ক্রুজ জাহাজের কেবিনে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা, তোয়ালে দিতে গিয়ে দেখলেন হাউসকিপার

ক্রুজ জাহাজ এমএসসি সিসকেপের একটি কেবিনে স্ত্রী সুসান ওয়াটফোর্ডকে হত্যার অভিযোগে টেক্সাসের বাসিন্দা জেসন লিওন ওয়াটফোর্ডের (৪৮) বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। ৮ নভেম্বর সুসানের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ওয়াটফোর্ড সোমবার প্রাথমিক শুনানি না করার সিদ্ধান্ত জানানোর পর থেকে ফেডারেল হেফাজতে রয়েছেন।
ফেডারেল আদালতে দাখিল করা এফবিআইয়ের এক হলফনামায় দম্পতির কেবিনের ভেতরে ঘটে যাওয়া ঘটনার ধারাবাহিক বিবরণ দেওয়া হয়েছে। হলফনামা অনুযায়ী, একটি নিয়মিত তোয়ালে পৌঁছে দেওয়ার কাজেই হাউসকিপার ওই কেবিনের দরজায় পৌঁছেছিলেন।
নজরদারি ভিডিওতে দেখা গেছে, ওয়াটফোর্ড রাত প্রায় ৭টা ৪৬ মিনিটে কেবিনে ঢোকেন এবং সুসান ঢোকেন রাত প্রায় ৮টা ১১ মিনিটে। হাউসকিপার আসার আগ পর্যন্ত আর কাউকে কেবিনে ঢুকতে বা বের হতে দেখা যায়নি বলে হলফনামায় বলা হয়েছে।
তদন্তকারীদের ওয়াটফোর্ড জানিয়েছেন, স্ত্রীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে তিনি ‘নিয়ন্ত্রণ হারিয়ে’ সুসানকে ঘুষি দিয়ে একাধিকবার আঘাত করেন, এতে তাঁর শার্ট, প্যান্ট ও হাতে রক্ত লেগে যায়।
হলফনামা অনুযায়ী, তিনি দুই হাতে সুসানের গলা চেপে ধরেন এবং পরে বাহু দিয়ে গলা পেঁচিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট চাপ দিয়ে রাখেন; ‘ক্লান্ত’ হয়ে পড়ার পরই তিনি থামেন।
এরপর সুসান প্রায় ১০ মিনিট মেঝেতে নিশ্চল পড়ে থাকলেও ওয়াটফোর্ড জাহাজের নিরাপত্তা বিভাগকে খবর দেননি বা চিকিৎসা সহায়তাও চাননি বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
রাত প্রায় ৯টা ২ মিনিটে হাউসকিপার তোয়ালে দিতে এসে দরজায় টোকা দিলে ওয়াটফোর্ড দরজা খোলেন। হাউসকিপার তাঁর হাতে ও পোশাকে রক্তের মতো দাগ এবং কেবিনের মেঝেতে মুখ থুবড়ে নিশ্চল পড়ে থাকা এক নারীকে দেখতে পান বলে জানিয়েছেন।
প্রায় ১১ মিনিট পর এমএসসির কয়েকজন কর্মী এসে কেবিনে ঢুকে সুসানকে অচেতন অবস্থায় পান এবং চিকিৎসা সহায়তার জন্য খবর দেন। হলফনামা অনুযায়ী, ওয়াটফোর্ড রাত প্রায় ৯টা ১৫ মিনিটে পোশাক বদলে কেবিন থেকে বের হয়ে হলওয়ের মেঝেতে বসে মোবাইল ফোন ঘাঁটতে থাকেন।




