ডয়চে ব্যাংকের ফাঁস হওয়া ১ কোটি ৫০ লাখ নথিতে ট্রাম্প ও এপস্টিনের লেনদেনের নতুন তথ্য
জার্মানির সবচেয়ে বড় ব্যাংক ডয়চে ব্যাংকের ১ কোটি ৫০ লাখের বেশি অভ্যন্তরীণ নথি ফাঁস হয়ে যাওয়ায় নতুন করে আলোচনায় এসেছে ব্যাংকটির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনসহ প্রভাবশালী ব্যক্তিদের লেনদেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর একটি জোট মঙ্গলবার ‘ইনসাইড ডয়চে ব্যাংক’ নামে এই অনুসন্ধান প্রকাশ করেছে। অর্থ পাচার ঠেকাতে ব্যর্থতার দায়ে বছরের পর বছর ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাওয়া ব্যাংকটি আবারও তীব্র প্রশ্নের মুখে পড়েছে।
ফাঁস হওয়া নথির মধ্যে রয়েছে লাখ লাখ ইমেইল, বৈঠকের কার্যবিবরণী ও অভ্যন্তরীণ প্রতিবেদন। অংশগ্রহণকারী সংবাদমাধ্যম লে মন্দের ভাষ্য অনুযায়ী, দুজন হুইসেলব্লোয়ার এসব নথি ফাঁস করেছেন; তাঁদের সুরক্ষার জন্য পরিচয় ও প্রতিষ্ঠানের সঙ্গে তাঁদের সম্পর্ক গোপন রাখা হয়েছে। ওই দুজন সংবাদমাধ্যমগুলোকে বলেছেন, তাঁদের বিশ্বাস ব্যাংকটি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং নথিগুলো প্রকাশ করা জনস্বার্থে জরুরি ছিল।
নথির ভান্ডারটি প্রথমে পেয়েছিলেন একজন ভারতীয় সাংবাদিক ও একজন দক্ষিণ আফ্রিকান সাংবাদিক। পরে তাঁরা তা ভাগ করে দেন ডের স্পিগেল, ফিন্যান্সিয়াল টাইমস ও দ্য নিউইয়র্ক টাইমসসহ প্রায় ৫০টি সংবাদ সংস্থার ২৩০ জনের বেশি সাংবাদিকের সঙ্গে—আন্তর্জাতিকভাবে সমন্বিত এক উদ্যোগে। উপকরণের মধ্যে রয়েছে প্রায় ৯০ লাখ ইমেইল, পাশাপাশি বৈঠকের কার্যবিবরণী, যথাযথ যাচাই (ডিউ ডিলিজেন্স) প্রতিবেদন ও আর্থিক অপরাধসংক্রান্ত প্রতিবেদন, যার অনেকগুলোই ২০১০-এর দশকের শুরুর দিকের এবং ব্যাংকের অভ্যন্তরীণ তদন্ত থেকে পাওয়া।
হুইসেলব্লোয়াররা এই তথ্য যুক্তরাষ্ট্রের প্রসিকিউটর ও আর্থিক অপরাধ কর্তৃপক্ষের হাতেও তুলে দিয়েছেন। তাঁদের ফাঁস করা তথ্যের ভিত্তিতে ওয়াশিংটন ব্যাংকটির বিরুদ্ধে মামলা করলে তাঁরা পুরস্কারের যোগ্য হতে পারেন। লে মন্দ জানিয়েছে, সাংবাদিকদের কাছ থেকে তাঁরা কোনো অর্থ নেননি এবং উপকরণ ব্যবহারের ক্ষেত্রে কোনো শর্তও দেননি।
ডয়চে ব্যাংক বলেছে, অনুসন্ধানে ওঠা উদ্বেগগুলো ‘বহু বছর আগের’ এবং এরপর থেকে ব্যাংকটি তার নিয়ন্ত্রণব্যবস্থা শক্তিশালী করেছে; অর্থনৈতিকভাবে উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়বে বলেও তারা মনে করে না। ব্যাংকটির চেয়ারম্যান ২০১৮ সাল থেকে প্রধান নির্বাহী ক্রিশ্চিয়ান সিউইংয়ের প্রতি বোর্ডের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এক বিবৃতিতে ব্যাংকটি বলেছে, ‘ডয়চে ব্যাংক আজ এক ভিন্ন ব্যাংক।’
