…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

যুক্তরাজ্যে নাহিদকে হেনস্তার চেষ্টা, দেশে একের পর এক হামলা-হুমকিতে চাপে এনসিপি নেতারা

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্যে নাহিদকে হেনস্তার চেষ্টা, দেশে একের পর এক হামলা-হুমকিতে চাপে এনসিপি নেতারা
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য সফরে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের হেনস্তার চেষ্টার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এই সফরকে কেন্দ্র করে এনসিপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষও হয়েছে।

গত এক সপ্তাহে দেশে এনসিপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন দেওয়া এবং সংসদ সদস্য মাহমুদা আলম মিতুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগের প্রেক্ষাপটে যুক্তরাজ্যের ঘটনাগুলো ঘটেছে।

এর আগে ১০ নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) অন্যতম সমন্বয়ক ও এনসিপির শিক্ষার্থীদের সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।

এর এক দিন পর রাতে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনাটি শর্টসার্কিটের মতো দুর্ঘটনা হতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে তদন্ত চলছে।

অগ্নিসংযোগের ঘটনার পরদিন থেকে ফোনে বেশ কয়েকবার প্রাণনাশের হুমকি পাওয়ার কথা জানিয়েছেন সংসদ সদস্য মাহমুদা আলম মিতু। তিনি বলেছেন, প্রাণে বাঁচতে চাইলে তাঁকে দেশত্যাগ করতে বলা হয়েছে। এনসিপি থেকে সদ্য পদত্যাগ করা সামান্তা শারমিনও জানিয়েছেন, ছাত্রলীগ পরিচয় দেওয়া এক ব্যক্তি তাঁকে হুমকি দিয়েছে।

গত এক বছরে দেশের বিভিন্ন স্থানে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ অন্তত ২৩ জন হামলার শিকার হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গণ-আন্দোলনে নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনে বড় ভূমিকা রাখা দলটির নেতাদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তামূলক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ ও মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকা থেকে শুরু করে রাজশাহী, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় এনসিপি নেতাদের ওপর চোরাগোপ্তা হামলা হয়েছে। হামলার শিকার হয়েছেন কেন্দ্রীয় নেতা, স্থানীয় সংগঠক এবং তাঁদের সঙ্গে থাকা কর্মী-সমর্থকেরা। কোনো ঘটনায় সরাসরি হামলা, কোথাও গাড়িবহরে হামলা, আবার কোথাও কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

আগের হামলার ঘটনাগুলোর মধ্যে রয়েছে গত ১৬ জানুয়ারি চট্টগ্রামের চন্দনাইশে হাসনাত আবদুল্লাহ ও মঈন উদ্দিন মাহিনের ওপর হামলা, ২৩ ও ২৭ জানুয়ারি ঢাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ১৩ ফেব্রুয়ারি সারজিস আলমের ওপর হামলা, ২৫ ফেব্রুয়ারি নোয়াখালীর হাতিয়ায় আবদুল হান্নান মাসুদের গাড়িবহরে হামলা, ২২ মে ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তারেকুল ইসলাম তারেক রেজার ওপর হামলা এবং ২৮ জুলাই সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলম ও মাহমুদা মিতুর ওপর হামলার ঘটনা।

এনসিপির সূত্র জানিয়েছে, সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সর্বশেষ গত ৪ অক্টোবর সন্ধ্যায় কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় হামলার শিকার হন তিনি। মাজার থেকে বের হয়ে সমর্থকদের সঙ্গে ছবি তোলার সময় একজন তাঁর দিকে ডিম ছুড়ে মারে। এই ঘটনায় পাটওয়ারী প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ থাকেন।

তবে পুলিশের ভাষ্য, এসব হামলার ঘটনার ধরন ও প্রেক্ষাপট এক নয়। কোনোটি রাজনৈতিক বিরোধ, কোনোটি স্থানীয় বিরোধ, আবার কোনোটি নিছক ব্যক্তিগত ক্ষোভ থেকে ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

মানবাধিকারকর্মী নূর খান মনে করেন, হাসিবসহ কয়েকজনের ওপর হামলা ও হুমকি এবং নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা এ নিয়ে উদ্বেগ নতুন করে সামনে এনেছে। তিনি বলেন, ‘বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদেরই যদি একের পর এক হামলা ও হুমকির মুখে পড়তে হয়, তাহলে রাজনৈতিক পরিবর্তনের পর নাগরিক নিরাপত্তার বাস্তব অবস্থা নিয়ে প্রশ্ন থেকেই যায়।’

জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এসব হামলার জন্য গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দায়ী করেছেন। নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনার প্রতিক্রিয়ায় তিনি গণমাধ্যমকে বলেন, ‘জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি। নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজকে আমি, কালকে আপনি, পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।’

পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে নাহিদ ইসলাম আরও বলেন, ‘সরকার জনগণকে কোনো নিরাপত্তা দিতে পারবে, এ আশা আর করি না। আমাদেরই পথ বেছে নিতে হবে। বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলা ইনশাআল্লাহ আমরা করব। ঐক্যবদ্ধভাবেই করব, গণতান্ত্রিকভাবেই করব।’

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইংয়ের এআইজি কামারুম মুনিরা বলেন, ‘জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী ব্যক্তিদের নিরাপত্তার বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ-সংক্রান্ত অভিযোগ বা তথ্য পাওয়া গেলে ঝুঁকি বিবেচনায় প্রয়োজনীয় নিরাপত্তামূলক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা, নিহত দুই নেতা শাহীন ও সোহেল শেখ

নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যরা। হামলায় দলটির দুই নেতা নিহত হয়েছেন। আহত…

রাজনীতি

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে গণতন্ত্র ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে: সংসদের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্র ধীরে ধীরে একটি শক্তিশালী রূপ ধারণ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভে…

রাজনীতি

এটি মজলুমের সংসদ, এখানে কোনো লুকোচুরি চলবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমির শফিকুর রহমান

বর্তমান জাতীয় সংসদকে ‘মজলুমের সংসদ’ ও ‘ফ্যাসিবাদবিরোধী সংসদ’ হিসেবে আখ্যায়িত করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, …

খুলনায় পাড়া-মহল্লায় রাতভর পাহারায় বিএনপি, লকডাউনের আগে মাওয়া রুটে বন্ধ ঢাকাগামী পরিবহন
রাজনীতি

খুলনায় পাড়া-মহল্লায় রাতভর পাহারায় বিএনপি, লকডাউনের আগে মাওয়া রুটে বন্ধ ঢাকাগামী পরিবহন

খুলনার পাড়া-মহল্লায় রাতভর পাহারা দিচ্ছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ বুধবার সন্ধ্যার পর থেকে মোটরসাইকেলের বহর নিয়ে নগরীর বিভিন্…