আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে ৬ কোটি ডলারের মার্কিন সামরিক বিমান ধ্বংসের অভিযোগে ম্যানহাটনে মামলা

আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে পার্ক করে রাখা একটি মার্কিন সামরিক বিমান ধ্বংসের অভিযোগে ৪৮ বছর বয়সী ডাইথি ও’কোরেইনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অভিযোগ গঠন করা হয়েছে। মার্কিন প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, কুড়াল হাতে নিরাপত্তা বেষ্টনী ভেঙে বিমানবন্দরে ঢুকে তিনি ওই বিমানটি ধ্বংস করেন।
মঙ্গলবার ম্যানহাটনে প্রকাশিত অভিযোগপত্রে ও’কোরেইনের বিরুদ্ধে মার্কিন সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি বিমানটির হাইড্রোলিক লাইন কেটে দেন, ককপিটের গেজ ভেঙে দেন এবং জ্বালানি ট্যাংকে বল বিয়ারিং ঢেলে দেন।
ঘটনাটি ঘটেছিল গত এপ্রিলে আয়ারল্যান্ডের পশ্চিমে অবস্থিত শ্যানন বিমানবন্দরে। ও’কোরেইন এখন যুক্তরাষ্ট্রের হেফাজতে নেই এবং এই অভিযোগে তাঁর হাজিরার তারিখও নির্ধারণ হয়নি বলে এপি সংবাদ সংস্থা জানিয়েছে। দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
প্রসিকিউটররা বলেছেন, ক্ষতিগ্রস্ত বিমানটি মার্কিন এয়ার ন্যাশনাল গার্ডের একটি সি-১৩০ হারকিউলিস, যার মূল্য ৬ কোটি ডলার (৪ কোটি ৫০ লাখ পাউন্ড)। অন্য একটি দেশে সামরিক দায়িত্বে যাওয়ার পথে বিমানটি সেখানে ছিল। হামলার পর বিমানটি অচল হয়ে গেছে এবং এটি আর কখনো উড়বে না বলে প্রসিকিউটররা জানিয়েছেন।
সমর্থকদের ভাষ্যে ও’কোরেইন একজন স্বতন্ত্র শান্তি কর্মী। হামলার পরপরই আয়ারল্যান্ডের পুলিশ বাহিনী আন গার্দা সিওচানা তাঁকে গ্রেপ্তার করে। সেখানে তাঁর বিরুদ্ধে ফৌজদারি ক্ষতিসাধন ও অনধিকার প্রবেশের অভিযোগ আনা হয়।
ম্যানহাটনের মার্কিন অ্যাটর্নি জেমি ম্যাকডোনাল্ড বলেছেন, এই অভিযোগপত্র একটি স্পষ্ট ও শক্তিশালী বার্তা দিচ্ছে যে মার্কিন সামরিক সম্পদের ওপর হামলা — এবং সেই সূত্রে জাতীয় নিরাপত্তার ওপর হামলা — সহ্য করা হবে না।
ও’কোরেইনের বন্ধু বলে নিজেদের পরিচয় দেওয়া ব্যক্তিদের আয়োজিত একটি অনলাইন তহবিল সংগ্রহের পাতায় বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এবং গাজায় ইসরায়েলের যুদ্ধে মার্কিন সমর্থনের প্রতিবাদে তিনি সি-১৩০ বিমানটিকে অকার্যকর করেন।
প্রসিকিউটরদের অভিযোগ, ১১ এপ্রিলের এই হামলার পরিকল্পনা ও’কোরেইন কয়েক মাস ধরে করেছিলেন। তিনি অনলাইনে সি-১৩০ বিমানের গঠন সম্পর্কে তথ্য খুঁজেছিলেন এবং বিমানবন্দরের মাঠে লুকিয়ে ঢোকার স্থানাঙ্কও খুঁজে দেখেছিলেন বলে অভিযোগে বলা হয়েছে। সি-১৩০ হলো চার ইঞ্জিনের টার্বোপ্রপ বিমান, যা মূলত সরঞ্জাম ও সেনা পরিবহনে ব্যবহৃত হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, তিনি সরাসরি ফ্লাইট ট্র্যাকিং সুবিধা দেয় এমন একটি ফোন অ্যাপে সাবস্ক্রাইব করেছিলেন এবং গ্যালিয়ামের ক্যাপসুল অর্ডার করেছিলেন। গ্যালিয়াম এমন একটি রাসায়নিক, যা ইস্পাত ক্ষয় করতে এবং অ্যালুমিনিয়াম ভেঙে ফেলতে পারে। তিনি শ্যানন বিমানবন্দরে আগের একটি অনুপ্রবেশের ঘটনায় জড়িত কারও সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন বলেও প্রসিকিউটররা অভিযোগ করেছেন।
অভিযোগপত্র অনুযায়ী, ভোর প্রায় ৪টা ৪০ মিনিটে তিনি বিমানবন্দরের বেষ্টনী ভেঙে ভেতরে ঢোকেন এবং ট্যাক্সিওয়েতে পার্ক করা সি-১৩০ বিমানটির পেছনের ক্রু দরজার তালার যন্ত্রাংশ ভেঙে বিমানে প্রবেশ করেন।
ভেতরে ঢুকে তিনি ক্রুদের হ্যামক দিয়ে বিমানের জানালা ঢেকে দেন, তবে ককপিটের উইন্ডশিল্ড খোলা রাখেন বলে অভিযোগপত্রে বলা হয়েছে। এরপর তিনি স্ট্র্যাপ, ব্র্যাকেট ও স্ক্রু দিয়ে দরজা আটকে নিজেকে ভেতরে অবরুদ্ধ করেন এবং দরজার ট্র্যাকে ইপোক্সি মেশানো বল বিয়ারিং রেখে দেন, যাতে দরজা খোলা বা বন্ধ করা না যায়।
এফবিআইয়ের নিউইয়র্ক কার্যালয়ের প্রধান জেমস বার্নাকল বলেছেন, এটি হঠাৎ করে করা কোনো ভাঙচুরের ঘটনা ছিল না।