ফাঁস হওয়া নথিতে ট্রাম্পের মালিকানাধীন কোম্পানিগুলোর সঙ্গে জড়িত ৩০ লাখ ডলারের বেশি লেনদেন চিহ্নিত হয়েছে, যার মধ্যে রয়েছে সন্দেহভাজন রুশ ও আজারবাইজানি অর্থ পাচার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত অর্থ পরিশোধ।
১৯৯০-এর দশকের শুরু থেকে ট্রাম্পের ব্যবসায় ধারাবাহিক দেউলিয়াত্ব ও ঋণখেলাপির ঘটনা ঘটলেও ডয়চে ব্যাংক বছরের পর বছর তাঁকে ঋণ দিয়ে গেছে। ২০২১ সালের জানুয়ারিতে ব্যাংকটি ছিল তাঁর সবচেয়ে বড় ঋণদাতা; তখন তাঁর কোম্পানির কাছে ব্যাংকের বকেয়া ঋণ ছিল প্রায় ৩৪ কোটি ডলার।
ওই মাসেই ডেমোক্র্যাট জো বাইডেনের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের সত্যায়ন ঠেকাতে বিক্ষোভকারীদের মার্কিন ক্যাপিটলে হামলার (৬ জানুয়ারি) পর ব্যাংকটি ট্রাম্পের সঙ্গে ব্যবসা বন্ধ করে দেয় বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। ট্রাম্প দাবি করেছিলেন, নির্বাচনে তাঁর বিরুদ্ধে কারচুপি হয়েছে—যদিও এর কোনো প্রমাণ কখনো পাওয়া যায়নি।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে ব্যাংকটি ভুলবশত তাঁর একটি করসংক্রান্ত নথি অন্য এক গ্রাহকের হিসাবরক্ষকের কাছে পাঠিয়ে দেয় এবং সেই ভুলের কথা তাঁকে কখনো জানায়নি। মঙ্গলবার আসিয়ান সম্মেলনের জন্য ম্যানিলা সফরে থাকা ট্রাম্পকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ব্যাংকের এই তথ্য প্রকাশ করা উচিত হয়নি। তাঁর ভাষায়, ‘তাদের এটা করা উচিত হয়নি। এটা করা তাদের জন্য অবৈধ।’ তাঁর এই মন্তব্য নিয়ে ডয়চে ব্যাংক কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
ফাঁস হওয়া নথিতে ট্রাম্পের অ্যাকাউন্টগুলোর ওপর ব্যাংকের বিশেষ নজরদারির তথ্যও উঠে এসেছে, এবং সেগুলো পরিচালনার ধরন আগেও প্রশ্নের মুখে পড়েছিল। ২০১৯ সালে দ্য নিউইয়র্ক টাইমস জানায়, ট্রাম্প-সংশ্লিষ্ট সন্দেহজনক লেনদেন সম্পর্কে ডয়চে ব্যাংক মার্কিন কর্তৃপক্ষকে সতর্ক করতে ব্যর্থ হয়েছিল। ব্যাংকটি তখন বলেছিল, তাদের কোনো তদন্তকারীকে এ ধরনের উদ্বেগ ঊর্ধ্বতন পর্যায়ে তোলা থেকে বিরত রাখা হয়নি।
নথিগুলোতে এপস্টিন-সংশ্লিষ্ট প্রায় ৫৮ কোটি ২০ লাখ ডলারের লেনদেনের তালিকা রয়েছে, যেগুলোকে ব্যাংকের ভেতরে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এই অঙ্ক যুক্তরাষ্ট্রের সিনেট তদন্তে ব্যাংকগুলোর নজর এড়ানো বা প্রতিবেদন না করা হিসেবে আগে চিহ্নিত পরিমাণের দ্বিগুণেরও বেশি। আগস্টে সিনেটের ফলাফল প্রকাশের সময় ডয়চে ব্যাংকের একজন মুখপাত্র বলেছিলেন, এপস্টিনের সঙ্গে ব্যাংকের ‘ঐতিহাসিক সম্পর্ক’ নিয়ে তারা অনুতপ্ত।
