যুক্তরাষ্ট্রে অক্টোবরে খুচরা বিক্রি বেড়েছে মাত্র ০.২ শতাংশ, বেশি দামে সতর্ক ক্রেতারা

যুক্তরাষ্ট্রে অক্টোবরে ক্রেতাদের খরচ আগের মাসের তুলনায় ধীরগতিতে বেড়েছে। অর্থনৈতিক অনিশ্চয়তা ও বেশি দামের কারণে অনেক আমেরিকান অর্থ খরচে আরও সতর্ক হয়ে উঠেছেন বলে মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে।
দেশটির বাণিজ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে খুচরা বিক্রি বেড়েছে ০ দশমিক ২ শতাংশ। সেপ্টেম্বরে এই বৃদ্ধি ছিল সংশোধিত ০ দশমিক ৮ শতাংশ।
গ্যাস স্টেশনের ব্যবসা বাদ দিলে অক্টোবরে খুচরা বিক্রি বেড়েছে ০ দশমিক ১ শতাংশ। মধ্যপ্রাচ্য থেকে রপ্তানির প্রবাহ বাড়ায় তেলের দামে অস্থিরতা দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গ্যাস স্টেশনগুলোতে বিক্রি গত মাসে বেড়েছে ১ দশমিক ৫ শতাংশ। বাণিজ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে এই খাতে বিক্রি আগের মাসের তুলনায় ৩০ দশমিক ৩ শতাংশ বেড়েছিল।
মোটর ক্লাব এএএর হিসাবে, মঙ্গলবার নিয়মিত পেট্রলের গড় দাম গ্যালনপ্রতি কমে ৩ ডলার ৭৮ সেন্টে নেমেছে, যা এক মাস আগের এই সময়ের তুলনায় ১২ শতাংশ কম। তবে দামটি এখনো গত বছরের এই সময়ের তুলনায় বেশি; তখন এক গ্যালনের দাম ছিল ৩ ডলারের কাছাকাছি।
বাণিজ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন পণ্য খাতে খরচের চিত্র ছিল মিশ্র। আসবাব ও গৃহসজ্জার দোকানে ব্যবসা কমেছে ২ দশমিক ৩ শতাংশ, পোশাক ও আনুষঙ্গিক দোকানে কমেছে ০ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে অনলাইন খুচরা বিক্রেতাদের ব্যবসা বেড়েছে ১ দশমিক ২ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়েছে, এই তথ্য ভোক্তা খরচের একটি আংশিক চিত্র মাত্র; এতে ভ্রমণ ও হোটেলে থাকার মতো খরচ অন্তর্ভুক্ত নয়। সেবা খাতের একমাত্র শ্রেণি হিসেবে থাকা রেস্তোরাঁয় বিক্রি বেড়েছে ০ দশমিক ২ শতাংশ। খুচরা বিক্রির এই প্রতিবেদন এসেছে এমন সময়ে, যখন নতুন তথ্যে গত মাসে মূল্যস্ফীতি আমেরিকানদের ওপর আরও চাপ বাড়িয়েছে বলে দেখা গেছে।




