ট্রাম্পের চীন সফরের সময়ে নিরস্ত্র আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে করে চীনের পথে থাকার সময়ে নিরস্ত্র মিনিটম্যান-৩ আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
এয়ার ফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ড জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে লস অ্যাঞ্জেলেসের বাইরে ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স ঘাঁটিতে এই ‘নিয়মিত পরীক্ষা’ চালানো হয়। কমান্ডের ভাষ্যে, পরীক্ষাটি বহু বছর আগে থেকেই নির্ধারিত ছিল এবং বিশ্বের কোনো ঘটনার প্রতিক্রিয়ায় এটি করা হয়নি।
এয়ার ফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ডের কমান্ডার জেনারেল এস এল ডেভিস এক বিবৃতিতে বলেন, কঠোর ও বাস্তবসম্মত এই পরীক্ষাগুলো চালানোর সক্ষমতা বিমানবাহিনীর সদস্যদের নিষ্ঠার ওপর নির্ভর করে এবং মিনিটম্যান ব্যবস্থার নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করার জন্য তা মৌলিক ভিত্তি।
কমান্ড আরও জানিয়েছে, এই সাম্প্রতিক উৎক্ষেপণসহ পরীক্ষার সুযোগগুলো পুরো আইসিবিএম ব্যবস্থার মূল্যায়ন করে এবং বিভিন্ন সরকারি সংস্থাকে আইসিবিএমের রক্ষণাবেক্ষণ, প্রকৌশল ও জীবনচক্র বিশ্লেষণের কাজে ব্যবহারের জন্য তথ্য দেয়। এয়ার ফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ড এখন পর্যন্ত ৩০০টির বেশি মিনিটম্যান-৩ পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে।
পরীক্ষামূলক উৎক্ষেপণের পর বুধবার চীনের শেনজেনে পৌঁছালে ট্রাম্পকে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।
বিমানবাহিনী এলজিএম-৩০জি মিনিটম্যান-৩ ক্ষেপণাস্ত্রকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক ত্রয়ীর স্থলভিত্তিক অংশ হিসেবে বর্ণনা করে, যা প্রতিক্রিয়াশীল ও টিকে থাকতে সক্ষম কৌশলগত প্রতিরোধ ব্যবস্থা দেয়। বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, বর্তমান বহরে ৪০০টি মিনিটম্যান-৩ ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলো ওয়াইয়োমিংয়ের এফ ই ওয়ারেন বিমানঘাঁটি, মন্টানার মালমস্ট্রম বিমানঘাঁটি এবং নর্থ ডাকোটার মিনট বিমানঘাঁটিতে ছড়িয়ে রাখা হয়েছে।
বিমানবাহিনী আরও জানিয়েছে, দুজন কর্মকর্তা নিয়ে গঠিত ক্ষেপণাস্ত্র যুদ্ধ দলগুলো ভূগর্ভস্থ উৎক্ষেপণ নিয়ন্ত্রণকেন্দ্রে সার্বক্ষণিক সতর্ক অবস্থায় থাকে। একটি শক্তিশালী ও অতিরিক্ত যোগাযোগ নেটওয়ার্ক প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডের সঙ্গে প্রতিটি দলের নির্ভরযোগ্য ও সরাসরি যোগাযোগ নিশ্চিত করে। মিনিটম্যান-৩ ব্যবস্থাটি প্রথম মোতায়েন করা হয় ১৯৭০ সালে।
এর আগে সর্বশেষ নিরস্ত্র মিনিটম্যান-৩ পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছিল ২০ মে, ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স ঘাঁটি থেকেই।