মার্কিন এই অর্থলগ্নিকারী এপস্টিন ২০১৩ সালে ডয়চে ব্যাংকের গ্রাহক হন—ফ্লোরিডায় নাবালিকা সংগ্রহের (প্রকিউরিং) অভিযোগে দোষ স্বীকার করার পাঁচ বছর পর। ২০১৮ সাল পর্যন্ত তিনি ব্যাংকটির গ্রাহক ছিলেন। যৌন পাচারের অভিযোগে বিচারের অপেক্ষায় থাকা অবস্থায় ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে তাঁর মৃত্যু হয়।
নতুন ফাঁস হওয়া নথির অভ্যন্তরীণ ইমেইলগুলো থেকে ইঙ্গিত মেলে, এপস্টিনের সাজা সত্ত্বেও জ্যেষ্ঠ নির্বাহীরা তাঁকে গ্রাহক হিসেবে অনুমোদন দিয়েছিলেন, এবং তাঁর সাবেক বান্ধবী ও সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েলের কর্মকাণ্ড নিয়ে সতর্কবার্তা পাওয়ার পরও তাঁর অ্যাকাউন্ট খোলা রাখা হয়েছিল। কিশোরী মেয়েদের যৌন নিপীড়নে এপস্টিনকে সহায়তার দায়ে ২০২১ সালে দোষী সাব্যস্ত ম্যাক্সওয়েল বর্তমানে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন।
নথিতে এপস্টিনের ধনী সহযোগীদের সঙ্গে যুক্ত অর্থ পরিশোধের তথ্যও রয়েছে, যাদের মধ্যে আছেন প্রাইভেট ইকুইটি ধনকুবের লিয়ন ব্ল্যাক ও ওয়াল স্ট্রিটের অর্থলগ্নিকারী গ্লেন ডুবিন। ব্ল্যাকের প্রতিষ্ঠানের নিয়োগ করা এক পর্যালোচনায় আগে দেখা গেছে, কর ও সম্পত্তি পরিকল্পনার পরামর্শের জন্য ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে তিনি এপস্টিনকে ১৫ কোটি ৮০ লাখ ডলার দিয়েছিলেন। ব্ল্যাক বারবার কোনো অনিয়ম বা মেয়েদের নিপীড়ন সম্পর্কে জানার কথা অস্বীকার করে এপস্টিনের থেকে নিজেকে দূরে রাখতে চেয়েছেন।
এই ফাঁসের ঘটনা এসেছে এমন সময়ে, যখন এপস্টিন-সংশ্লিষ্ট অর্থ ব্যবস্থাপনার দায়ে ব্যাংকটি ইতিমধ্যে ২০ কোটি ডলারের বেশি জরিমানা ও নিষ্পত্তি দিয়েছে। ২০২০ সালে নিয়ন্ত্রক সংস্থা এপস্টিন ও অন্যান্য উচ্চঝুঁকির গ্রাহকদের ক্ষেত্রে বিধি মেনে চলতে ব্যর্থতার জন্য ব্যাংকটিকে ১৫ কোটি ডলার জরিমানা করে; তদন্তে দেখা যায়, ব্যাংকে এপস্টিনের ৪০টির বেশি অ্যাকাউন্ট ছিল। ২০২৩ সালে তাঁর দ্বারা নিপীড়নের শিকার হয়েছেন বলে অভিযোগকারী নারীদের আনা মামলা নিষ্পত্তিতে ব্যাংকটি ৭ কোটি ৫০ লাখ ডলার দিতে সম্মত হয়।
নথিগুলোতে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের আগ পর্যন্ত রাশিয়ায় ব্যাংকটির ব্যবসায়িক কার্যক্রমের বিবরণও রয়েছে—কিছু ব্যবস্থাপকের উত্থাপিত উদ্বেগ সত্ত্বেও সেই কার্যক্রম চলেছিল। এর মধ্যে ক্রেমলিনের সঙ্গে যুক্ত ধনীদের সঙ্গে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা নিয়ে আগে প্রকাশ না পাওয়া অভ্যন্তরীণ সতর্কবার্তাও রয়েছে।




