ফারাক্কার পর পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী: রিভারাইন পিপলের গবেষণা
উজানে ফারাক্কা বাঁধ চালুর আগের তুলনায় এখন পদ্মার পানির প্রবাহ ৮০ শতাংশ কমে গেছে। প্রায় মৃত হয়ে পড়েছে ১০টি নদ-নদী। নদী নিয়ে কাজ করা সংগঠন রিভারাইন পিপলের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
ভারতের পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদে আন্তঃসীমান্ত নদীর গতিপথে নির্মিত এই বাঁধ পদ্মাসহ এর শাখা নদ-নদীর ওপর বিরূপ প্রভাব ফেলেছে। ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি সরিয়ে নেওয়ায় পদ্মায় চর জেগেছে।
শুকিয়ে মরে গেছে পদ্মার উৎস থেকে সৃষ্ট পাগলা, মহানন্দা, পুনর্ভবা ও বড়াল নদী। মৃতপ্রায় অবস্থায় আছে কপোতাক্ষ, ভৈরব, মাথাভাঙ্গা ও কুমার নদ। কপোতাক্ষ নদের কোথাও হাঁটুপানি, কোথাও পানিই নেই। যেটুকু হাঁটুপানি দেখা যায়, তা বৃষ্টির পানি; গঙ্গা থেকে আর পানি আসে না।
পানি সংকটে ক্ষতিগ্রস্ত শাখা নদীগুলোর একটি বড়াল। রাজশাহী থেকে ভাটিতে চারঘাটে বড়াল নদীর উৎসমুখ। উৎসমুখে বিশাল চর জেগেছে, সেখানে পানির প্রবাহ নেই। বড়ালের দুই পাশে চর পড়ে উঁচু হয়ে গেছে, মাঝখানে রয়ে গেছে সরু নালার মতো অংশ।
পদ্মা থেকে রাজশাহী ও নাটোর হয়ে বড়াল নদীর গতিপথ যমুনা পর্যন্ত বিস্তৃত। চারঘাট এলাকার শিক্ষক মোহাম্মদ রেজাউল করীম এই নদীর জীবন-মৃত্যুর সাক্ষী; তিনি এই নদীতে বড় বড় নৌকা চলতে দেখেছেন বলে জানান।
পানি বিশেষজ্ঞরা বলছেন, ফারাক্কা বাঁধের নির্মাণকাজ শুরু হয় ১৯৬১ সালে এবং শেষ হয় ১৯৭৫ সালে। ২ হাজার ২৪০ মিটার লম্বা এই বাঁধের কারণে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক পরিবেশগত ও সামাজিক পরিবর্তন ঘটেছে। বিতর্কিত এই বাঁধের কারণে বহু নদীর মৃত্যু, জীবন-জীবিকা ও জীববৈচিত্র্যের ক্ষতিসহ বহুমাত্রিক প্রভাব বিবেচনায় বাংলাদেশে, এমনকি ভারতের কিছু অংশেও এর জোরালো বিরোধিতা রয়েছে।
অর্ধশতাব্দী ধরে ফারাক্কা নিয়ে বাংলাদেশের প্রধান অভিযোগ, এই বাঁধের ফলেই প্রমত্তা পদ্মার বুকে বিশাল চর জেগেছে এবং নদীর গতিপথ সংকীর্ণ হয়ে গেছে। শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে ভারত পানি সরিয়ে নেওয়ায় পদ্মায় মারাত্মক পানি সংকট তৈরি হচ্ছে। সব মিলিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে বাংলাদেশের প্রধান এই নদী।
অন্যদিকে ভারত বরাবর যুক্তি দিয়ে এসেছে, কলকাতা বন্দরকে রক্ষার জন্য ফারাক্কা ছাড়া কোনো উপায় ছিল না। কয়েক বছর আগে ফারাক্কা ব্যারাজ ভেঙে দেওয়ার দাবি তুলেছিল বিহার সরকারও। রাজ্যটির অভিযোগ, ফারাক্কার কারণে প্রতি বছর তাদের বন্যায় ডুবতে হয়। ফারাক্কার উজানে ও ভাটিতে গঙ্গার ভাঙনও ওই এলাকার মানুষের জন্য বড় সমস্যা।
স্প্রিঙ্গার নেচারের ডিসকাভার ওয়াটার জার্নালে প্রকাশিত মো. ইমরান হোসেনের ২০২৬ সালের জুনের গবেষণায় বলা হয়েছে, উজানের পানি প্রত্যাহার বাংলাদেশের প্রায় এক-তৃতীয়াংশ ভূখণ্ডের কৃষি কার্যক্রম, মাটির উর্বরতা ও মৎস্যসম্পদের ওপর বিরূপ প্রভাব ফেলছে। বৃহত্তর কৃষি খাতে বছরে প্রায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতির একটি হিসাব এতে উল্লেখ করা হলেও গবেষণায় বলা হয়েছে, এর পুরোটাই এককভাবে ফারাক্কার কারণে ঘটছে এমন নয়; এর সঙ্গে অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবও জড়িত।
