…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › চাকরি › খবর
চাকরি

যুক্তরাজ্যে চাকরির বিজ্ঞপ্তিতে বেতনের অঙ্ক লেখা বাধ্যতামূলক হচ্ছে, বাংলাদেশে এখনো ‘আলোচনা সাপেক্ষে’

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্যে চাকরির বিজ্ঞপ্তিতে বেতনের অঙ্ক লেখা বাধ্যতামূলক হচ্ছে, বাংলাদেশে এখনো ‘আলোচনা সাপেক্ষে’
ছবি: সংগৃহীত

চাকরির বিজ্ঞপ্তিতে পদের দায়িত্ব, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত স্পষ্টভাবে লেখা থাকে। কিন্তু বেতনের ঘরটি প্রায়ই ফাঁকা থাকে। কোথাও লেখা থাকে ‘আলোচনা সাপেক্ষে’, আবার কোথাও ‘আকর্ষণীয় বেতন’। ফলে আবেদনের আগেই প্রার্থীরা জানতে পারেন না, কাজটির বিনিময়ে ঠিক কত টাকা পারিশ্রমিক মিলবে।

চাকরির বাজারের এই অস্বচ্ছ চিত্র বদলাতে বড় উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য। দেশটিতে নতুন চাকরির বিজ্ঞপ্তিতে বেতনের অঙ্ক উল্লেখ করা নিয়োগদাতাদের জন্য বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। এর মূল লক্ষ্য চাকরিপ্রার্থীদের সময় ও শ্রম বাঁচানো। পাশাপাশি নারী ও তরুণদের ক্ষেত্রে বেতনবৈষম্য দূর করাও এর অন্যতম উদ্দেশ্য।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, নতুন চাকরির বিজ্ঞপ্তিতে নিয়োগদাতাদের অবশ্যই বেতনের তথ্য প্রকাশ করতে হবে। এ জন্য কঠোর আইনি বাধ্যবাধকতা তৈরির পরিকল্পনা করছে দেশটির সরকার।

প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেছেন, চাকরির আবেদন করার আগেই একজন তরুণ কিংবা পরিবারের দায়িত্বে থাকা ব্যক্তির জানা উচিত, ওই কাজের জন্য কত টাকা বেতন দেওয়া হবে। শুধু কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই নয়, কর্মীদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।

যুক্তরাজ্যের ট্রেডস ইউনিয়ন কংগ্রেসের সাধারণ সম্পাদক পল নওয়াক এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, চাকরির বিজ্ঞপ্তিতে ‘প্রতিযোগিতামূলক বেতন’ লেখা দেখে আবেদন করার অভিজ্ঞতা অনেকের জন্যই হতাশাজনক। বেতন প্রকাশ বাধ্যতামূলক হলে এই অনিশ্চয়তা দূর হবে।

বেতন প্রকাশের এই উদ্যোগের পেছনে আরেকটি বড় যুক্তি হলো তথ্যের অসমতা কমানো। বিশেষ করে নারী ও তরুণেরা অনেক সময় নিজেদের কাজের প্রকৃত বাজারমূল্য সম্পর্কে স্পষ্ট ধারণা পান না। ফলে একই ধরনের কাজ করেও তাঁরা তুলনামূলক কম বেতন পান। বিজ্ঞপ্তিতে বেতন উল্লেখ থাকলে আবেদনকারীরা আগেই নিজেদের যোগ্যতা ও পারিশ্রমিকের বিষয়টি যাচাই করতে পারবেন।

যুক্তরাজ্যের এই উদ্যোগ বাংলাদেশের বেসরকারি চাকরির বাজারের একটি পরিচিত সংকটকে নতুন করে সামনে এনেছে। দেশে সরকারি চাকরির বিজ্ঞপ্তিতে পদের বিপরীতে বেতন স্কেল ও গ্রেড নির্দিষ্ট করে দেওয়া থাকে। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিতে পদের বিবরণ ও যোগ্যতার শর্ত বিস্তারিত থাকলেও বেতনের জায়গায় প্রায়ই লেখা থাকে ‘আলোচনা সাপেক্ষে’।

ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মানবসম্পদ ব্যবস্থাপনা ও বিপণনসহ প্রায় সব খাতের বিজ্ঞপ্তিতেই এমন প্রবণতা দেখা যায়। ফলে কত টাকা বেতন পাওয়া যাবে, তা না জেনেই প্রার্থীদের আবেদন করতে হয়।

