নিউইয়র্ক পুলিশের বিশেষ প্রতিবাদ দল এসআরজি বিলুপ্ত করলেন মেয়র মামদানি, স্বাগত জানাল বামপন্থী গোষ্ঠীগুলো

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি প্রতিবাদ সামলানোর দায়িত্বে থাকা পুলিশের বিশেষ দল স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ (এসআরজি) বিলুপ্ত করার ঘোষণা দিয়েছেন। সোমবার সকালে তিনি এ ঘোষণা দেন।
এর মধ্য দিয়ে মামদানি তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) এই বিশেষ দলটি প্রতিবাদ-বিক্ষোভ নিয়ন্ত্রণের কাজে মোতায়েন হতো।
পরিবর্তনগুলো ঘোষণার সংবাদ সম্মেলনে মামদানি সাংবাদিকদের বলেন, ‘প্রতিবাদের সাংবিধানিক অধিকার প্রয়োগকারী নিউইয়র্কবাসীর মুখোমুখি সন্ত্রাসী হুমকির মতো একই ধরনের পুলিশি সাড়া দেওয়া উচিত নয়।’ তিনি বলেন, ‘আমরা একটি নতুন, বেসামরিক নেতৃত্বাধীন পদ্ধতি প্রতিষ্ঠা করছি, যেখানে সংলাপ, সম্পৃক্ততা ও উত্তেজনা প্রশমনকে অগ্রাধিকার দেওয়া হবে।’
ঘোষণার পরপরই বামপন্থী গোষ্ঠীগুলোর কাছ থেকে দ্রুত প্রশংসা আসে। পার্টি ফর সোশ্যালিজম অ্যান্ড লিবারেশন এক্সে লিখেছে, ‘গণআন্দোলন এনওয়াইপিডির স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপের বিলুপ্তি আদায় করেছে — তবে লড়াই চলছে।’
দলটি আরও লিখেছে, যাঁরা এসআরজির হাতে আটক, মারধর, মরিচের স্প্রে কিংবা বাসে তোলার শিকার হয়েছেন, তাঁদের সবার জন্য এটি একটি বাস্তব বিজয়; তবে এ বিজয় সিটি হল থেকে এমনিতেই আসেনি, এটি এসেছে একটি গণআন্দোলনের মাধ্যমে।
ফক্স নিউজ ডিজিটালের বিশ্লেষণ অনুযায়ী, সাংহাইভিত্তিক প্রযুক্তি ধনকুবের নেভিল রয় সিংহাম ছয়টি অলাভজনক সংস্থায় ২৭ কোটি ৮০ লাখ ডলার দিয়েছেন, যার মধ্যে পিপলস ফোরাম পেয়েছে ২ কোটি ২৪ লাখ ডলার। ম্যানহাটনের ওয়েস্ট ৩৭ স্ট্রিটে অবস্থিত পিপলস ফোরাম পার্টি ফর সোশ্যালিজম অ্যান্ড লিবারেশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে প্রতিবাদ কর্মসূচিতে কাজ করে। সিংহাম কোডপিংকের সহপ্রতিষ্ঠাতা জোডি ইভান্সের স্বামী।
সকালে স্ট্রিমার হাসান পাইকারও প্রতিক্রিয়া জানান। বেলা ১১টা ১৬ মিনিটে মামদানির বার্তার জবাবে তিনি লেখেন, এসআরজি একটি ‘সন্ত্রাসবিরোধী’ ইউনিট, যা মূলত প্রতিবাদকারীদের বিরুদ্ধেই মোতায়েন করা হয়েছে, এবং মেয়র এই দল বিলুপ্তির প্রতিশ্রুতি বাস্তবায়ন করায় তিনি খুশি।
বিকেল ২টা ৫৫ মিনিটে উইদিন আওয়ার লাইফটাইমের প্রতিষ্ঠাতা নারদিন কিসওয়ানি এই ঘোষণাকে ‘বিলম্বিত ও স্বাগত জানানোর মতো খবর’ বলে মন্তব্য করেন। তিনি লেখেন, একটি মীমাংসা প্রতিবাদকারীদের অধিকার লঙ্ঘন হলে এনওয়াইপিডিকে চ্যালেঞ্জ করার পথ দিয়েছিল, কিন্তু কর্মকর্তারা তা অমান্য করেছেন; মামদানির ঘোষিত সীমারেখা পুলিশের আচরণ চ্যালেঞ্জ করার ক্ষেত্রে আরও নির্দিষ্ট নিয়ম দেবে।
অন্যদিকে সাবেক পুলিশ কর্মকর্তারা সিদ্ধান্তটির সমালোচনা করেছেন। অবসরপ্রাপ্ত এফবিআই তত্ত্বাবধায়ক বিশেষ এজেন্ট জেমস গাগলিয়ানো বলেন, এটি অপরাধী, নৈরাজ্যবাদী ও সন্ত্রাসীদের আরও উৎসাহিত করার দিকে আরেকটি পদক্ষেপ।




