ইসরায়েলের নির্বাচন ঘিরে সামাজিক মাধ্যমে আরববিরোধী ঘৃণামূলক বক্তব্য বেড়েছে ৪০০ শতাংশের বেশি: প্রতিবেদন
গত মাসে ইসরায়েলের সাধারণ নির্বাচন ঘিরে সামাজিক মাধ্যমে আরববিরোধী ঘৃণামূলক বক্তব্য তীব্রভাবে বেড়েছে বলে ডিজিটাল পর্যবেক্ষকেরা জানিয়েছেন। একই সময়ে বেনিয়ামিন নেতানিয়াহুসহ রাজনীতিকেরা আরব ইসরায়েলি দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির প্রমাণহীন অভিযোগ তুলেছিলেন।
ইসরায়েলভিত্তিক ব্র্যান্ডাইস ইনস্টিটিউট এবং ফেকরিপোর্টারের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ অক্টোবরের নির্বাচনের আশপাশের দিনগুলোতে এক্স, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকসহ সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলোতে আরববিরোধী বক্তব্যের ঢল নামে।
ফেকরিপোর্টারের বিশ্লেষণ অনুযায়ী, নির্বাচনের দিন ২৭ অক্টোবর থেকে ২৯ অক্টোবরের মধ্যে এক্সে আরববিরোধী মনোভাব ৪০০ শতাংশের বেশি বেড়েছে। একই ধরনের বিষয়বস্তু ফেসবুকসহ অন্যান্য প্ল্যাটফর্মেও ছড়িয়েছে।
গত মাসের নির্বাচনে আরব-সংখ্যাগরিষ্ঠ দলগুলো ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ১৯টি আসন জিতেছে, যা তাদের সম্ভাব্য কিংমেকার অবস্থানে রাখতে পারে। বিরোধী নেতা গাদি আইজেনকটকে নেতানিয়াহুর ধর্মীয়-জাতীয়তাবাদী সরকারের বিকল্প জোট গঠনের চেষ্টা করতে আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, পোস্টগুলো মূলত তিনটি বার্তা ছড়িয়েছে, যার প্রথমটি হলো জালিয়াতি, ভোট কেনা ও বিদেশি হস্তক্ষেপের মাধ্যমে 'আরবরা নির্বাচন চুরি করেছে' এমন অভিযোগ। ইসরায়েলের নির্বাচন কমিশন আগেই প্রকাশ্যে এমন দাবি প্রত্যাখ্যান করেছিল। পোস্টগুলোতে আরব নাগরিকদের নিরাপত্তা হুমকি হিসেবেও তুলে ধরা হয়েছে এবং তাদের ভোটাধিকার সীমিত করার আহ্বান জানানো হয়েছে।
সবচেয়ে বেশি দেখা পোস্টগুলোর কয়েকটি এসেছে শীর্ষ ইসরায়েলি কর্মকর্তাদের কাছ থেকে এবং নেতানিয়াহুর 'তারা ইসরায়েলে নির্বাচন চুরি করেছে!' পোস্টটি ১২ লাখ বার দেখা হয়েছে। কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের আরব রাজনৈতিক দলগুলোর প্রধানদের নিয়ে করা একটি পোস্টও ৩ লাখ ৫০ হাজারের বেশি বার দেখা হয়েছে।
ফেকরিপোর্টার বলেছে, আরববিরোধী ঘৃণামূলক বক্তব্যের বড় অংশই নেতানিয়াহুর রাজনৈতিক ব্লকের রাজনীতিকদের দ্বারা উসকে দেওয়া হয়েছে। তাদের বিশ্লেষণে বলা হয়েছে, 'বলা যায়, নির্বাচনের পর আরব নাগরিকদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ছড়ানোর ক্ষেত্রে তাঁরাই বড় ভূমিকা পালন করেছেন।'
ইসরায়েলের আরব নাগরিকেরা, যাদের অধিকাংশই ফিলিস্তিনি, দেশটির জনসংখ্যার ২১ শতাংশ। হামাসের নেতৃত্বে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা এবং এরপর ইসরায়েলের গাজা যুদ্ধের পর থেকে আরব রাজনৈতিক নেতারা ক্রমবর্ধমান উসকানিমূলক আক্রমণ ও দ্বৈত আনুগত্যের অভিযোগের মুখোমুখি হয়েছেন।
নির্বাচনের আগে ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি দেশটির দুটি প্রধান আরব-সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক তালিকাকে নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়ার পক্ষে ভোট দিয়েছিল, যা পরে ইসরায়েলের সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়।
গত সপ্তাহে আইজেনকট দেশটির আরব নাগরিকদের বিরুদ্ধে যাকে তিনি 'বর্ণবাদী ও আক্রমণাত্মক অবৈধকরণের প্রচার' বলেছেন, তার নিন্দা জানান।
ব্র্যান্ডাইস ইনস্টিটিউট ও ফেকরিপোর্টার ৪ নভেম্বর গুগল, মেটা, টিকটক ও এক্সকে চিঠি পাঠিয়ে তাদের প্ল্যাটফর্মে ইসরায়েলের আরব নাগরিকদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্যের বিস্তার বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। শুধু গুগলই জবাব দিয়েছে, তারা বলেছে ইসরায়েলের নির্বাচন কোম্পানিটির জন্য 'প্রায়োরিটি ০' এবং নির্বাচন ঘিরে ট্র্যাফিক পর্যবেক্ষণে তারা বিশেষ সম্পদ নিয়োজিত করেছে, তবে কেন্দ্রীয় নির্বাচন কমিটি অতিরিক্ত মডারেশন পদ্ধতির জন্য কোনো অনুরোধ করেনি।


