অস্ট্রেলিয়ায় স্কাইডাইভিংয়ে কান ক্ষতিগ্রস্ত হয়ে আটকে পড়েছেন ব্রিটিশ পর্যটক ক্লো লো

অস্ট্রেলিয়ায় স্কাইডাইভিং করতে গিয়ে কান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক সপ্তাহ ধরে সেখানেই আটকে পড়েছেন ২৪ বছর বয়সী ব্রিটিশ পর্যটক ক্লো লো। চিকিৎসকেরা তাঁকে বিমানে ওঠার জন্য অযোগ্য ঘোষণা করেছেন, ফলে নির্ধারিত সময়ে দেশে ফেরা তাঁর পক্ষে সম্ভব হয়নি।
ক্লো লো যুক্তরাজ্যের শেফিল্ডের বাসিন্দা। তিনি ‘নিড টু নো’ নামের ব্রিটিশ প্রকাশনাকে বলেছেন, অক্টোবর মাসে একক জন্মদিনের ভ্রমণে তিনি অস্ট্রেলিয়ায় এসেছিলেন। তিন সপ্তাহের সেই ভ্রমণের শেষ হওয়ার কয়েক দিন আগে তিনি স্কাইডাইভিংয়ে অংশ নেন।
সেদিন তিনি ১০ হাজার ফুট উচ্চতা থেকে বিমান থেকে লাফ দিয়েছিলেন। সেই লাফেই তাঁর কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেছেন, উত্তেজনার প্রভাব কেটে যাওয়ার পর তিনি বুঝতে পারেন, তিনি আর শুনতে পাচ্ছেন না।
এরপর তিনি চিকিৎসা নিতে যান। পরীক্ষায় দেখা যায়, তাঁর কানের পর্দার পেছনে রক্ত জমেছে। লো বলেছেন, ‘আমাকে বিমানে ওঠার জন্য অযোগ্য মর্মে সনদ দেওয়া হয় এবং স্টেরয়েড দেওয়া হয়।’
দুই সপ্তাহ সুস্থ হওয়ার চেষ্টার পর নতুন করে জটিলতা দেখা দেয়। তাঁর কানে সংক্রমণ ধরা পড়ে। লো বলেছেন, ‘দেখা গেল, কানের ভেতরে আটকে থাকা তরলের কারণে এখন আমার সংক্রমণ হয়েছে।’ এতে তাঁর ব্যথা আরও বেড়েছে এবং মাথা ঘোরার সমস্যাও বেড়েছে।
কুইন্সল্যান্ড হেলথের কর্মকর্তাদের দেওয়া একটি আংশিক গোপন রাখা চিকিৎসা সনদ লো প্রকাশ করেছেন। সেই সনদে বলা হয়েছে, তিনি কেয়ার্নস বেস হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং স্বাস্থ্যগত কারণে এই মুহূর্তে তিনি বিমানে ভ্রমণের উপযোগী নন।
অনিশ্চয়তার কারণে প্রতি সপ্তাহে তাঁকে অস্ট্রেলিয়ায় থাকার মেয়াদ বাড়াতে হচ্ছে। লো বলেছেন, ‘প্রতি সপ্তাহে আমাকে থাকার ব্যবস্থা বাড়াতে হচ্ছে, অথচ জানি না সপ্তাহের শেষে বাড়ি ফিরতে পারব কি না।’
নিজের অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, তিনি বিশ্বের অন্য প্রান্তে আটকে পড়েছেন এবং বাড়ি ফেরার কোনো উপায় তাঁর হাতে নেই।
এই ভ্রমণটি লোর কাছে বিশেষ অর্থবহ ছিল। তিনি বলেছেন, তাঁর দাদা ২০১৬ সালে গ্রেট ব্যারিয়ার রিফে স্কুবা ডাইভিং করতে গিয়ে মারা গিয়েছিলেন। সেই জায়গাটি দেখতে এবং দাদার প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি অস্ট্রেলিয়ায় এসেছিলেন। লো বলেছেন, ‘এই ভ্রমণটি আমার কাছে সত্যিই অর্থবহ ছিল, কারণ আমি সেই জায়গাটি দেখতে চেয়েছিলাম যেখানে তিনি দুঃখজনকভাবে মারা গিয়েছিলেন।’

