ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র: পাকিস্তানি নাগরিক আসিফ মার্চেন্টকে যুক্তরাষ্ট্রে ২৭ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রে একজন রাজনীতিক বা সরকারি কর্মকর্তাকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের চেষ্টার দায়ে পাকিস্তানি নাগরিক আসিফ মার্চেন্টকে ২৭ বছরের বেশি কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। মঙ্গলবার তাঁকে ৩৩০ মাসের কারাদণ্ড দেওয়া হয় বলে দেশটির বিচার বিভাগ জানিয়েছে।
ব্রুকলিনের আদালতের রায়ে বলা হয়েছে, মার্চেন্ট যুক্তরাষ্ট্রে একজন রাজনীতিক বা সরকারি কর্মকর্তাকে হত্যা করতে একজন ভাড়াটে খুনি নিয়োগ করতে চেয়েছিলেন। আদালতের ভাষ্যে, এই ষড়যন্ত্রের পেছনে ইরানের সঙ্গে তাঁর কথিত যোগসূত্র ছিল।
আদালতের মতে, ইরানের রেভল্যুশনারি গার্ডসের কমান্ডার কাসেম সোলেইমানির হত্যার প্রতিশোধ নিতেই এই ষড়যন্ত্র করা হয়েছিল। সোলেইমানি ছিলেন ইরানের বিদেশি সামরিক অভিযানের প্রধান। ২০২০ সালের জানুয়ারিতে বাগদাদে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় তিনি নিহত হন। তাঁর হত্যার পর ইরানি কর্মকর্তারা বারবার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে এসেছেন।
তবে মার্চেন্ট নিজে আদালতে সাক্ষ্য দিয়ে বলেছেন, তেহরানে থাকা তাঁর পরিবারকে গার্ডসের হাত থেকে রক্ষা করতেই তাঁকে এই ষড়যন্ত্রে বাধ্য করা হয়েছিল। তিনি আরও বলেন, তাঁর ধারণা ছিল কেউ নিহত হওয়ার আগেই তিনি ধরা পড়ে যাবেন। একাধিক সংবাদমাধ্যম তাঁর এই সাক্ষ্যের কথা জানিয়েছে।
মার্চেন্টের ভাষ্য অনুযায়ী, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে হত্যার নির্দেশ তাঁকে দেওয়া হয়নি। তবে তাঁর ইরানি যোগাযোগকারী এই ষড়যন্ত্রের প্রসঙ্গে তিনজনের নাম উল্লেখ করেছিলেন — ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি।
তবে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ মঙ্গলবার জোর দিয়ে বলেন, এই ষড়যন্ত্রের লক্ষ্য ছিলেন ডোনাল্ড ট্রাম্প। সাজা ঘোষণার পর তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে হত্যাচেষ্টার সমন্বয় করতে যুক্তরাষ্ট্রে আসা একজন ইরানি এজেন্ট তাঁর অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য ন্যায়সংগত সাজা পেয়েছেন।”
ব্ল্যাঞ্চ আরও বলেন, “বিচার বিভাগ আমাদের নেতাদের বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী ষড়যন্ত্র সহ্য করবে না এবং দায়ীরা জবাবদিহির আওতায় না আসা পর্যন্ত থামবে না।”
এর আগে মার্কিন কর্মকর্তারা বলেছিলেন, মার্চেন্টের ইরানের সঙ্গে “ঘনিষ্ঠ যোগসূত্র” রয়েছে। তাঁরা এই কথিত ষড়যন্ত্রকে “সরাসরি ইরানি শাসকগোষ্ঠীর কৌশল থেকে নেওয়া” বলেও বর্ণনা করেছিলেন।
দেশ ছেড়ে যাওয়ার পরিকল্পনা করার সময় ২০২৪ সালের ১২ জুলাই মার্চেন্টকে গ্রেপ্তার করা হয়েছিল।




