টেক্সাসে আইসের হাতে আটক তিন ওজনশ্রেণির সাবেক বিশ্বচ্যাম্পিয়ন বক্সার হোর্হে লিনারেস, আইনজীবীদের দাবি তিনি বৈধভাবেই যুক্তরাষ্ট্রে আছেন

তিন ওজনশ্রেণিতে বিশ্বখেতাব জেতা সাবেক বক্সিং চ্যাম্পিয়ন হোর্হে লিনারেসকে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ টেক্সাসে আটক করেছে। তাঁর আইনজীবীদের দাবি, অবসরপ্রাপ্ত এই ভেনেজুয়েলান মুষ্টিযোদ্ধা বৈধভাবেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
সান আন্তোনিও এক্সপ্রেস-নিউজের পর্যালোচনা করা কেন্দ্রীয় আটক নথি অনুযায়ী, লিনারেসকে এল পাসো প্রসেসিং সেন্টারে রাখা হয়েছে। তাঁকে কেন আটক করা হলো, তা এখনো স্পষ্ট নয়; যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইস) প্রকাশ্যে কোনো কারণ জানায়নি।
৪১ বছর বয়সী লিনারেস নিজেই রোববার এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে তাঁর আটকের খবর জানান। স্প্যানিশ ভাষায় তিনি লেখেন, ‘আইস আমাকে টেক্সাস সীমান্ত পেরোনোর জায়গায় আটকে রেখেছে। এটা পাগলামি।’ এর পর থেকে তিনি আর প্রকাশ্যে কোনো পোস্ট দেননি।
লিনারেসের প্রতিনিধিত্বকারী অভিবাসন আইন সংস্থা উইলনার অ্যান্ড ও’রেইলি সোমবার তাঁর আটকের বিষয়টি নিশ্চিত করে বলেছে, তিনি বৈধভাবে যুক্তরাষ্ট্রে উপস্থিত আছেন। সংস্থাটি বিবৃতিতে বলে, ‘জনাব লিনারেস বৈধভাবে যুক্তরাষ্ট্রে আছেন এবং কর্তৃপক্ষের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করেছেন। বিষয়টি যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করতে আমরা আইস ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।’
আইনজীবীরা বলেছেন, তাঁরা তাঁদের মক্কেলের আইনি অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী এবং অভিবাসন প্রক্রিয়া শেষ হলেই বিষয়টির নিষ্পত্তি হবে বলে আশা করছেন। সমর্থক ও সংবাদমাধ্যমকে ধৈর্য ধরার অনুরোধও জানিয়েছেন তাঁরা।
বিশ্ব বক্সিং সংস্থা ডব্লিউবিএর সভাপতি গিলবার্তো মেন্দোসা লিনারেসের আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তিনি নিয়মিত মুষ্টিযোদ্ধার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন। এক্সে তিনি লেখেন, ‘তাঁর মামলা অভিবাসন আইনজীবীদের হাতে, আর আমি তাঁর পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে আছি। ডব্লিউবিএ সভাপতি হিসেবে আমি সব সময় আমাদের চ্যাম্পিয়নদের পাশে থাকব, রিংয়ের ভেতরে হোক বা বাইরে। শক্ত থাকো, হোর্হে।’
‘এল নিনিও দে ওরো’ (সোনার ছেলে) ডাকনামের লিনারেস লাস ভেগাসকে ঘাঁটি করে লড়েছেন এবং ২১ বছরের পেশাদার ক্যারিয়ারে তাঁর প্রজন্মের সবচেয়ে প্রতিভাবান টেকনিশিয়ানদের একজন হিসেবে বিবেচিত হয়েছেন।
২০০৭ সালে ১২৬ পাউন্ড ওজনশ্রেণিতে তিনি প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হন; পরে ১৩০ ও ১৩৫ পাউন্ড শ্রেণিতেও খেতাব জেতেন। সবচেয়ে সফল সময় কাটে লাইটওয়েটে, যেখানে ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে তিনি ডব্লিউবিএ ও ডব্লিউবিসি বিশ্বখেতাবের সংস্করণগুলো ধরে রাখেন।
২০১৮ সালের মে মাসে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ভাসিলি লোমাচেঙ্কোর সঙ্গে স্মরণীয় লড়াইয়ে তাঁর লাইটওয়েট রাজত্বের অবসান ঘটে। ষষ্ঠ রাউন্ডে ডান হাতের আঘাতে প্রবল ফেভারিট ইউক্রেনীয়কে নকডাউন করেছিলেন লিনারেস, তবে দশম রাউন্ডে শরীরে আঘাত পেয়ে থামতে হয় তাঁকে।
২০২৩ সালের অক্টোবরে লিভারপুলে ব্রিটেনের জ্যাক ক্যাটারলের কাছে হেরে অবসর নেন লিনারেস। তাঁর ক্যারিয়ারের রেকর্ড ৪৭ জয়, যার ২৯টি নকআউটে, এবং ৯টি হার।
আইসের এল পাসো মাঠ কার্যালয় ও জাতীয় গণমাধ্যম কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।




