লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনায় হামলায় আহত প্রায় ১০ জন, তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের বিচার চাইল বাংলাদেশ

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের ওপর চালানো সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে যুক্তরাজ্যের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ১৬ নভেম্বর নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়া বাংলাদেশিদের ওপর চালানো হামলায় প্রায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
সংসদ সদস্য নাহিদ ইসলাম বর্তমানে যুক্তরাজ্য সফরে রয়েছেন। তাঁর সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশিদের ওপরই এই হামলা চালানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে সন্ত্রাস ও সহিংসতার দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এই হামলা চালিয়েছে।
বাংলাদেশ সরকার যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি একটি পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা, দায়ী ব্যক্তিদের শনাক্ত করা ও দেশটির প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচারের আওতায় আনার জোর আহ্বান জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এই সহিংসতাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য আখ্যায়িত করে বলেছে, এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ন করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার এ বিষয়টি পুনর্ব্যক্ত করছে যে দেশে কিংবা বিদেশে গণতান্ত্রিক অধিকার চর্চা এবং রাজনৈতিক মতামত প্রকাশের জন্য কোনো নাগরিকেরই সহিংসতা বা ভয়ভীতির শিকার হওয়া উচিত নয়।


