২০৩০ বিশ্বকাপের মার্কিন সম্প্রচার স্বত্বের দৌড়ে নেটফ্লিক্সই ফেভারিট, দর উঠতে পারে ২০০ কোটি ডলার

২০৩০ বিশ্বকাপের মার্কিন টেলিভিশন সম্প্রচার স্বত্ব নিয়ে লড়াই হতে যাচ্ছে প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল নিলাম। প্রথম পর্বের দরপত্র জমা দেওয়ার শেষ সময় বৃহস্পতিবার। এই নিলামে ফিফা পেতে পারে ১৫০ কোটি থেকে ২০০ কোটি ডলার। যুক্তরাষ্ট্র ও ইউরোপের মিডিয়া স্বত্ব ও সম্প্রচার বিশেষজ্ঞরা একমত, এটি খেলাধুলা ও বিনোদন শিল্পের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত হতে পারে।
এই দৌড়ে স্পষ্ট ফেভারিট নেটফ্লিক্স। এক অভিজ্ঞ মিডিয়া স্বত্ব ক্রেতা বলেন, নেটফ্লিক্স জিতবে বলেই তিনি বাজি ধরবেন—তারা যা লাগে তাই দেবে। একাধিক সূত্র নিশ্চিত করেছে, প্রথম পর্বের দরপত্রের শেষ সময়ের আগেই নেটফ্লিক্স দর দেবে। তাদের সঙ্গে দরপত্র দিচ্ছে অ্যাপল টিভি, ডিজনি, অ্যামাজন, ইউটিউব ও ডাজনের মতো স্ট্রিমিং প্রতিষ্ঠানগুলো, আর ঐতিহ্যবাহী সম্প্রচার প্রতিষ্ঠান ফক্স, ইএসপিএন, এনবিসি ইউনিভার্সাল ও প্যারামাউন্ট স্কাইড্যান্স।
তবে প্যারামাউন্ট স্কাইড্যান্স হয়তো সীমাবদ্ধ থাকবে, কারণ ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি অধিগ্রহণে ১১ হাজার কোটি ডলার ব্যয়ের পর প্রতিষ্ঠানটিতে চলমান বাজেট ছাঁটাই চলছে। একজন সম্প্রচার বিশেষজ্ঞ বলেন, ক্রেতার সংখ্যা বিশাল, তাই সম্ভাব্য ফলাফলের পরিসরও বিস্তৃত। সব মিডিয়া কোম্পানি ও স্ট্রিমার দর দেবে। ফক্সের পক্ষে স্বত্ব ধরে রাখা খুবই কঠিন হবে।
এবার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে—ফিফা প্রথমবারের মতো ইংরেজি ও স্প্যানিশ স্বত্ব একসঙ্গে বিক্রি করছে। এতে ইঙ্গিত মিলছে, ফিফা একজন একক এক্সক্লুসিভ স্বত্বধারী চায়, যা স্ট্রিমিং কোম্পানিগুলোর জন্য সুবিধাজনক। ২০২৬ বিশ্বকাপের জন্য ফক্স কেবল ইংরেজি ভাষার স্বত্বের জন্য ৪৮ কোটি ৫০ লাখ ডলার দিয়েছিল, আর এনবিসি ইউনিভার্সালের টেলেমুন্দো স্প্যানিশ ভাষার স্বত্বের জন্য দিয়েছিল ৬০ কোটি ডলার।
একটাই নিশ্চয়তা—২০৩০ সালের দাম অনেক বেশি হবে। যদিও মরক্কো, স্পেন ও পর্তুগালে টুর্নামেন্ট হওয়ায় মার্কিন দর্শকদের জন্য খেলার সময় কম আকর্ষণীয় হবে। তবে সময়ের পার্থক্যের প্রভাব কতটা পড়বে, তা বলা কঠিন, কারণ চাহিদা যেন অফুরন্ত। এনবিসি ২০২৪ প্যারিস অলিম্পিকের এক্সক্লুসিভ স্বত্বের জন্য প্রায় ১৫০ কোটি ডলার দিয়েছিল এবং দৈনিক গড়ে ৩ কোটির বেশি দর্শক পেয়ে তার প্রতিদান পেয়েছিল।
২০২৬ বিশ্বকাপের মার্কিন সম্প্রচার স্বত্ব প্রদান ছিল একটি কম দামের চুক্তি, যা করা হয়েছিল বিদ্যমান স্বত্বধারী ফক্স স্পোর্টসের আইনি পদক্ষেপ এড়াতে। কিন্তু এবারের নিলাম একেবারেই ভিন্ন হবে। ফিফা ২০১৫ সালে ফক্স ও টেলেমুন্দোকে প্রতিযোগিতাহীন মেয়াদ বৃদ্ধি দিয়েছিল, কারণ ২০২২ কাতার বিশ্বকাপ শীতকালে সরিয়ে নেওয়া হয়েছিল।
এ বছরের রেকর্ড ভাঙা টুর্নামেন্ট সেই দৃষ্টিভঙ্গিকে আরও জোরালো করেছে। অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের জয় ফক্সের সরাসরি সম্প্রচারে মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ফুটবল সম্প্রচার হয়েছে, সর্বোচ্চ দর্শক ছিল ৫ কোটি ১৬ লাখ ৮৫ হাজার। পাঁচটি বিশ্বকাপ ম্যাচে গড় দর্শক ছিল ২ কোটির বেশি; ১০৪টি ম্যাচজুড়ে গড় দর্শক ছিল ৭৭ লাখ, যা চার বছর আগে কাতারের তুলনায় দ্বিগুণ।
