্বৈত-ব্যবহারের পণ্য ঢুকতে না দেওয়ার ইসরায়েলি সরকারের অস্বীকৃতির বিষয়টি তুলে ধরেছেন। পররাষ্ট্র দপ্তর বলেছে, গাজার বেসামরিক মানুষের শীতের সরবরাহ অত্যন্ত জরুরি; ভয়াবহ বন্যায় প্রায় ৪ হাজার পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে এবং ১৪ লাখ মানুষ তাঁবু বা অস্থায়ী আশ্রয়ে বাস করছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, মানবিক সহযোগী ও দাতাদের কেনা ১ লাখ ৫০ হাজারের বেশি তাঁবু এবং ৩ লাখ ত্রিপল গাজার বাইরে ঢোকার অপেক্ষায় রয়েছে, কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ সেগুলো আটকে রেখেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ কাঠ প্রবেশও আটকে রেখেছে, ফলে গাজায় কোনো জরুরি আশ্রয় কিট পাওয়া যাচ্ছে না।
ইসরায়েলি সরকারের দাবি, হামাস যাতে ইসরায়েলে হামলায় ব্যবহারযোগ্য জিনিস পেতে না পারে, সেজন্য কিছু পণ্য আটকানো প্রয়োজন। দ্বৈত-ব্যবহারের পণ্য ও গাজায় বন্ধ প্রবেশপথ নিয়ে এই বিরোধ দুই বছরের বেশি সময় ধরে চলছে।


