ফ্লোরিডায় কিশোর শিক্ষার্থীকে আপত্তিকর ছবি পাঠানোর অভিযোগে বিকল্প শিক্ষক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি বেসরকারি স্কুলের বিকল্প শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি এক কিশোর শিক্ষার্থীর মুঠোফোনে আপত্তিকর ছবি পাঠিয়েছিলেন, যা তদন্তকারীরা ওই শিক্ষার্থীর ফোনে খুঁজে পেয়েছেন।
গ্রেপ্তার হওয়া শিক্ষকের নাম মিয়া আসেভেদো গ্যালার্দো, বয়স ২০ বছর। তিনি টাম্পার উপকণ্ঠ স্প্রিং হিলের গ্রেস এডুকেশন একাডেমিতে বিকল্প শিক্ষক হিসেবে কাজ করতেন।
হার্নান্দো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, গত ৫ নভেম্বর তারা একটি তথ্য পায় যে গ্যালার্দো তাঁর এক কিশোর শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত। সেই তথ্যের ভিত্তিতেই তদন্ত শুরু হয়।
তদন্তে গোয়েন্দারা ১৭ বছর বয়সী ওই শিক্ষার্থীর মুঠোফোনে আপত্তিকর ছবি খুঁজে পান। পুলিশের ভাষ্য অনুযায়ী, ছবিগুলো গ্যালার্দোই পাঠিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।
এরপর গত ১৩ নভেম্বর গ্যালার্দোকে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রতিবেদন অনুযায়ী, তাঁর বিরুদ্ধে কর্তৃত্বের অবস্থানে থেকে শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানো, অপ্রাপ্তবয়স্কের জন্য ক্ষতিকর উপাদান পাঠানো এবং দ্বিমুখী যোগাযোগযন্ত্রের বেআইনি ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
শেরিফের কার্যালয় জানিয়েছে, গ্যালার্দো গত আগস্ট থেকে ৪ নভেম্বর পর্যন্ত ওই স্কুলে কাজ করেছেন। অর্থাৎ তথ্য পাওয়ার আগের দিনই তাঁর স্কুলে কাজের মেয়াদ শেষ হয়।
কর্তৃপক্ষ এখনো জানায়নি, প্রথম তথ্যটি কে দিয়েছিল। অন্য কোনো শিক্ষার্থী এ ঘটনায় জড়িত ছিল কি না, তাও প্রকাশ করা হয়নি।
গ্যালার্দোর আগামী ১২ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।
ঘটনাটি নিয়ে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য জানতে ফক্স নিউজ ডিজিটাল যোগাযোগ করেছে।




