…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

ওসমান ফারুকের পদত্যাগে করিমগঞ্জ-তাড়াইলে বিএনপিতে মিশ্র প্রতিক্রিয়া: কেউ ক্ষুব্ধ, কেউ বলছেন সঠিক সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. ওসমান ফারুকের পদত্যাগে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দলের একাংশ তাঁর আকস্মিক পদত্যাগে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

ক্ষুব্ধ অংশের অভিযোগ, নেতাকর্মীদের সঙ্গে কোনো আলোচনা না করেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে দলের আরেকটি অংশ তাঁর পদত্যাগকে সঠিক সিদ্ধান্ত বলে মনে করছে। তাদের মতে, বয়স ও অসুস্থতার কারণে এলাকায় সময় দিতে না পারায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আগে থেকেই হতাশা তৈরি হয়েছিল।

করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল বলেন, নির্বাচনের পর তাঁরা আশা করেছিলেন ড. ওসমান ফারুক গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। কিন্তু তাঁকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। মন্ত্রিত্ব না পাওয়ার হতাশার কথা তিনি মাঝেমধ্যে স্থানীয় নেতাকর্মীদের কাছে প্রকাশ করতেন।

আজিজুল ইসলাম দুলাল বলেন, ‘আমরা তাঁর হতাশার বিষয়টি জানতাম। তবে আমাদের না জানিয়ে তিনি পদত্যাগ করবেন, তা কখনো ভাবিনি।’

করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি আশরাফ হোসেন পাভেল বলেন, ‘অনেক আশা-ভরসা নিয়ে দিনরাত পরিশ্রম করে নেতাকর্মীরা তাঁকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন। তাঁর জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। কিন্তু পদত্যাগের বিষয়ে তিনি একবারের জন্যও আমাদের সঙ্গে আলোচনা করেননি। তাঁর অসুস্থতা বা অন্য কোনো হতাশা থাকলে অন্তত নেতাকর্মীদের সঙ্গে কথা বলা উচিত ছিল। কাউকে কিছু না জানিয়ে হঠাৎ পদত্যাগ করায় আমরা মর্মাহত ও ব্যথিত হয়েছি।’

করিমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল শিকদার বলেন, করিমগঞ্জ ও তাড়াইলের মানুষ এলাকার উন্নয়নের প্রত্যাশায় তাঁকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছিলেন। তাঁকে ঘিরে স্থানীয় মানুষের অনেক প্রত্যাশা ছিল। কিন্তু পদত্যাগের বিষয়ে তিনি কারও সঙ্গে যোগাযোগ করেননি। এমনকি তাঁর অসুস্থতার বিষয়েও পরিষ্কার করে কিছু জানাননি।

আব্দুল মান্নান দুলাল শিকদার আরও বলেন, ‘তাঁর মধ্যে হতাশা ছিল। আগে তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। এখন সংসদে পেছনের সারিতে বসে থাকতে হয়, দলে তাঁর মূল্যায়ন নেই, এসব কারণেই তিনি পদত্যাগ করেছেন বলে আমাদের ধারণা। আমাদের সঙ্গে কথা বলে পদত্যাগ করলে অন্তত কিছুটা সান্ত্বনা পেতাম।’

তবে স্থানীয় বিএনপির আরেকটি অংশ ওসমান ফারুকের পদত্যাগকে ইতিবাচক হিসেবে দেখছে। এই অংশের নেতাদের দাবি, ওসমান ফারুক একজন সৎ রাজনীতিবিদ হলেও বয়স ও শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালনে সীমাবদ্ধতা তৈরি হয়েছিল। তাঁর বয়স ৮৬ বছর। বয়সের কারণে স্মৃতিশক্তিও কিছুটা কমে গিয়েছিল বলে তাঁদের দাবি। অনেক নেতাকর্মীকে তিনি ঠিকমতো চিনতে পারতেন না। নির্বাচনের পর তিনি এলাকায় মাত্র দু-একবার গিয়েছিলেন। এতে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়।