টেলেমুন্দোর সম্প্রচার, যা এনবিসির স্ট্রিমিং প্ল্যাটফর্ম পিককে দেখা যেত, প্রতি ম্যাচে গড়ে মোট ৬০ লাখ দর্শক পেয়েছে। স্পেন বনাম আর্জেন্টিনা ও মেক্সিকো বনাম ইংল্যান্ড—দুটি ম্যাচেই সর্বোচ্চ দর্শক ছিল ২ কোটি ৩০ লাখের বেশি, যা যুক্তরাষ্ট্রে স্প্যানিশ ভাষার সম্প্রচারে সর্বকালের সর্বোচ্চ।
বিশাল দর্শকসংখ্যা সম্প্রচারকদের জন্য অত্যন্ত লাভজনক হয়েছে। বিজ্ঞাপন বিক্রয় বিশ্লেষক প্রতিষ্ঠান গাইডলাইনের তথ্য অনুযায়ী, ফক্স ও টেলেমুন্দো টুর্নামেন্ট চলাকালে শুধু বিজ্ঞাপন থেকেই একত্রে ১১৯ কোটি ডলার আয় করেছে, যা কাতারের তুলনায় প্রায় তিন গুণ এবং তাদের মূল স্বত্ব বিনিয়োগের চেয়েও বেশি।
শুধু ফক্সই বিজ্ঞাপন থেকে এনেছে ৮৩ কোটি ৫০ লাখ ডলার। হলিউড রিপোর্টার অনুযায়ী, ৩০ সেকেন্ডের স্লটের দাম ছিল ২ লাখ থেকে ৭ লাখ ৫০ হাজার ডলার, আর ছয় মিনিটের হাইড্রেশন বিরতি থেকে প্রতি ম্যাচে আয় হয়েছে ২০ লাখ থেকে ৯০ লাখ ডলার।
গত গ্রীষ্মের টুর্নামেন্টের মাত্র চার মাস পর নিলাম আয়োজন করায় স্পষ্ট, ফিফা আগের টুর্নামেন্টের সাফল্যকে কাজে লাগাতে চায়। আগের টুর্নামেন্ট ২০২৬ সাল পর্যন্ত চার বছরের চক্রে ফিফার ৪০০ কোটি ডলার মিডিয়া আয়ের সিংহভাগই দিয়েছে। হাইড্রেশন বিরতি যোগ হওয়ায় ফক্সের মতো প্রতিষ্ঠানগুলোর আয়ের সুযোগ আরও বাড়বে, যদিও ফিফা আশা করবে অতিরিক্ত বিজ্ঞাপনের এই সুযোগ দাম বাড়িয়ে দেবে এবং এবার তারা নিজেদের অংশও নেবে।
নেটফ্লিক্স ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে ২০২৭ ও ২০৩১ নারী বিশ্বকাপের এক্সক্লুসিভ স্বত্ব কিনেছে। স্পেনে ২০৩০ বিশ্বকাপের এক্সক্লুসিভ স্বত্বও নিশ্চিত করেছে নেটফ্লিক্স। তবে সরকারি নিয়ম মেনে স্পেন জাতীয় দলের সব ম্যাচ, দুটি সেমিফাইনাল ও ফাইনাল এবং প্রতিদিন অন্তত একটি ম্যাচ দেশীয় ফ্রি-টু-এয়ার সম্প্রচারককে সাব-লাইসেন্স দিতে হবে তাদের।
বিশ্ব ক্রীড়া বিপণন সংস্থা আইএমজির গ্লোবাল প্রেসিডেন্ট অ্যাডাম কেলি দীর্ঘদিন ধরেই স্ট্রিমারদের উত্থানের ভবিষ্যদ্বাণী করে আসছেন। তিনি ২০৩০ বিশ্বকাপকে সেই সম্ভাব্য মোড় হিসেবে দেখছেন, যেখানে প্রথমবারের মতো কোনো বড় বাজারে একটি প্রিমিয়াম ইভেন্ট একচেটিয়াভাবে কিনতে পারে একটি স্ট্রিমিং পরিষেবা। কেলি বলেন, এই স্ট্রিমিং প্রতিষ্ঠানগুলোই সম্প্রচারের ভবিষ্যৎ, কারণ মনোযোগকে আয়ে রূপান্তরিত করতে তারা বিশ্বের সেরা।
নেটফ্লিক্সের বিজ্ঞাপন ব্যবসায় বৈচিত্র্য আনা তাকে অ্যাপল টিভি ও অ্যামাজনের চেয়ে এগিয়ে রেখেছে। গত বছর বিজ্ঞাপন থেকে নেটফ্লিক্সের আয় ছিল ১৫০ কোটি ডলার, এ বছর সেই আয় ২৭০ কোটি ডলার হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে ফ্রি-টু-এয়ার সম্প্রচারের কোনো বাধ্যবাধকতা না থাকায় এই নিলাম নেটফ্লিক্সের জন্য বিশেষভাবে আকর্ষণীয়। তবে জিতলে প্রচারণার জন্য কিছু ম্যাচ অ-গ্রাহকদের জন্যও উন্মুক্ত করতে পারে তারা, যেমনটি মেজর লিগ সকারের ক্ষেত্রে অ্যাপল টিভি করেছে।




