ইরান যুদ্ধের খরচ জানেন না নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব, সিনেট শুনানিতে ওয়ারেনের প্রশ্নবাণ

যুক্তরাষ্ট্রের সিনেটে মঙ্গলবার নিশ্চিতকরণ শুনানিতে ইরান যুদ্ধের খরচ নিয়ে ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং কাওকে বারবার প্রশ্ন করেছেন সিনেটর এলিজাবেথ ওয়ারেন। ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর অবরোধে করদাতাদের কত খরচ হচ্ছে এবং সংঘাতে ক্ষতি থেকে পুনরুদ্ধারে কত লাগবে—এসব প্রশ্নে কাও একাধিকবার এড়িয়ে গেছেন।
ওয়ারেন জিজ্ঞেস করেন, ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের দৈনিক খরচ কত। কাও জবাব দেন, দৈনিক খরচ তিনি জানেন না। ওয়ারেন তখন বলেন, এপ্রিল থেকে তিনি এটি পরিচালনা করছেন, অথচ খরচ সম্পর্কে তাঁর কোনো ধারণাই নেই।
ওয়ারেন স্বতন্ত্র হিসাবের কথা উল্লেখ করে বলেন, দৈনিক খরচ প্রায় ৩ কোটি ২৫ লাখ ডলার—এটি ঠিক মনে হয় কি না। কাও তখন বলেন, এখন পর্যন্ত খরচ প্রায় ৩ হাজার কোটি ডলার। ওয়ারেন বলেন, সেই হিসাবে শুধু এই অবরোধেই মার্কিন করদাতাদের মাসে প্রায় ১০০ কোটি ডলার খরচ হচ্ছে।
এরপর ওয়ারেন বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ঘাঁটিতে ইরানি হামলার খরচের প্রসঙ্গ তোলেন। কাও আবার বলেন, তিনি খরচ জানেন না এবং মূল্যায়ন এখনো চলছে। ওয়ারেন ওয়াল স্ট্রিট জার্নালের প্রায় ৪০ কোটি ডলারের হিসাবের কথা উল্লেখ করেন। সেটি সঠিক কি না জানতে চাইলে কাও বলেন, তিনি খুঁজে দেখবেন।
ওয়ারেন বলেন, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আর এক সেন্টও খরচ করা উচিত নয়। তিনি উল্লেখ করেন, পেন্টাগনের দেওয়া যুদ্ধের মোট আনুমানিক খরচ ৪ হাজার ৭০০ কোটি ডলারের বেশি।
শুনানি জুড়ে কাও আইনপ্রণেতাদের কাছে নৌবাহিনীর জন্য আরও অর্থায়ন অনুমোদনের আহ্বান জানান। তিনি যুক্তি দেন, যুক্তরাষ্ট্র এখন ‘১৯৩৯ মুহূর্তে’ রয়েছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের মতো করে গড়ে তুলতে সক্ষম হতে হবে।
কাও বলেন, মার্কিন নৌবাহিনীর বর্তমানে প্রায় ২৮০টি সক্রিয় জাহাজ রয়েছে, কিন্তু দেশের সংখ্যাটি বাড়িয়ে ৩৫৫টিতে নেওয়া দরকার।
ইরান যুদ্ধে দীর্ঘ মোতায়েনের কারণে নাবিকদের মধ্যে মনোবল ও মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কথা জানান কয়েকজন আইনপ্রণেতা। সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ড ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরি দলের জাহাজগুলোতে আটটি আত্মহত্যার চেষ্টার কথা তুলে ধরেন এবং সেগুলোকে কাওয়ের ‘আটটি প্রতিহত করা আত্মহত্যা’ হিসেবে বর্ণনা করার সমালোচনা করেন।
কাও যুক্তি দেন, ইরান যুদ্ধে দেখা যাওয়া দীর্ঘ মোতায়েনের কারণ পর্যাপ্ত জাহাজ না থাকা। তিনি আবারও মার্কিন নৌবহর শক্তিশালী করতে অর্থায়ন অনুমোদনের জন্য আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান।