এই অংশের নেতাকর্মীদের অভিযোগ, ওসমান ফারুকের অনুপস্থিতিতে তাঁর চাচাতো ভাই ও ব্যক্তিগত সহকারী মেজবাহ উদ্দিন টুটুল এলাকার উন্নয়নসহ সার্বিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। এ সুযোগে টুটুল নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলে তাঁদের অভিযোগ। এসব বিষয়কে কেন্দ্র করে স্থানীয় বিএনপিতে কোন্দল ও বিভক্তি তৈরি হয়।

করিমগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ও বিএনপিকর্মী তাজুল ইসলাম বলেন, ‘ওসমান ফারুক স্যারের প্রতি আমরা কৃতজ্ঞ। তিনি সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর শারীরিক সীমাবদ্ধতার কারণে করিমগঞ্জ ও তাড়াইলে যে ব্যক্তিগত সহকারী (পিএস) সিন্ডিকেট গড়ে উঠেছিল, তাঁর পদত্যাগের মধ্য দিয়ে সেটির অবসান হলো। আমরা তাঁর শারীরিক সুস্থতা কামনা করি।’

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মেজবাহ উদ্দিন টুটুল। মন্ত্রিত্ব না পাওয়ায় ওসমান ফারুকের মধ্যে কোনো হতাশা ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, মন্ত্রিত্ব না পাওয়া নিয়ে তাঁর কোনো হতাশা ছিল না। বরং তিনি বলতেন, ‘আমার বয়স হয়েছে, মন্ত্রিত্ব না দেওয়ায় ভালোই হয়েছে।’ টুটুলের দাবি, ওসমান ফারুকের পদত্যাগের একমাত্র কারণ তাঁর শারীরিক অসুস্থতা।

তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম বলেন, ‘সংসদ সদস্য ওসমান ফারুকের পদত্যাগে করিমগঞ্জ ও তাড়াইলের বিএনপির নেতাকর্মীরা খুবই হতাশ হয়েছেন। তবে তাঁর বয়স হয়েছিল, তিনি অসুস্থ ছিলেন এবং এলাকায় আসতে পারতেন না। এখন আর কী করার আছে! যা হওয়ার হয়ে গেছে।’ নির্বাচনের পর সংসদ সদস্যকে এলাকায় কতবার পেয়েছেন জানতে চাইলে সারোয়ার আলম বলেন, তিনি দুবার এলাকায় এসেছিলেন, এরপর আর আসেননি।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট জালাল মো. গাউসও পদত্যাগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি নিজেও এই আসন থেকে প্রার্থী ছিলাম। কিন্তু দলের সিদ্ধান্ত মেনে তাঁর হয়ে মনপ্রাণ দিয়ে নির্বাচন করেছি। দিনরাত পরিশ্রম করেছি। অথচ তিনি হঠাৎ পদত্যাগ করে ফেললেন, একবারও কারও সঙ্গে পরামর্শ করলেন না। বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছি না।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা, নিহত দুই নেতা শাহীন ও সোহেল শেখ

নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যরা। হামলায় দলটির দুই নেতা নিহত হয়েছেন। আহত…

রাজনীতি

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে গণতন্ত্র ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে: সংসদের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্র ধীরে ধীরে একটি শক্তিশালী রূপ ধারণ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভে…

রাজনীতি

এটি মজলুমের সংসদ, এখানে কোনো লুকোচুরি চলবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমির শফিকুর রহমান

বর্তমান জাতীয় সংসদকে ‘মজলুমের সংসদ’ ও ‘ফ্যাসিবাদবিরোধী সংসদ’ হিসেবে আখ্যায়িত করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, …

খুলনায় পাড়া-মহল্লায় রাতভর পাহারায় বিএনপি, লকডাউনের আগে মাওয়া রুটে বন্ধ ঢাকাগামী পরিবহন
রাজনীতি

খুলনায় পাড়া-মহল্লায় রাতভর পাহারায় বিএনপি, লকডাউনের আগে মাওয়া রুটে বন্ধ ঢাকাগামী পরিবহন

খুলনার পাড়া-মহল্লায় রাতভর পাহারা দিচ্ছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ বুধবার সন্ধ্যার পর থেকে মোটরসাইকেলের বহর নিয়ে নগরীর বিভিন্…