…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

কালাইয়ের পাঁচশিরা বাজারে নবান্নের মাছের মেলা, ৩৫ কেজির কাতলার দাম হাঁকা হচ্ছে ৫০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

নতুন ধান ঘরে তোলার আনন্দে নবান্ন উৎসবে মেতেছে জয়পুরহাটের কালাই উপজেলার মানুষ। পিঠা-পায়েস আর নানা আয়োজনের পাশাপাশি উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। অগ্রহায়ণ মাসের দ্বিতীয় দিনে কালাই পৌর শহরের পাঁচশিরা বাজারে বসেছে এক দিনের এই মেলা।

বুধবার ভোর থেকে শুরু হওয়া মেলায় ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের ভিড় জমে। উপজেলার শতাধিক গ্রাম-মহল্লা ছাড়াও দূরদূরান্ত থেকে মানুষ এসেছেন মেলায়। ২২ বছরের পুরোনো এই মেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে।

মেলায় রুই, কাতলা, মৃগেল, চিতল, সিলভার কার্প, পাঙ্গাশ, গ্রাসকার্প, ব্রিগেডকার্প, কার্ফু ও কালবাউশসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ উঠেছে। মাছগুলোর ওজন তিন কেজি থেকে ৩৫ কেজি পর্যন্ত। আকার ও প্রজাতিভেদে প্রতি কেজি মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়।

এবারের মেলার সবচেয়ে বড় আকর্ষণ ৩৫ কেজি ওজনের একটি কাতলা মাছ, যেটি নিয়ে হাজির হয়েছেন ব্যবসায়ীরা। এই মাছটির দাম চাওয়া হচ্ছে ৫০ হাজার টাকা।

নবান্ন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে থাকা এলাকার জামাই-মেয়ে ও আত্মীয়স্বজনেরা আসেন শ্বশুরবাড়ি ও স্বজনদের বাড়িতে। এই মেলায় জামাইদের বড় মাছ কেনার এক অলিখিত প্রতিযোগিতাও চলে — কে কত বড় মাছ কিনে শ্বশুরবাড়িতে নিতে পারেন, তা নিয়েও চলে আলোচনা। এ কারণে স্থানীয়দের কাছে মেলাটি ‘জামাই মেলা’ নামেও পরিচিত।

কালাই পৌরসভার দুরঞ্জ এলাকা থেকে মাছ কিনতে আসা ওয়াহেদ বলেন, প্রতিবছর নবান্ন উপলক্ষে এই মেলা বসে। এখানে ছোট-বড় সব ধরনের মাছ পাওয়া যায়। জামাইরা মাছ কিনে শ্বশুরবাড়িতে নিয়ে যান। যে জামাই যত বড় মাছ কেনেন, এলাকায় তাঁর তত সুনাম।

সড়াইল গ্রামের আবু তালহা বলেন, মেলা থেকে তিনি সাড়ে চার হাজার টাকায় একটি কাতলা মাছ কিনেছেন। মাছ কিনতে পেরে তিনি খুশি।

উদয়পুর গ্রামের জামাই রাজিব হোসেন বলেন, নবান্নের দাওয়াত পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে শ্বশুরবাড়িতে এসেছেন তিনি। মেলার রীতি অনুযায়ী তিনি ১০ কেজি ওজনের একটি কাতলা কিনেছেন। গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি হলেও মাছ কিনতে পেরে ভালো লাগছে তাঁর।

মাছ বিক্রেতা সাদ্দাম বলেন, এবার মেলার জন্য বড় বড় মাছ সংগ্রহ করেছেন তাঁরা। বেচাকেনা ভালো হচ্ছে। এতে লাভের আশা করছেন ব্যবসায়ীরা।

মেলা ইজারাদার আব্দুল লতিফ বলেন, প্রতিবছর মাছ ব্যবসায়ীদের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। এক সপ্তাহ আগে থেকে মাইকিং করে প্রচার চালানো হয়। এবার মেলায় প্রায় দেড় থেকে দুই কোটি টাকার মাছ এসেছে। মেলায় শৃঙ্খলা বজায় রাখতে ইজারাদার কর্তৃপক্ষের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রফিকুল ইসলাম বলেন, নবান্ন উপলক্ষে এই মাছের মেলা বাঙালি ঐতিহ্যের অংশ। এমন আয়োজনের মাধ্যমে স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখা সম্ভব। আগামীতে মেলার পরিধি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

নবান্ন উপলক্ষে দিনভর মাছ কেনাবেচার পাশাপাশি কালাইয়ের গ্রামগুলোতেও চলে উৎসবের আয়োজন। বাড়িতে বাড়িতে পিঠা-পুলি, পায়েস, খই, মুড়ি ও গুড়ের ক্ষীর তৈরির মধ্য দিয়ে উদ্‌যাপিত হয় নতুন ধান ঘরে তোলার আনন্দ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

২৫ হাজার টাকা পুঁজিতে বছরে ৯৬ টন জৈব সার: নিজের ব্র্যান্ড গড়তে চান রাজবাড়ীর জাছমা
কৃষি

২৫ হাজার টাকা পুঁজিতে বছরে ৯৬ টন জৈব সার: নিজের ব্র্যান্ড গড়তে চান রাজবাড়ীর জাছমা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নবুওছিমদ্দিন পাড়ার বাসিন্দা জাছমা আক্তার (২৪) এখন একজন সফল নারী উদ্যোক্তা। তাঁর গড়ে তোলা জাছমা ভার্মি কম্পোস্ট ও জৈব সার…

কৃষি

এক দশকে কৃষিঋণ বিতরণ দ্বিগুণ, খেলাপি বেড়েছে সাড়ে তিন গুণের বেশি: বাংলাদেশ ব্যাংক

গত এক দশকে দেশে কৃষি খাতে ঋণ বিতরণ দ্বিগুণের বেশি বাড়লেও এর চেয়েও দ্রুতগতিতে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ। গত রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ…