…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

২৫ হাজার টাকা পুঁজিতে বছরে ৯৬ টন জৈব সার: নিজের ব্র্যান্ড গড়তে চান রাজবাড়ীর জাছমা

নিজস্ব প্রতিবেদক
২৫ হাজার টাকা পুঁজিতে বছরে ৯৬ টন জৈব সার: নিজের ব্র্যান্ড গড়তে চান রাজবাড়ীর জাছমা
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নবুওছিমদ্দিন পাড়ার বাসিন্দা জাছমা আক্তার (২৪) এখন একজন সফল নারী উদ্যোক্তা। তাঁর গড়ে তোলা জাছমা ভার্মি কম্পোস্ট ও জৈব সার সেন্টারে প্রতিবছর উৎপাদিত হচ্ছে প্রায় ৯৬ টন জৈব সার।

ইচ্ছার বিরুদ্ধে বাল্যবিবাহের শিকার হয়েছিলেন জাছমা। বিয়ের পরও পড়াশোনা চালিয়ে ২০১৮ সালে তিনি এসএসসি পাস করেন। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে চাকরি করবেন এবং পরিবারের পাশে দাঁড়াবেন।

কিন্তু জীবনের কঠিন বাস্তবতা সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায়। তাঁর শ্বশুর ক্যানসারে আক্রান্ত হন। এর কিছুদিন পর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন স্বামী মাহাবুল আযম মিঠু। প্রায় দুই মাস হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন তিনি।

একদিকে অসুস্থ শ্বশুর আর আহত স্বামী, অন্যদিকে নির্দিষ্ট আয়ের উৎসহীন সংসার। নিজেও অসুস্থ হয়ে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন জাছমা। বন্ধ হয়ে যায় তাঁর পড়াশোনা।

সংসারের এমন দুর্দিনে ইউটিউবে ভার্মি কম্পোস্ট ও জৈব সার তৈরির পদ্ধতি দেখে নতুন সম্ভাবনার সন্ধান পান তিনি। কিন্তু হাতে কোনো পুঁজি ছিল না। শেষ পর্যন্ত বাড়ির হাঁস-মুরগি ও ছাগল বিক্রি করে জোগাড় করেন ২৫ হাজার টাকা।

সেই সামান্য পুঁজি নিয়ে ২০২৩ সালে বাড়ির আঙিনায় তিনি শুরু করেন ভার্মি কম্পোস্ট ও জৈব সার উৎপাদনের কাজ। টানা ছয় মাস পর প্রথম আয়ের মুখ দেখেন। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে উৎপাদন ও বিক্রি।

এখন প্রতি মাসে কর্মচারীদের বেতন দিয়েও তিনি ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় করেন। জেলার বিভিন্ন এলাকায় তাঁর উৎপাদিত সার বিক্রি হচ্ছে। প্রতিষ্ঠানটিতে এখন নারী ও পুরুষ মিলে আটজন কাজ করছেন।

শুধু নিজের প্রতিষ্ঠানে কর্মসংস্থান সৃষ্টি করেননি জাছমা। তাঁর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে জেলার বিভিন্ন এলাকার অনেকেই এখন নিজ উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করছেন।

দুই কন্যাসন্তানের মা জাছমার বড় মেয়ের বয়স আট বছর, ছোট মেয়ের বয়স পাঁচ। সংসারের যাবতীয় কাজ সামলে প্রতিদিন তিনি সময় দেন নিজের প্রতিষ্ঠানে। জৈব সার তৈরি থেকে বিক্রি—সবকিছুতেই রয়েছে তাঁর সরাসরি সম্পৃক্ততা।

তবে নতুন এক সমস্যায় পড়েছেন তিনি। নিজের নামে জৈব সার প্যাকেটজাত করার প্রয়োজনীয় অনুমোদন না থাকায় কাঙ্ক্ষিতভাবে ব্যবসা সম্প্রসারণ করতে পারছেন না। তাঁর অভিযোগ, বিভিন্ন প্রতিষ্ঠান তাঁর উৎপাদিত সার কিনে নিজেদের নামে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করতে আগ্রহী। এতে উৎপাদনের মূল উদ্যোক্তা হিসেবে নিজের পরিচিতি ও আর্থিক লাভ দুটিই সীমিত থেকে যাচ্ছে।

জাছমা আক্তার বলেন, ‘অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছি। এখন বছরে প্রায় ৯৬ টন সার উৎপাদন করি। আমার নামে নিবন্ধন ও প্যাকেটজাত করার অনুমোদন পেলে নিজস্ব ব্র্যান্ডে সার বিক্রি করতে পারতাম। এতে আমি যেমন বেশি লাভবান হতাম, তেমনি আমার প্রতিষ্ঠানেরও পরিচিতি বাড়ত।’

রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. এনামুল হক বলেন, জাছমার মতো জেলার অনেক নারী এখন কৃষিকাজ ও উদ্যোক্তা কার্যক্রমের সঙ্গে যুক্ত হচ্ছেন। তিনি তাঁর ভার্মি কম্পোস্ট ও জৈব সার উৎপাদন কেন্দ্রটি ঘুরে দেখবেন। তিনি ঋণ নিতে আগ্রহী হলে কৃষি বিভাগ থেকে সহযোগিতা করা হবে। নিজের নামে সার প্যাকেটজাত ও বাজারজাত করার অনুমোদনের বিষয়ে তিনি বলেন, জাছমা যথাযথ নিয়ম মেনে আবেদন করলে তাঁকে সার্বিক সহযোগিতা করা হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

কৃষি

কালাইয়ের পাঁচশিরা বাজারে নবান্নের মাছের মেলা, ৩৫ কেজির কাতলার দাম হাঁকা হচ্ছে ৫০ হাজার টাকা

নতুন ধান ঘরে তোলার আনন্দে নবান্ন উৎসবে মেতেছে জয়পুরহাটের কালাই উপজেলার মানুষ। পিঠা-পায়েস আর নানা আয়োজনের পাশাপাশি উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে ঐ…

কৃষি

এক দশকে কৃষিঋণ বিতরণ দ্বিগুণ, খেলাপি বেড়েছে সাড়ে তিন গুণের বেশি: বাংলাদেশ ব্যাংক

গত এক দশকে দেশে কৃষি খাতে ঋণ বিতরণ দ্বিগুণের বেশি বাড়লেও এর চেয়েও দ্রুতগতিতে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ। গত রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ…