নির্যাতনের শিকারদের মুখ বন্ধে আইনের ব্যবহার ‘চূড়ান্ত গ্যাসলাইটিং’, ব্রিটিশ এমপিদের জানালেন ভুক্তভোগীরা
যৌন নির্যাতনের শিকার ব্যক্তিদের মুখ বন্ধ করতে আইন ব্যবহারের চেষ্টা ‘চূড়ান্ত ধরনের গ্যাসলাইটিং’ বলে ব্রিটিশ সংসদ সদস্যদের জানিয়েছেন এক ভুক্তভোগী। মঙ্গলবার হাউস অব কমন্সের বিচার কমিটির শুনানিতে এ কথা বলেন তিনি।
ভেরিটি নেভিট ভুক্তভোগীদের নেতৃত্বে পরিচালিত অলাভজনক সংস্থা জেমিনি প্রজেক্টের সহ-প্রতিষ্ঠাতা। তিনি কমিটিকে বলেন, যৌন নির্যাতনের অভিযুক্ত ব্যক্তি তাঁর ও তাঁর বোন লুসির বিরুদ্ধে মামলা করেছিলেন। লুসি ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন, আর ভেরিটি করেছিলেন যৌন নির্যাতনের অভিযোগ।
এই শুনানি হয় রাসেল ব্র্যান্ড ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর এবং ডেভিড ওয়ালিয়ামসের বিরুদ্ধে অনুপযুক্ত আচরণের অভিযোগ ওঠার পর। ওয়ালিয়ামস অভিযোগ অস্বীকার করেন।
শুনানিতে সংসদ সদস্যরা শোনেন, ধনী ও ক্ষমতাশালী পুরুষেরা নিষেধাজ্ঞা, গোপনীয়তা চুক্তি এবং স্ল্যাপ মামলার মাধ্যমে ভুক্তভোগীদের চুপ করিয়ে দেন। স্ল্যাপ হলো জনস্বার্থের বিষয়ে কথা বলা প্রতিপক্ষকে হয়রানি বা ভয় দেখাতে করা কৌশলগত মামলা।
নেভিট বলেন, ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হলে মানুষের পছন্দের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়। স্ল্যাপের শিকার হওয়া সেই পরিস্থিতিকেই আবার তৈরি করে, কারণ তখনও তাঁর কোনো পছন্দ থাকে না—তাঁকে তা মেনে নিতেই হয়।
তিনি বলেন, স্ল্যাপের মাধ্যমে কাহিনি উল্টে দেওয়া হয়। অভিযুক্তকে অন্যায়ের শিকার হিসেবে তুলে ধরা হয়, আর ভুক্তভোগীকে আসামি বানিয়ে আক্রমণকারী হিসেবে উপস্থাপন করা হয়। এটি বাস্তবতার একটি জঘন্য উল্টো চিত্র এবং চূড়ান্ত ধরনের গ্যাসলাইটিং।
নেভিট ও তাঁর বোন ওই ব্যক্তিকে পুলিশে জানিয়েছিলেন। মামলাটি বাতিল হয়ে যাওয়ার পর তাঁরা অন্যদের সতর্ক করতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নাম প্রকাশ করেন। এর পর ওই ব্যক্তি তাঁদের বিরুদ্ধে মামলা করেন।
পরে আদালতের বাইরে একটি সমঝোতা হয়। নিজেদের পরিচয় গোপন রাখার অধিকার ছেড়ে দেওয়ায় বোনেরা ওই ব্যক্তির নাম না নিয়েই তাঁদের অভিজ্ঞতার কথা বলতে পারেন।
নেভিট সংসদ সদস্যদের বলেন, তাঁর ও তাঁর বোনের বিরুদ্ধে আনা মামলায় সত্যের কোনো গুরুত্বই ছিল না—সবকিছু ছিল খরচ নিয়ে। প্রথম শুনানির পর তাঁদের আইনজীবী তাঁদের একপাশে ডেকে নিয়ে বলেন, পরের শুনানিতে পৌঁছাতে তাঁদের এক লাখ পাউন্ড জোগাড় করতে হবে।
ব্যারিস্টার জেনিফার রবিনসন, যিনি ‘সাইলেন্সড উইমেন: হোয়াই দ্য ল ফেইলস উইমেন অ্যান্ড হাউ টু ফাইট ব্যাক’ বইয়ের সহ-লেখক, কমিটিকে বলেন, মামলার মুখোমুখি হওয়া ভুক্তভোগীদের বিপুল খরচ বহন করতে হয়। এর ভয় দেখানোর প্রভাব শুধু কথা বলতে চাওয়া নারীদের মধ্যেই সীমাবদ্ধ নয়।
রবিনসন বলেন, এই ভয় সাংবাদিক ও তাঁদের সংবাদপত্রের এসব ঘটনা প্রকাশের ইচ্ছাকেও প্রভাবিত করছে, যা জনস্বার্থের পরিপন্থী। নারীদের বিরুদ্ধে সহিংসতার বিষয়ে কথা বলতে না পারলে আমরা তা মোকাবিলা করতে পারব না।
সেন্টার ফর উইমেনস জাস্টিসের প্রধান নির্বাহী হ্যারিয়েট উইস্ট্রিচ বলেন, এ ধরনের মামলায় খরচের ওপর ‘খুব কঠোর সীমা’ নির্ধারণের পক্ষে জোরালো যুক্তি রয়েছে।
আরপিসি সলিসিটরসের মিডিয়া বিভাগের প্রধান ও অংশীদার রুপার্ট কাউপার-কোলস কমিটিকে বলেন, যুক্তরাজ্য পশ্চিমা গণতন্ত্রগুলোর মধ্যে একটি ‘বড় ব্যতিক্রম’। কারণ এখানে স্ল্যাপের বিরুদ্ধে কোনো সাধারণ আইন নেই—শুধু অর্থনৈতিক অপরাধ-সংক্রান্ত প্রকাশের ক্ষেত্রে একটি আইন রয়েছে।
রবিনসন প্রশ্ন তোলেন, অর্থনৈতিক অপরাধ নিয়ে জনস্বার্থের বক্তব্যের সুরক্ষাকে কেন অগ্রাধিকার দেওয়া হচ্ছে, আর সমাজে নারীদের বিরুদ্ধে সহিংসতার সংকটের প্রেক্ষাপটে নারীদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে কেন তা দেওয়া হচ্ছে না।




