…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম লালমনিরহাট সফর বৃহস্পতিবার, তিস্তা মহাপরিকল্পনাসহ ছয় দাবি পূরণের অপেক্ষায় জেলাবাসী

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম লালমনিরহাট সফর বৃহস্পতিবার, তিস্তা মহাপরিকল্পনাসহ ছয় দাবি পূরণের অপেক্ষায় জেলাবাসী
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বৃহস্পতিবার লালমনিরহাটে আসছেন। প্রধানমন্ত্রী হিসেবে এটি তাঁর প্রথম লালমনিরহাট সফর। এই সফরে প্রধানমন্ত্রীর কাছ থেকে অন্তত ছয়টি দাবি পূরণের ঘোষণার অপেক্ষায় আছেন তিস্তা, ধরলা আর সানিয়াজান নদীবেষ্টিত জেলাটির বাসিন্দারা।

সফর ঘিরে প্রতিদিন পাড়া-মহল্লায় মিছিল করছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। দলীয় নেতা-কর্মী ও প্রশাসনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার লালমনিরহাট আসছেন তারেক রহমান। প্রিয় প্রধানমন্ত্রীকে বরণ করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলাবাসী। জেলাবাসীর নানা দাবি পূরণে প্রধানমন্ত্রী ঘোষণা দেবেন বলেও তিনি জানান।

জেলাবাসীর দাবিগুলোর মধ্যে সবার আগে রয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, যা তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি। বিগত সরকার তিস্তা মহাপরিকল্পনার স্বপ্ন দেখালেও তা কার্যকর করেনি বলে স্থানীয়দের অভিযোগ। তাই এই পরিকল্পনা বাস্তবায়নের আশায় রয়েছেন তিস্তাপাড়ের লাখো মানুষ।

এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরের আট জেলার মানুষ নানা কর্মসূচি পালন করেন। সেই আন্দোলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন। এ কারণে প্রধানমন্ত্রীর এই সফরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণার দাবি উঠেছে তিস্তাপাড়ে।

তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সম্পাদক শফিয়ার রহমান বলেন, প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী এই সফরে তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করবেন।

দ্বিতীয় দাবিটি লালমনিরহাট বিমানবন্দর নিয়ে। বিমানবন্দরটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং এটি চালু করার দাবি দীর্ঘদিনের। সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও আমলা ইতিমধ্যে কয়েক দফায় বিমানবন্দরটি পরিদর্শন করেছেন। সেটি পুনরায় চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনতে চায় এই অঞ্চলের মানুষ।

চরাঞ্চলে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলাও জেলাবাসীর দাবির তালিকায় রয়েছে। বিগত সরকারের সময় সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় এ জন্য জমি নির্বাচন করা হলেও তা আলোর মুখ দেখেনি। সেই জমিতে অর্থনৈতিক অঞ্চল করার বিষয়টি স্থানীয় বিএনপির সংসদ সদস্যের ইশতেহারেও ছিল। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সেই অর্থনৈতিক অঞ্চল ঘোষণার দাবি তুলছেন জেলাবাসী।

বুড়িমারী স্থলবন্দর নিয়েও দাবি রয়েছে ব্যবসায়ীদের। এই বন্দরে পাথর আমদানি ছাড়া তেমন কোনো পণ্যের ব্যবসা নেই। প্রথম দিকে ২০টির বেশি পণ্যের ব্যবসা থাকলেও নিষেধাজ্ঞায় অনেক পণ্যের আমদানি-রপ্তানি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে সম্ভাবনাময় এই বন্দরটিকে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। আগের মতো ব্যবসা-বাণিজ্যের প্রাণচাঞ্চল্য ফেরাতে প্রধানমন্ত্রীর ঘোষণার দিকে তাকিয়ে আছেন ব্যবসায়ীরা।

একই সঙ্গে বুড়িমারী মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবিও দীর্ঘদিনের। রেললাইন থাকলেও বন্দরের পণ্য পরিবহনে এখন ট্রেন নেই। একসময় অল্প খরচে পণ্যবাহী ট্রেনে বুড়িমারী স্থলবন্দরের পণ্য পরিবহন করা হতো; সেই পণ্যবাহী ট্রেন পুনরায় চালুর দাবি উঠেছে। এ ছাড়া বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট থেকে যাত্রা শুরু না করে বুড়িমারী থেকে যাত্রা শুরু করবে—এমন ঘোষণা প্রধানমন্ত্রীর কাছ থেকে চান স্থানীয়রা।

ভুট্টা লালমনিরহাটের ব্র্যান্ডিং পণ্য হলেও ভুট্টাজাত কারখানা প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিন ধরে পূরণ হয়নি। কৃষির উন্নতির জন্য ভুট্টাজাত কারখানা তিস্তা চরাঞ্চলের এই জেলায় করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। স্বল্প মজুরির শ্রমিকের জন্য পরিচিত চরাঞ্চলে শিল্পকারখানা প্রতিষ্ঠার দাবি তুলেছেন তিস্তাপাড়ের মানুষ।

লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান বলেন, প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তাঁকে বরণ করতে জেলাবাসী প্রস্তুত রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

গ্লোবাল শিল্ড কর্মসূচিতে প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান পাচ্ছে বাংলাদেশ, জানালেন ড. সাইমুম পারভেজ

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের আর্থিক ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় অন্তত ৩০ মিলিয়ন ইউরো বা প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান পে…

টুঙ্গিপাড়ায় থানায় আগুনের পর এমপি এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
জাতীয়

টুঙ্গিপাড়ায় থানায় আগুনের পর এমপি এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় আগুন দেওয়ার পর গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জি…

রাজধানীতে এক রাতে পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
জাতীয়

রাজধানীতে এক রাতে পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

রাজধানীর পল্লবী ও মহাখালী এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত পৌনে ৯টা থেকে সাড়ে ৯টার ভেতরে এসব আগুনের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাব…

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের টিনশেড বাসভবনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস
জাতীয়

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের টিনশেড বাসভবনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস

গাজীপুর শহরের জোরপুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ…