ড্রোন হামলায় নৌকা ডুবির অভিযোগে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ইকুয়েডরের জেলেদের মামলা
ড্রোন হামলায় তাঁদের নৌকা ডুবে যাওয়া ও নাবিকদের আহত হওয়ার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন ইকুয়েডরের একদল জেলে। সোমবার পেনসিলভানিয়ার একটি ফেডারেল আদালতে মামলাটি করা হয়।
মামলায় আর্থিক ক্ষতিপূরণ এবং আদালত ন্যায্য মনে করেন এমন যেকোনো অতিরিক্ত প্রতিকার চাওয়া হয়েছে। একই সঙ্গে ক্যারিবীয় ও পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদক পাচারের নৌকার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের হামলা অভিযান বন্ধে আদালতের আদেশও চাওয়া হয়েছে।
মামলার কেন্দ্রে রয়েছে ১৭ মার্চ ইকুয়েডরভিত্তিক মাছ ধরার নৌকা ‘লা নেগ্রা ফ্রান্সিসকা দুয়ার্তে দ্বিতীয়’-এর ডুবে যাওয়ার ঘটনা।
নৌকাটির ক্যাপ্টেন হার্নান ফ্লোরেস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা মামলা করেছি কারণ নৌকাটাই ছিল আমাদের সবকিছু। ইকুয়েডরে কেউ আমাদের সাহায্য করছে না। তারা আমাদের এত ক্ষতি করেছে, আর সৃষ্টিকর্তার কৃপায় আমরা বেঁচে আছি।’
লা নেগ্রা ফ্রান্সিসকা দুয়ার্তে দ্বিতীয় এবং সাম্প্রতিক মাসগুলোতে আক্রান্ত ও ডুবে যাওয়া আরও দুটি ইকুয়েডরীয় জাহাজের ওপর হামলার দায় সরকার স্বীকার করেনি। তবে আগস্টে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়, গোপন বিদেশি অভিযানের অংশ হিসেবে সিআইএ জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছিল। অন্য প্রতিবেদনে মার্কিন সরকারের কোনো ঠিকাদার বা আঞ্চলিক মিত্রের জড়িত থাকার সম্ভাবনার কথাও উঠে এসেছে।
হামলাগুলো মার্কিন সেনাবাহিনীর দায় স্বীকার করা চলমান অভিযানের মতোই মনে হচ্ছে। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে মার্কিন সরকার কথিত ‘নার্কোটেররিস্টদের’ হত্যার লক্ষ্যে প্রকাশ্যে একের পর এক নৌকা হামলা চালিয়ে আসছে। এই অভিযানে অন্তত ২৪৪ জন নিহত হয়েছেন; বিশেষজ্ঞরা একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিচারবহির্ভূত হত্যা বলে বর্ণনা করেছেন।
সোমবারের মামলার অভিযোগ, মার্চে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি জাহাজ থেকে দুটি ড্রোন ছোড়া হয় এবং সেগুলো লা নেগ্রা ফ্রান্সিসকা দুয়ার্তে দ্বিতীয়ের ওপর হামলা চালায়। নৌকাটিতে আগুন ধরে যায়, ১৬ নাবিকের মধ্যে দুজন ‘গুরুতর দগ্ধ’ হন। মামলার ভাষ্য, ‘সব বাদী জাহাজ থেকে লাফিয়ে সাগরে পড়েন। তারপর ছোট জরুরি নৌকায় ওঠার পথ খুঁজে পান।’ হামলাটিকে ‘নজিরবিহীন ও স্পষ্টত বেআইনি মার্কিন সামরিক অভিযানের’ অংশ বলা হয়েছে।
নাবিকদের ভাষ্য, হামলার পর তাঁরা কাছাকাছি একটি টুনা মাছ ধরার নৌকা ভেবে সেদিকে এগিয়ে গেলে সেখানে সামরিক পোশাক পরা, ইংরেজিতে কথা বলা সশস্ত্র লোকজনের মুখোমুখি হন।
২০২৫ সালে হোয়াইট হাউসে ফেরার পর থেকে ট্রাম্প যুক্তরাষ্ট্রে মাদক পাচার মোকাবিলায় কঠোর অভিযান শুরু করেছেন। এর সঙ্গে লাতিন আমেরিকাজুড়ে মার্কিন সামরিক তৎপরতা সম্প্রসারণের নীতিও চলছে, প্রায়ই অঞ্চলের ডানপন্থী রাজনৈতিক মিত্রদের সহযোগিতায়। সমালোচকেরা এসব অভিযানে স্বচ্ছতার অভাব ও সম্ভাব্য অধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ তুলেছেন; নৌকা হামলা অভিযানে কোনো সন্দেহভাজনকে শনাক্ত করা হয়নি, জনসমক্ষে কোনো প্রমাণও উপস্থাপন করা হয়নি।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে নিখোঁজ কলম্বীয় জেলে আলেহান্দ্রো কারানজার পরিবার ইন্টার-আমেরিকান মানবাধিকার কমিশনে অভিযোগ করে বলে, তাঁর বেঁচে থাকার অধিকার লঙ্ঘিত হয়েছে। কয়েক সপ্তাহ পর, জানুয়ারিতে ত্রিনিদাদ ও টোবাগোর দুই শ্রমিক চাদ জোসেফ ও রিশি সামারুর পরিবার ম্যাসাচুসেটসের একটি মার্কিন ফেডারেল আদালতে অন্যায় মৃত্যুর মামলা করে; তাঁরা ভেনেজুয়েলায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।
বিশেষজ্ঞদের মতে, নৌকা হামলা ঘিরে স্বচ্ছতার অভাবে মার্কিন সরকারকে জবাবদিহির আওতায় আনা কঠিন হবে। প্রাণঘাতী এই অভিযান সাম্প্রতিক সপ্তাহগুলোতেও চলেছে; সর্বশেষ হামলাটি হয় ২৭ অক্টোবর।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইকুয়েডর মাদক পাচারকারী গোষ্ঠীকে সরবরাহে ব্যবহৃত হওয়ার অভিযোগে অন্তত আটটি জাহাজ আটক করেছে। সেগুলোর ১৬০ নাবিকের মধ্যে ৫৬ জন আদালতের আদেশে অভিযোগ ছাড়াই মুক্তি পেয়েছেন, ৪০ জন প্রমাণের অভাবে খালাস পেয়েছেন, ৫০ জন বিচারের অপেক্ষায় আছেন এবং ১৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি।