সদ্য স্নাতক শেষ করা তরুণদের জন্য এই পরিস্থিতি আরও জটিল। কাজের অভিজ্ঞতা না থাকায় কোন পদের জন্য কত টাকা বেতন চাওয়া যুক্তিযুক্ত, তা তাঁরা বুঝে উঠতে পারেন না। আবার সাক্ষাৎকারের আগে বেতন জানতে চাইলে নিয়োগদাতার কাছে নেতিবাচক ধারণা তৈরি হওয়ার ভয়ও থাকে।

সদ্য স্নাতক শেষ করে চাকরি খুঁজছেন সাকিব সালিম দীপ্ত। তিনি জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিতে পছন্দের পদ পেলেও বেতন উল্লেখ না থাকায় আবেদন করতে দ্বিধায় পড়েন। বেতন কত হতে পারে, সে সম্পর্কে ধারণা না থাকায় নিজের প্রত্যাশা ঠিক করাও কঠিন হয়ে পড়ে।

আরেক চাকরিপ্রার্থী সুপন রায়ের অভিজ্ঞতাও প্রায় একই রকম। নতুন চাকরিতে কত টাকা বেতন চাইবেন, তা নিয়ে সব সময় সংশয়ে থাকেন তিনি। বেশি বেতন চাইলে নিয়োগদাতা বাদ দিতে পারেন—এমন ভয় কাজ করে। আবার কম বেতন চাইলে নিজের যোগ্যতার সঠিক মূল্যায়ন হবে না, সেই দুশ্চিন্তাও থাকে।

চাকরির বিজ্ঞপ্তিতে বেতন উল্লেখ না করার প্রবণতাকে পেশাদার মানবসম্পদ ব্যবস্থাপনার পরিপন্থী বলে মনে করেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণাপ্রতিষ্ঠান আইসিডিডিআরবির মানবসম্পদ বিভাগের প্রধান মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশের অনেক বেসরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিতে ‘আলোচনা সাপেক্ষে’ বা ‘আকর্ষণীয় বেতন’ লেখার চল রয়েছে। এটি আধুনিক মানবসম্পদ ব্যবস্থাপনার কোনো চর্চা নয়; বরং এর মাধ্যমে নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি প্রকাশ পায়।

বিশেষজ্ঞদের মতে, বেতন প্রকাশ বাধ্যতামূলক করা হলে এই অস্বচ্ছ পরিস্থিতির পরিবর্তন ঘটবে। আবেদন করার আগেই চাকরিপ্রার্থীরা পদের দায়িত্ব ও বেতনের তুলনা করতে পারবেন। এতে নিজের যোগ্যতা ও প্রত্যাশার সঙ্গে মিলিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বাড়বে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

চাকরি বিভাগের আরও খবর

ইউনিলিভার বাংলাদেশের ডিরেক্টর হলেন মোহাম্মদ শহীদুল ইসলাম, দায়িত্ব কার্যকর ১৫ নভেম্বর থেকে
চাকরি

ইউনিলিভার বাংলাদেশের ডিরেক্টর হলেন মোহাম্মদ শহীদুল ইসলাম, দায়িত্ব কার্যকর ১৫ নভেম্বর থেকে

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর (করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম। ১৫ নভেম্বর থেকে তাঁর…

ব্র্যাক ব্যাংকে অফিসার পদে নিয়োগ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে
চাকরি

ব্র্যাক ব্যাংকে অফিসার পদে নিয়োগ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে

ব্র্যাক ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির ইন্টেলিজেন্স ও ডেটা অ্যানালিটিক্স বিভাগে ‘অফিসার’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। ব…

ফিজিতে বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়াতে উদ্যোগ, বর্তমানে কাজ করছেন প্রায় ৮ হাজার জন
চাকরি

ফিজিতে বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়াতে উদ্যোগ, বর্তমানে কাজ করছেন প্রায় ৮ হাজার জন

ফিজিতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির সম্ভাবনা দেখছে সরকার। দেশটির নির্মাণ, কৃষি, পর্যটন, হোটেল-রেস্তোরাঁ ও কারিগরি খাতে বাংলাদেশি …