প্রতিটি আসনে এমপিদের নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব সংসদে

গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রতিটি আসনে সংসদ সদস্যদের (এমপি) নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান। প্রশাসনে থাকা ফ্যাসিবাদের অনুসারীদের চিহ্নিত করে শাস্তির দাবিও জানিয়েছেন তিনি।
আজ বুধবার জাতীয় সংসদের শেষ দিনে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ সংশোধন নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
নাজিবুর রহমান বলেন, ‘আমরা যখন এই বিলের ওপর আলোচনা করছি, তখন গোপালগঞ্জের একজন এমপির বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আজকেও সেখানে টুঙ্গিপাড়ায় আমাদের ইউনিয়ন আমিরের দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে, লুট করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মাননীয় স্পিকার, আমরা ফ্যাসিবাদবিরোধী অনেক কথাই অনেকভাবে বলি। সুন্দর সুন্দর বুলি কপচাই। কিন্তু এই ফ্যাসিবাদকে যদি আমরা প্রতিরোধ করতে না পারি, এই ফ্যাসিবাদের শিকড় যদি আমরা উপড়ে ফেলতে না পারি, এই দেশ সাফারার হবে। এই সমস্ত বিলের সুবিধা, সুফল জনগণ ভোগ করতে পারবে না।’
জামায়াতের এই এমপি বলেন, ‘আজকে মাননীয় প্রধানমন্ত্রী আছেন। জেলায় জেলায়, প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে (আসন বা নির্বাচনী এলাকা) আমাদের এমপিদের নেতৃত্বে ফ্যাসিবাদ প্রতিরোধকারী কমিটি হোক। গতকাল বলেছিলাম, প্রশাসনের মধ্যে ফ্যাসিবাদের ভূত রয়ে গিয়েছে। এ ব্যাপারে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। শুধু বদলি করলে হবে না, ট্রান্সফার করলে হবে না।’
নিজ এলাকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে অভিযোগ তুলে নাজিবুর রহমান বলেন, ওই কর্মকর্তার বিরুদ্ধে তিনি লিখিত অভিযোগ দিয়েছিলেন। তাঁর ভাষ্য, ওসি ফেসবুকে আওয়ামী লীগের প্রশংসা করেছিলেন এবং কয়েক দিন আগেও পত্রিকায় প্রতিবেদন এসেছে যে তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয় দিচ্ছেন।
তিনি আরও বলেন, ‘পরশুদিন দেখলাম, এক ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি বলেছে—জনাব ওসি, আমি যদি মুখ খুলি তাহলে কি আপনি থাকতে পারবেন? সেই ওসি নাকি আবার প্রধানমন্ত্রীর দপ্তরের একজন সচিব মর্যাদার ব্যক্তির আশ্রয়-প্রশ্রয়ে থাকেন। তাঁর ট্রান্সফারও হয় না, কোনো শাস্তিও হয় না।’ এ ধরনের ব্যক্তিদের খুঁজে খুঁজে শাস্তি দেওয়ার দাবি জানান তিনি।
আলোচনায় অংশ নিয়ে ঢাকা-১২ আসনের জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলমও গোপালগঞ্জের পরিস্থিতি এবং সেখানে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় জেলা প্রশাসককে ক্লোজ করা হলেও পুলিশ সুপারকে ফেনীর মতো বড় জেলায় পদায়ন করা হয়েছে।
সাইফুল আলম বলেন, ‘গোপালগঞ্জ একটা ছোট্ট জেলা। এখান থেকে গোপালগঞ্জের এই তাণ্ডব মোকাবিলায় ব্যর্থ এসপিকে ফেনীর মতো বড় একটি জেলায় দিয়ে তাঁকে পুরস্কার দেওয়া হলো। স্পিকার, এটার আমরা নিন্দা জানাচ্ছি। এভাবে বসে বসে সারা দেশ ফুটতেছে আর আমরা দেখব—এই পলিসি থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে।’


