ডিএনএ সূত্রে তিন দশক আগের ধর্ষণ মামলার অভিযুক্ত ন্যাশভিলে গ্রেপ্তার, জামিন ৮ লাখ ডলার
যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যার ডিএনএ ১৯৯০-এর দশকে নিউইয়র্ক সিটিতে ঘটা একাধিক অমীমাংসিত ধর্ষণের ঘটনার সঙ্গে মিলেছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম আর্চিবল্ড আমোরি, বয়স ৫৮ বছর। বৃহস্পতিবার ন্যাশভিলের হারমিটেজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আমোরি বর্তমানে ন্যাশভিলেই আটক রয়েছেন। তাকে নিউইয়র্ক সিটিতে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
কুইন্সে ঘটা দুটি ধর্ষণের ঘটনার সঙ্গে ডিএনএর মাধ্যমে আমোরির সংযোগ পাওয়া গেছে। আরও কয়েকটি যৌন নিপীড়নের ঘটনার সঙ্গেও তার সংশ্লিষ্টতার কথা বলা হয়েছে, যদিও সেগুলোতে এখনো অভিযোগ আনা হয়নি।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ডিএনএ প্রযুক্তি ও তদন্ত পদ্ধতির সাম্প্রতিক অগ্রগতিই আমোরিকে শনাক্ত করতে সাহায্য করেছে।
টেনেসিতে দাখিল করা আদালতের কাগজপত্রে বলা হয়েছে, ন্যাশভিল ও নিউইয়র্ক পুলিশের (এনওয়াইপিডি) বিশেষ ভিকটিম তদন্তকারীরা ‘নিউইয়র্ক সিটির অধিক্ষেত্র থেকে উদ্ভূত একাধিক ধর্ষণ তদন্তের ঘটনায় ওয়ান্টেড পলাতক হিসেবে আর্চিবল্ড আমোরিকে শনাক্ত করেছেন’।
ডেভিডসন কাউন্টির জেলা অ্যাটর্নির এক মুখপাত্র জানিয়েছেন, সোমবার ন্যাশভিলের আদালতে আমোরিকে হাজির করা হয়েছে। তিনি ৮ লাখ ডলার জামিনে আটক রয়েছেন।
একই প্রতিবেদনে আরেক ব্যক্তির গ্রেপ্তারের কথাও এসেছে। গত মাসে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে এক নারীকে ধর্ষণের অভিযোগে মায়ামিতে গ্রেপ্তার হয়েছেন দেরেক রিভেরা-দেলেওন, বয়স ৩০ বছর।
মঙ্গলবার মায়ামির একটি বার্গার কিং রেস্তোরাঁ থেকে রিভেরা-দেলেওনকে গ্রেপ্তার করা হয়; সেখানে তিনি কাজ করতেন। পুলিশ জানিয়েছে, সেন্ট্রাল পার্কের আরও দুটি ধর্ষণের ঘটনায়ও তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে।
অভিযোগ অনুযায়ী, ২৪ অক্টোবর সেন্ট্রাল পার্কের ঠিক বাইরে হাঁটতে থাকা ৩৯ বছর বয়সী এক নারীকে ইস্ট ৬৬তম স্ট্রিট ও ফিফথ অ্যাভিনিউয়ের কাছে ছুরি দেখিয়ে রিভেরা-দেলেওন পার্কের ভেতরে টেনে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি দেখে এক পথচারী ৯১১ নম্বরে ফোন করেন।
নজরদারি ক্যামেরার ফুটেজ দেখে রিভেরা-দেলেওনকে হামলাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে। তদন্তকারীরা ২০২৩ সালের একটি ও ২০২১ সালের আরেকটি সেন্ট্রাল পার্ক ধর্ষণের ঘটনার সঙ্গেও তার সংযোগ পেয়েছেন।




