পশ্চিম তীরে বসতি নির্মাণে জড়িত আটটি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

অধিকৃত পশ্চিম তীরে বসতি নির্মাণে জড়িত বলে অভিযোগ করা প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির সরকার বলেছে, এটি হলো ওই ভূখণ্ডে ইসরায়েলের কর্মকাণ্ডের বিষয়ে কঠোর অবস্থান ঘোষণার পর নেওয়া প্রথম পদক্ষেপের প্যাকেজ।
সরকার জানিয়েছে, আটটি নির্মাণ ও সম্পত্তি উন্নয়ন প্রতিষ্ঠানের ওপর দেওয়া এই নিষেধাজ্ঞা তাদের অর্থপ্রবাহ ব্যাহত করবে এবং পশ্চিম তীরে নির্মাণকাজে সহায়তা করার সক্ষমতা কমিয়ে দেবে।
আন্তর্জাতিক আইনে অবৈধ হিসেবে বিবেচিত বসতিগুলোর নির্মাণ সাম্প্রতিক বছরগুলোতে তীব্রভাবে বেড়েছে। একই সঙ্গে ফিলিস্তিনি ও তাদের সম্পত্তির ওপর বসতি স্থাপনকারীদের হামলাও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এই ঘোষণা নিয়ে ইসরায়েল এখনো কোনো মন্তব্য করেনি। তবে এর আগে পশ্চিম তীরের বসতি সংক্রান্ত যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার নিন্দা করেছে দেশটি এবং লেবার সরকারের বিরুদ্ধে ‘পদ্ধতিগতভাবে ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করার’ অভিযোগ তুলেছে।
অন্যদিকে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাজ্যের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।
নিষেধাজ্ঞার এই ঘোষণা এসেছে জেরুজালেমের পূর্বে অবস্থিত অত্যন্ত সংবেদনশীল ই১ এলাকায় নির্মাণের দরপত্র জমা দেওয়ার সময়সীমার মাত্র দুই দিন আগে।
ই১ এলাকার পরিকল্পনা আন্তর্জাতিকভাবে নিন্দিত হয়েছে। বাস্তবায়িত হলে এটি কার্যত পশ্চিম তীরকে দুই ভাগে ভাগ করে ফেলবে এবং পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন করে দেবে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেছেন, ই১ উন্নয়ন ‘ফিলিস্তিনের হৃদয় ভেদ করে’ গিয়ে দ্বিরাষ্ট্র সমাধানকে ‘অকার্যকর’ করে তুলবে।
নিষেধাজ্ঞার তালিকায় ইসরায়েলি আন্দোলনকারী গোষ্ঠী জাভ ৯-ও রয়েছে। যুক্তরাজ্য সরকারের ভাষ্য, এই গোষ্ঠী গাজায় ত্রাণ প্রবেশ ঠেকাতে অবরোধ সংগঠিত ও বাস্তবায়ন করেছে।
গত মাসে যুক্তরাজ্য তার মানবাধিকার নিষেধাজ্ঞা ব্যবস্থা সম্প্রসারণ করেছে, যাতে বিশ্বের যেকোনো জায়গায় আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দেওয়া যায়। সরকার ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করা এবং যুক্তরাজ্যে বসতির সম্পত্তির বিজ্ঞাপন সেবা দেওয়া নিষিদ্ধ করার জন্য আলাদা আইনও তৈরি করছে।
মিলিব্যান্ড বলেছেন, ‘দ্বিরাষ্ট্র সমাধান রক্ষা করাই এই সরকারের দৃষ্টিভঙ্গির ধ্রুবতারা। সে কারণেই ই১ নিয়ে আমার বার্তা স্পষ্ট: দরপত্র দেবেন না, নির্মাণ করবেন না এবং দ্বিরাষ্ট্র সমাধান ধ্বংস করে মুনাফা করবেন না।’ তিনি আরও বলেন, ‘পশ্চিম তীর ও গাজায় বিদ্যমান অবস্থা অগ্রহণযোগ্য।’
গত সেপ্টেম্বরে যুক্তরাজ্য সরকার ঘোষণা করেছিল, ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করা হবে এবং বসতি সম্প্রসারণে সেবা দেওয়া প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তখন মিলিব্যান্ড বলেছিলেন, এই পদক্ষেপ ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের বিষয়ে একটি ‘নতুন দৃষ্টিভঙ্গির’ সূচনা, যা ‘শুধু অন্যায় ও দুর্ভোগের কথা বলে না, বরং কাজও করে’।
সেই ঘোষণার পর ইসরায়েল তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে প্রতিশোধ হিসেবে পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে দেওয়ার কথা বলেছিল। গত মাসে ওই কনস্যুলেট থেকে অধিকাংশ কূটনীতিক চলে গেলেও যুক্তরাজ্য বলেছে, ভবনটি বন্ধ হচ্ছে না এবং এটি ‘যুক্তরাজ্যের মিশন’ হিসেবে কাজ করবে।
১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখলের পর থেকে ইসরায়েল প্রায় ১৬০টি বসতি গড়ে তুলেছে, যেখানে প্রায় ৭ লাখ ইহুদি বসবাস করেন। তাদের পাশাপাশি প্রায় ৩৩ লাখ ফিলিস্তিনি বসবাস করেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলার পর শুরু হওয়া গাজা যুদ্ধের পর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে।



