আইসিই হেফাজত থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরল আট বছরের হাইতিয়ান শিশু

যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোতে অভিবাসন কর্মকর্তাদের হাতে আটক আট বছর বয়সী এক হাইতিয়ান শিশু আইসিই হেফাজত থেকে মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরেছে। ৪ নভেম্বর শিশুটিকে হাতকড়া পরিয়ে আটক করে টেক্সাসের একটি কেন্দ্রে পাঠানো হয়েছিল।
প্রতিনিধি পরিষদের সদস্য হুয়ান ভারগাস সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটি ও তার পরিবারের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘১১ দিন আগে সান ডিয়েগোর আট বছর বয়সী এক শিশুকে অভিবাসন চেক-ইনের সময় ফেডারেল হেফাজতে নেওয়া হয়েছিল। তাকে প্রিয়জনদের থেকে আলাদা করে টেক্সাসের একটি কেন্দ্রে রাখা হয়েছিল। আজ সে অবশেষে বাড়িতে।’
অভিবাসন অধিকার সংগঠন হাইতিয়ান ব্রিজ অ্যালায়েন্স নিশ্চিত করেছে, তৃতীয় শ্রেণির এই শিক্ষার্থীকে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
সংগঠনটির নির্বাহী পরিচালক গুয়েরলিন জোজেফ এক বিবৃতিতে বলেন, ‘আট বছর বয়সী একটি শিশুর জায়গা শ্রেণিকক্ষে, খেলার মাঠে এবং ভালোবাসায় ঘেরা পরিবেশে—অভিবাসন আটককেন্দ্রে নয়। আমরা তার মুক্তিকে স্বাগত জানাই, কিন্তু তার স্বাধীনতার জন্য কখনোই জনরোষের প্রয়োজন হওয়া উচিত ছিল না।’
ফে এলিমেন্টারি স্কুলের তৃতীয় শ্রেণির এই শিক্ষার্থীকে চলতি মাসের শুরুতে একটি চেক-ইনের সময় ফেডারেল অভিবাসন কর্মকর্তারা হাতকড়া পরিয়ে হেফাজতে নেন। এনবিসি নিউজের হাতে আসা একটি ভিডিও এবং ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের হোমল্যান্ড সিকিউরিটি ও স্বাস্থ্য ও মানবসেবা বিভাগে পাঠানো একটি তদারকি চিঠিতে এই তথ্য উঠে এসেছে।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একজন মুখপাত্র বলেন, আইসিই শিশুটিকে ‘অত্যন্ত সতর্কতা এবং শিশুটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য’ হেফাজতে নিয়েছিল।
মুখপাত্র গার্ডিয়ানকে দেওয়া এক বিবৃতিতে বলেন, শিশুটির চাচা আইনি অভিভাবকত্ব প্রমাণ করতে পারেননি। ফেডারেল মানবপাচারবিরোধী আইনের বাধ্যবাধকতার কারণে কর্মকর্তারা শিশুটিকে ‘সঙ্গীহীন বিদেশি শিশু’ হিসেবে হেফাজতে নিতে বাধ্য হন বলে তিনি জানান।
হাইতিয়ান ব্রিজ অ্যালায়েন্স বলেছে, গত বছর শিশুটির বাবাকে দেশে ফেরত পাঠানোর পর থেকে সে তার চাচা ও চাচাতো ভাইবোনদের তত্ত্বাবধানে ছিল।
ভারগাস দ্বিতীয় আরেকটি পোস্টে বলেন, ‘সে বাড়িতে ফিরেছে বলে আমি খুবই কৃতজ্ঞ, কিন্তু এটি প্রথমেই ঘটা উচিত ছিল না।’ তিনি ট্রাম্প প্রশাসনের কাছে এ বিষয়ে জবাব চাইবেন বলেও জানান। আটক থাকার সময় শিশুটিকে সান ডিয়েগোর বাড়ি থেকে অনেক দূরে টেক্সাসের একটি কেন্দ্রে রাখা হয়েছিল বলে ভারগাস উল্লেখ করেন।
এনবিসি নিউজকে হাইতিয়ান ব্রিজ অ্যালায়েন্সের জোজেফ বলেন, শিশুটির ফুপু আক্ষরিক অর্থেই কাঁদছিলেন এবং বলেছিলেন, ‘যেদিন বুধবার ওরা আমার বাচ্চাটাকে নিয়ে গেল, সেদিন থেকে আমি খাইনি।’ সেদিন থেকে পরিবারটি ঘুমাতেও পারেনি বলে তিনি জানান। জোজেফ বলেন, শিশুটিকে নিয়ে যাওয়ার সময় তার চাচাতো ভাইবোনেরা সেখানে ছিল এবং ভাবছিল, তারা কি আর কখনো তাকে দেখতে পাবে। কিন্তু সোমবার তারা আবার তাকে দেখতে পেয়েছে এবং জড়িয়ে ধরতে পেরেছে।




