মঙ্গলে ‘আলুর চিপস’ আকৃতির রহস্যময় গঠন খতিয়ে দেখছে নাসার কিউরিওসিটি

মঙ্গল গ্রহে ‘আলুর চিপস’ আকৃতির অস্বাভাবিক গঠন কীভাবে তৈরি হলো এবং সেগুলো কী দিয়ে গঠিত, তা খতিয়ে দেখছেন নাসার বিজ্ঞানীরা।
নাসার ‘কিউরিওসিটি’ ব্লগে ১১ নভেম্বর এ তথ্য জানানো হয়। ২০১২ সাল থেকে মঙ্গল অন্বেষণে থাকা কিউরিওসিটি রোভার গত সপ্তাহে ‘নাজকা’ নামে পরিচিত একটি স্থানে ড্রিলিং অভিযানের সময় গঠনগুলো পরীক্ষা করে।
নাজকা ড্রিল স্থানটি মঙ্গলের এমন একটি এলাকায়, যেখানে শিলাস্তরে চাকতি আকৃতির বৈশিষ্ট্য আগেই লক্ষ্য করা গেছে। নাসার ব্লগে বলা হয়েছে, এলাকাটির শিলাস্তরে চাকতি আকৃতির, উদারভাবে বললে আলুর চিপস আকৃতির, স্ফটিক গঠন রয়েছে।
মঙ্গলের শিলাস্তরের ছবিতে পাথরের মধ্যে গেঁথে থাকা অনিয়মিত, কুঁকড়ানো গঠন দেখা গেছে, যার কয়েকটির আকৃতি আলুর চিপসের মতো।
নাসা জানিয়েছে, তাদের অন্যতম প্রধান লক্ষ্য হলো এই চিপস আকৃতির বৈশিষ্ট্যগুলোকে আরও ভালোভাবে চিহ্নিত করা।
নাজকা ড্রিল গর্ত থেকে সংগৃহীত নমুনা কিউরিওসিটির ‘স্যাম্পল অ্যানালাইসিস অ্যাট মার্স’ (স্যাম) যন্ত্রে পাঠানো হয়েছে, যা রোভারের ভেতরে থাকা একটি পরীক্ষাগার এবং মঙ্গলের নমুনার রাসায়নিক গঠন বিশ্লেষণের জন্য তৈরি।
এ ছাড়া রোভারটির লেজারযুক্ত কেমক্যাম যন্ত্র দিয়ে ‘কোলকা’ নামের একটি স্ফটিক আকৃতির গঠন পরীক্ষা করে তার রাসায়নিক গঠন সম্পর্কে তথ্য সংগ্রহের পরিকল্পনা ছিল।
বিজ্ঞানীরা রোভারের রোবটিক বাহুতে লাগানো ক্যামেরা ‘মার্স হ্যান্ড লেন্স ইমেজার’ (মাহলি) দিয়ে সাদা আলো ও অতিবেগুনি এলইডি বাতি ব্যবহার করে রাতে স্ফটিক গঠনগুলোর ছবি তোলারও পরিকল্পনা করেন।
নাসার ব্লগে বলা হয়েছে, প্রতিটি সোলে কেমক্যাম লিবস পর্যবেক্ষণের পরিকল্পনা ছিল, যার মধ্যে ছিল একগুচ্ছ স্ফটিক গঠন, নাজকা ব্লকের পাশের একটি প্রতিরোধী স্তর এবং একটি গাঢ় ভাসমান পাথর।
এরপর রোভারটির নাজকা ড্রিল স্থান ছেড়ে দক্ষিণমুখী পথে ফিরে মঙ্গল অন্বেষণ চালিয়ে যাওয়ার কথা ছিল, যা ছিল শুক্রবারের পরিকল্পনার অংশ।



