…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

ফ্যাসিস্ট শক্তির ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা হবে: সংসদে তথ্যমন্ত্রী পার্থ

নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিস্ট শক্তির ফিরে আসার যেকোনো পরিস্থিতি তৈরি হলে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিরোধ করার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। একই সঙ্গে গোপালগঞ্জে আওয়ামী লীগকে কেন্দ্র করে সাম্প্রতিক সংঘর্ষ ও তৎপরতাকে দলটির নেতা-কর্মীদের চাঙ্গা রাখার এবং রাজনৈতিক মনোযোগ আকর্ষণের কৌশল হিসেবে অভিহিত করেছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যদিবসে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধির আওতায় আনা এক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এসব কথা বলেন।

সংসদে দেওয়া বক্তব্যে পার্থ বলেন, গোপালগঞ্জে বর্তমানে যেসব কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে, তা মূলত জনগণের দৃষ্টি আকর্ষণ করার জন্যই করা হচ্ছে। ডিসেম্বরে ফিরে আসার যে রাজনৈতিক বিভ্রান্তি বা ব্লাফ ছড়ানো হয়েছিল, তা আড়াল করতে এবং নিজেদের নেতা-কর্মীদের চাঙ্গা রাখতেই সেখানে বসে এসব তৎপরতা চালানো হচ্ছে। এর বাইরে এসব ঘটনার আর কোনো বাস্তব ভিত্তি নেই বলে তিনি বলেন।

তিনি দেশের সার্বিক পরিচালনার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যে ফ্যাসিস্ট শক্তিকে জনগণ বিদায় করেছে, ভবিষ্যতে কোনো রূপেই তাদের ফিরে আসার মতো পরিস্থিতি তৈরি হলে সবাই একজোট হয়ে তার বিরুদ্ধে অবস্থান নেবে।

দেশের জ্বালানি খাতের বিগত দিনের সংকটের চিত্র তুলে ধরে তথ্যমন্ত্রী অভিযোগ করেন, গত ১৭ বছরে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে আর্থিকভাবে লাভবান করার উদ্দেশ্যে দেশে নতুন গ্যাস অনুসন্ধান না করে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল। পরবর্তীতে এলএনজি স্পট মার্কেট থেকে চড়া দামে বিদেশ থেকে গ্যাস আমদানি করে ওই গোষ্ঠীগুলোকে কোটিপতি বানানোর সুযোগ করে দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

বর্তমান সরকার দেশের ইতিহাসের সবচেয়ে নাজুক অর্থনৈতিক ও প্রশাসনিক সময়ে দায়িত্ব গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলো রাতারাতি সমাধান করা সম্ভব নয়।

বিগত সরকারের আমলের অর্থনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান এ দেশের অর্থনীতির যতটা ক্ষতি করেছিল, গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি সাধন করা হয়েছে। তবে বর্তমান সরকারের ভুলত্রুটি নিয়ে গঠনমূলক সমালোচনা করার পূর্ণ স্বাধীনতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলসহ সবাইকে দেশের বৃহত্তর স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে।

সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও পোশাক খাতের অস্থিরতা প্রসঙ্গে পার্থ বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে এসব আন্দোলনের পেছনে আওয়ামী লীগের পরিকল্পনার খবর প্রকাশিত হয়েছে। তবে কোনো সাধারণ শ্রমিক নিজের জীবিকার উৎস তৈরি পোশাক কারখানা ভাঙচুর করতে পারেন বলে তিনি বিশ্বাস করেন না।

দেশের বিদ্যমান চাঁদাবাজি ও দুর্নীতির বিষয়ে তিনি বলেন, এসব সমস্যা কেবল গত সাত মাসে তৈরি হয়নি; বরং দুর্নীতি সারা দেশের একটি দীর্ঘস্থায়ী ব্যাধি এবং এটি কোনো একক রাজনৈতিক দলের বিষয় না হয়ে সামগ্রিক নৈতিকতার সংকটে পরিণত হয়েছে।

এ ছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থান করে একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করার এবং দেশের গণতান্ত্রিক সংস্কৃতি ও রাজনৈতিক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, দেশ যখন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, তখন একটি মহলের তা সহ্য হচ্ছে না।

বর্তমান পরিস্থিতির সঙ্গে অতীতের তুলনা করে তিনি বলেন, এখন সংবাদপত্র খুললে আর রাষ্ট্রীয় মদদে গুম-খুনের খবর দেখা যায় না কিংবা এস আলম, দরবেশ বা বেসিক ব্যাংকের আবদুল হাই বাচ্চুর মতো ব্যক্তিদের অর্থ লুটপাটের খবরও আগের মতো আসে না। দেশের এই ইতিবাচক পরিবর্তন যাদের ভালো লাগছে না, তারাই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে বা বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে তিনি সংসদকে জানান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা, নিহত দুই নেতা শাহীন ও সোহেল শেখ

নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যরা। হামলায় দলটির দুই নেতা নিহত হয়েছেন। আহত…

রাজনীতি

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে গণতন্ত্র ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে: সংসদের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্র ধীরে ধীরে একটি শক্তিশালী রূপ ধারণ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভে…

রাজনীতি

এটি মজলুমের সংসদ, এখানে কোনো লুকোচুরি চলবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমির শফিকুর রহমান

বর্তমান জাতীয় সংসদকে ‘মজলুমের সংসদ’ ও ‘ফ্যাসিবাদবিরোধী সংসদ’ হিসেবে আখ্যায়িত করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, …

খুলনায় পাড়া-মহল্লায় রাতভর পাহারায় বিএনপি, লকডাউনের আগে মাওয়া রুটে বন্ধ ঢাকাগামী পরিবহন
রাজনীতি

খুলনায় পাড়া-মহল্লায় রাতভর পাহারায় বিএনপি, লকডাউনের আগে মাওয়া রুটে বন্ধ ঢাকাগামী পরিবহন

খুলনার পাড়া-মহল্লায় রাতভর পাহারা দিচ্ছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ বুধবার সন্ধ্যার পর থেকে মোটরসাইকেলের বহর নিয়ে নগরীর বিভিন্…