নিউজিল্যান্ডের গবেষক এম এম কিউ মির্জার ১৯৯৮ সালের গবেষণায় গঙ্গার পানি প্রত্যাহারের ফলে গড়াই অববাহিকায় লবণাক্ততা বৃদ্ধির বিষয়টি উঠে এসেছিল। গবেষণার সূত্রে আরও উল্লেখ করা হয়েছে, লবণাক্ততায় ধানের আঞ্চলিক ফলন সর্বোচ্চ হ্রাস পেয়েছে বোরোতে ৮৬ শতাংশ এবং আমনে ৭১ শতাংশ।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ১৯৭১-৭২ অর্থবছরে দেশে ধান উৎপাদন ছিল প্রায় ১ কোটি ২৫ লাখ থেকে ১ কোটি ৫৯ লাখ টন, যা ২০২৩-২৪ অর্থবছরে বেড়ে প্রায় ৪ কোটি ৬ লাখ টনে উন্নীত হয়েছে। আধুনিক বীজ, সার ও সেচ ব্যবস্থার কারণে এই উৎপাদন বেড়েছে। গবেষকদের মতে, মূল প্রশ্ন হলো, উজানের পানিপ্রবাহের অস্বাভাবিক হ্রাস ও লবণাক্ততা না ঘটলে এই উৎপাদন আরও কত বেশি হতে পারত।
এশীয় প্রবৃদ্ধি গবেষণা ইনস্টিটিউট ও জাতিসংঘের উন্নয়ন গবেষণার সাবেক প্রধান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, এ যাবৎ অভিন্ন নদ-নদী নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যে আলোচনা হয়েছে, তা হয়েছে নদ-নদীর প্রতি বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির আলোকে। এই দৃষ্টিভঙ্গিতে নদ-নদীর প্রাকৃতিক ভূমিকা গুরুত্ব পায় না। তাঁর মতে, প্রতিটি নদ-নদী স্বীয় উপত্যকায় একটি নিজস্ব বাস্তুতন্ত্রের জন্ম দেয় এবং তাকে টিকিয়ে রাখে; নদীর প্রাকৃতিক ভূমিকা ক্ষতিগ্রস্ত হলে দীর্ঘ মেয়াদে নদ-নদীর বাণিজ্যিক ও অর্থনৈতিক ভূমিকাও ক্ষতিগ্রস্ত হয়।
পদ্মা তীরবর্তী অঞ্চলের প্রবীণদের ভাষ্য, আগে নদীতে অনেক স্রোত ছিল, নদী বড় ছিল; এখন পুরোটাই চর। বাঁধ না থাকার সময় পানির বেগ ও স্রোত এত তীব্র ছিল যে নদীর এক পাড়ে নৌকা ভেড়াতে চারজন লোকও ঘাবড়ে যেতেন। এখন শুধু ডাঙা দেখা যায়।
পদ্মায় জেলেদের অভিযোগ, নদীর পানি কমে যাওয়ায় মাছও আগের মতো পাওয়া যায় না। অতীতে যেসব মাছ ধরা পড়ত, এখন আর তা ধরা পড়ে না। অনেকে তাই মাছ ধরার পেশা ছেড়ে দিয়েছেন।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেছেন, গড়াই নদী পদ্মার অন্যতম গুরুত্বপূর্ণ শাখানদী। এই নদী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদ-নদী ও সুন্দরবনে মিঠাপানির প্রবাহ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা বলেন, গড়াই নদীতে মোট ৪৪ কিলোমিটার চর পড়ে গিয়েছিল; বর্তমানে ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে নদীটিকে সচল রাখা হচ্ছে। কুষ্টিয়ায় ১১টি নদী আছে এবং এই নদীগুলো পদ্মা ও গড়াই নদীর সঙ্গে যুক্ত। পদ্মায় একেবারেই পানি না পাওয়া গেলে এই নদীগুলো মৃতপ্রায় হয়ে যাবে।
নদ-নদীর পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের বড় দুশ্চিন্তা গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প নিয়ে। বাংলাদেশের সবচেয়ে বড় এই সেচ প্রকল্প সম্পূর্ণ পদ্মার পানির ওপর নির্ভরশীল। চারটি জেলার প্রায় এক লাখ হেক্টর জমিতে সেচের জন্য ষাটের দশকে এই সেচ ব্যবস্থা গড়ে তোলা হয়। ফারাক্কা বাঁধের কারণে বিভিন্ন সময়ে পানি সংকটে সেচ প্রকল্প বন্ধ রাখতে হচ্ছে।



