মিরপুরে যুবলীগ নেতা নিখিলের বাসায় হামলা ও আগুন, কাফরুলে সাচ্চুর বাড়িতেও ভাঙচুর

রাজধানীর মিরপুরে নিষিদ্ধ সংগঠন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের বাসায় হামলা চালিয়ে আসবাব ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার দিকে মিরপুর ৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ের ছয়তলা বাসার নিচতলায় এই হামলা হয়। একই দিন দুপুরে কাফরুলের উত্তর ইব্রাহিমপুরে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতেও ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ছাত্রদলের ৪০ থেকে ৫০ জনের একটি দল নিখিলের বাসায় যায়। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন বলে জানা গেছে।
হামলাকারীরা প্রথমে বাসার নিচে থাকা নিখিলের কার্যালয়ের কাচ ভাঙচুর করেন। পরে তাঁরা ভেতরে প্রবেশ করে আসবাব ও ক্রেস্ট ভাঙচুর করেন এবং একপর্যায়ে তাতে আগুন ধরিয়ে দেন।
এ সময় ছাত্রদলের নেতারা ‘যুবলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ ও ‘আমার সোনার বাংলায়, যুবলীগের ঠাঁই নাই’ স্লোগান দেন। প্রায় আধা ঘণ্টার ভাঙচুর শেষে তাঁরা সেখান থেকে চলে যান।
মাইনুল হোসেন নিখিল ২০২৪ সালের ৫ আগস্টের আগপর্যন্ত এই বাসায় থাকতেন। ৫ আগস্টের অভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ভাঙচুরের ঘটনা স্বীকার করে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম আহমেদ বলেন, যুবলীগ একটি নিষিদ্ধ সংগঠন এবং এই সংগঠনের সাধারণ সম্পাদক নিখিলের নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে, ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে ও বাসে আগুন দেওয়া হচ্ছে। এই ভাঙচুরের মাধ্যমে তাঁকে সাবধান করা হলো বলে তিনি মন্তব্য করেন।
আকরাম আহমেদ আরও বলেন, গোপালগঞ্জে সংসদ সদস্যসহ বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে ও তাঁদের মারধর করা হচ্ছে। তাঁরা যদি সাবধান না হন, দেশের কোথাও শান্তিতে থাকতে পারবেন না বলে তিনি বলেন।
এদিকে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ২৫ থেকে ৩০ জনের একটি দল মিছিল নিয়ে এসে বাসাটির নিচতলার গ্যারেজে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এতে গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে যায়। হামলাকারীরা নিচতলায় নিরাপত্তাকর্মীদের কক্ষও ভাঙচুর করেন। পরে স্থানীয় লোকজন ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাড়িটির নিরাপত্তাকর্মী মো. বিজয় বলেন, দুপুরে একদল লোক বাড়িটিতে ঢুকে পড়েন এবং ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ স্লোগান দেন। তাঁরা নিচতলায় থাকা আসবাব ভাঙচুর করে আগুন লাগিয়ে দেন এবং নিচতলার একটি কক্ষ ভাঙচুর করেন। কক্ষটি একসময় মেজবাউল আলম সাচ্চুর কার্যালয় ছিল বলে তিনি জানান।
মো. বিজয় আরও বলেন, ভাঙচুরে বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয়েছে। হামলাকারীরা কোন দলের নেতা-কর্মী, তা তিনি জানেন না বলে জানান।
হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনার বিষয়ে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, তিনি ঘটনা শুনেছেন। তবে মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে বিস্তারিত খোঁজ নিতে পারেননি। এসব ঘটনায় ভুক্তভোগীরা আইনি সহায়তা চাইলে তা করা হবে বলে তিনি জানান।



