ওয়াশিংটনে রাসায়নিক হামলার ষড়যন্ত্রের অভিযোগ ‘লজ্জাজনক মিথ্যা’, বলল ইরান; ট্রাম্পের হুঁশিয়ারি, জবাব হবে নজিরবিহীন

ওয়াশিংটন ডিসিতে রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার ষড়যন্ত্রের অভিযোগকে ‘লজ্জাজনক মিথ্যা’ বলে মঙ্গলবার কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তেহরানের এই প্রতিক্রিয়া এল; ট্রাম্প বলেছিলেন, ইরান কখনো যুক্তরাষ্ট্রের রাজধানীকে লক্ষ্যবস্তু করলে তাকে নজিরবিহীন প্রতিশোধের মুখে পড়তে হবে।
তেহরানের এই অস্বীকৃতি এল সিএনএনের এক প্রতিবেদনের পর, যেখানে বলা হয় মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর সম্ভাব্য হামলার ইরানি পরিকল্পনার সন্ধান পেয়েছে, যার মধ্যে রাসায়নিক অস্ত্র কিংবা তেজস্ক্রিয় ‘ডার্টি বোমা’ ব্যবহারের সম্ভাবনাও রয়েছে।
ইরানের আইন ও আন্তর্জাতিকবিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এক্সে দেওয়া পোস্টে তাৎক্ষণিকভাবে অভিযোগগুলো প্রত্যাখ্যান করেন এবং রাসায়নিক যুদ্ধে ইরানের নিজের শিকার হওয়ার ইতিহাস তুলে ধরেন। তিনি লিখেছেন, ওয়াশিংটনে রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা নিয়ে সিএনএনের দাবি একটি লজ্জাজনক মিথ্যা এবং ইতিহাসের বিকৃতি।
এশিয়া সফরের প্রথম ধাপে মঙ্গলবার সাংবাদিকেরা ট্রাম্পকে প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে কথিত ষড়যন্ত্র এবং ডিসির ওপর কোনো আসন্ন হুমকি আছে কি না জানতে চান। জবাবে ট্রাম্প বলেন, যদি এমন কিছু থাকে, তাহলে তারা এমন মূল্য দেবে যা কোনো দেশ আগে কখনো দেয়নি; তিনি আশা করেন এমন কিছু নেই, তবে বিষয়টি তারা খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। তাঁর ভাষায়, এ কারণেই ইরান পারমাণবিক অস্ত্র পেতে পারে না।
ঘারিবাবাদি আরও বলেছেন, ইরান রাসায়নিক অস্ত্রের সবচেয়ে বড় শিকারদের একটি; আজকের অভিযোগকারীদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সমর্থনেই সেসব অমানবিক অস্ত্র দিয়ে তাদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। তিনি সতর্ক করে বলেন, সত্য যেন প্রচারযুদ্ধের শিকার না হয়।
সিএনএন গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত সাতজন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, মার্কিন সংস্থাগুলো ওয়াশিংটনে জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে সম্ভাব্য হামলার বিকল্প তৈরির ইরানি তৎপরতা শনাক্ত করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস বলেছেন, প্রশাসন সম্ভাব্য হুমকি পর্যবেক্ষণ করছে, তবে এই মুহূর্তে দেশের ভেতরে কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।
এর পাশাপাশি খবর এসেছে গ্রিসে এক ইসরায়েলি নির্বাহীকে লক্ষ্য করে পৃথক একটি ইরান-সংশ্লিষ্ট হত্যা ষড়যন্ত্রের। সংবাদমাধ্যম ইনেট গ্লোবালের ভাষ্য অনুযায়ী, যুদ্ধ চলতে থাকায় ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা মনে করছেন, বিদেশে থাকা ইসরায়েলিদের লক্ষ্যবস্তু করতে চায় তেহরান।
ইনেটের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ইসরায়েলি গোয়েন্দা তথ্যের সহায়তায় সেই কথিত ষড়যন্ত্র নস্যাৎ করা হয় এবং গ্রিস ও উত্তর মেসিডোনিয়ায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, মোসাদ গ্রিক ও উত্তর মেসিডোনিয়ার কর্তৃপক্ষকে গোয়েন্দা তথ্য দিয়েছিল, যৌথ প্রচেষ্টায় ষড়যন্ত্রটি ভণ্ডুল করা হয়।
উত্তর মেসিডোনিয়ার জাতীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছে, কর্তৃপক্ষ পরিকল্পনাটি উদ্ঘাটন করেছে; উত্তর মেসিডোনিয়ার এক নাগরিককে গত বৃহস্পতিবার গ্রিসে গ্রেপ্তার করে তাঁর নিজ দেশে প্রত্যর্পণ করা হয়েছে এবং আরও চারজনকে উত্তর মেসিডোনিয়ার রাজধানী স্কপিয়েতে আটক করা হয়েছে।
ইনেটের ভাষ্য অনুযায়ী, কথিত ষড়যন্ত্রটি পরিচালনা করছিলেন ইরানি নাগরিক এদ্রিস জাহাঙ্গিরি মাভানেহ, যাঁকে সংস্থাটি ইরানি গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যুক্ত করেছে, যাঁদের মধ্যে রয়েছেন কথিত মাদক পাচারকারী নাজি শারিফি জিনদাশতি। জিনদাশতিকে এফবিআই খুঁজছে বিদেশে ইরানি অধিকারকর্মী ও ভিন্নমতাবলম্বীদের লক্ষ্য করে চালানো একটি নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে; ব্যুরোর ভাষ্য অনুযায়ী, তিনি এনক্রিপ্টেড ইন্টারনেটভিত্তিক বার্তা অ্যাপ ব্যবহার করে উত্তর আমেরিকায় অপরাধীদের ভাড়া করেছিলেন এবং ইরান থেকে পালিয়ে যাওয়া দুজনকে হত্যা করিয়েছিলেন।
গ্রিক সংবাদমাধ্যম কাথিমেরিনি জানিয়েছে, সন্দেহভাজনরা গ্রিসে কার্যরত একটি কোম্পানিতে কর্মরত একজন জ্যেষ্ঠ ইসরায়েলি নির্বাহীকে হত্যার পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, তদন্তকারীরা অস্ত্র, গোলাবারুদ, হাতে লেখা নোট ও একটি মানচিত্র জব্দ করেছেন। উত্তর মেসিডোনিয়ার নিরাপত্তা সংস্থা বলেছে, তদন্তকারীরা ইরানসহ কয়েকটি দেশে সন্দেহভাজনদের গোপন বৈঠকেরও সন্ধান পেয়েছেন।
ইনেটের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, তেহরান ইসরায়েলের সঙ্গে যুদ্ধকে অমীমাংসিত মনে করে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের বাইরে হামলার মাধ্যমে প্রতিশোধের সুযোগ খুঁজছে।




