খুলনায় পাড়া-মহল্লায় রাতভর পাহারায় বিএনপি, লকডাউনের আগে মাওয়া রুটে বন্ধ ঢাকাগামী পরিবহন

খুলনার পাড়া-মহল্লায় রাতভর পাহারা দিচ্ছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ বুধবার সন্ধ্যার পর থেকে মোটরসাইকেলের বহর নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় মিছিল ও পাহারা দিতে দেখা গেছে তাঁদের।
দলীয় সূত্র জানিয়েছে, নেতা-কর্মীরা রাতভর রাজপথে অবস্থান করবেন। নগরীর প্রতিটি ওয়ার্ড কমিটির নেতৃত্বে পাড়া-মহল্লায় পাহারার ব্যবস্থা করা হয়েছে এবং ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছেন।
নগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা জানান, অগ্নিসন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে আগামীকাল বৃহস্পতিবার থেকে মহানগরীর প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করবেন বিএনপির নেতা-কর্মীরা।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা আগামীকাল বৃহস্পতিবারের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে মাওয়া রুটে খুলনা-গোপালগঞ্জ-ঢাকাগামী সব পরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরের পর থেকে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’, ইমাদ পরিবহন, দোলাসহ সব পরিবহন চলাচল বন্ধ রাখা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



