নয়াপল্টনে যুবদলের বিক্ষোভে মুন্নার হুঁশিয়ারি: পাল্টা অগ্নিসংযোগ শুরু হলে আওয়ামী লীগের কেউ নিরাপদ থাকতে পারবে না
আওয়ামী লীগ রাতের আঁধারে চোরের মতো একজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করেছে উল্লেখ করে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, যুবদল পাল্টা অগ্নিসংযোগ শুরু করলে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী নিরাপদে থাকতে পারবে না, বাড়িঘরে থাকতে পারবে না।
বুধবার (১৮ নভেম্বর) বিকালে নয়াপল্টনে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।
যুবদল সভাপতি বলেন, বিএনপির সহনশীলতাকে আওয়ামী লীগ দুর্বলতা হিসেবে দেখছে। কিন্তু বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়।
এ সময় বিগত সরকারের আমলে গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমের সন্ধান এবং খিলগাঁও থানা ছাত্রদল নেতা জনি হত্যার বিচার দাবি করেন তিনি।
যুবদল সভাপতি বলেন, ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমান জনগণকে বিপদের মুখে রেখে আত্মসমর্পণ করেছিলেন, আর মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন। একইভাবে শেখ হাসিনাও দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু বেগম খালেদা জিয়া জনগণের পাশেই ছিলেন। আর বর্তমান প্রধানমন্ত্রীও দেশে থেকেই জনগণের পাশে আছেন।
সমাবেশে যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নূরুল ইসলাম নয়ন বলেন, জনগণের কাছ থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা তৈরি হয়নি। বরং তারা চরম সন্ত্রাসের মাধ্যমে দেশের শান্তিপ্রিয় মানুষের ঘুম নষ্ট করছে। তিনি বলেন, বর্তমান সরকার যেকোনো মূল্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি দাঁড় করাবে।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম বলেন, হাসিনা দেশে ফিরলে গুম ও খুনের শিকার নেতাকর্মীদের পরিবার তার কাছে স্বজনদের হিসাব চাইবে এবং শহীদের হত্যার বদলা নেবে।
ঢাকা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, আর রাস্তায় বের হয়ো না, অন্তত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এলাকার ভেতরে। তিনি আরও বলেন, আজকেও কয়েকজন লোককে ধরার পর তিনি রক্ষা করেছেন। রাতের অন্ধকারে যে আগুন দিতে আসছে, তারা কিন্তু ধরা খাবেই।



