লস অ্যাঞ্জেলেসে আবর্জনার স্তূপ থেকে গ্যাস ও পচা বর্জ্যের উদ্গিরণ, বাসিন্দাদের হোটেলে থাকার নির্দেশ কর্তৃপক্ষের

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে একটি আবর্জনার ভাগাড় (ল্যান্ডফিল) থেকে পচা বর্জ্য ও মিথেন গ্যাসের উদ্গিরণের পর কর্তৃপক্ষ ভাগাড়টির পরিচালনাকারী প্রতিষ্ঠানকে আশপাশের বাসিন্দাদের হোটেলে থাকার ব্যবস্থাসহ নানা সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে। সান্তা ক্লারিটা উপত্যকার চিকুইটা ক্যানিয়ন ল্যান্ডফিল থেকে সোমবার বিকেলে দুর্গন্ধযুক্ত গাঢ় ধোঁয়া ও উপাদানের একটি স্তম্ভ আকাশে উঠতে শুরু করলে কর্তৃপক্ষ আশপাশের এলাকার জন্য সতর্কতা জারি করে।
টেক্সাসভিত্তিক ওয়েস্ট কানেকশন্স এই ল্যান্ডফিলটি পরিচালনা করে। প্রতিষ্ঠানটির বিবৃতির বরাতে লস অ্যাঞ্জেলেস কাউন্টি দমকল বিভাগের ক্যাপ্টেন অ্যারন ক্যাটন জানান, কর্মীরা ল্যান্ডফিলে নতুন একটি কূপ খনন করছিলেন; তখন তাঁরা ভূপৃষ্ঠের প্রায় ১৫০ ফুট নিচে একটি গ্যাসের পকেটে আঘাত করেন।
ক্যাটন বলেন, উদ্গিরিত মেঘটি কোনো বিস্ফোরণ ছিল না; পচনশীল উপাদান থেকে স্বাভাবিকভাবে তৈরি গ্যাসের নির্গমন ঘটেছে। গ্যাসের পকেটটির সঙ্গে পচা আবর্জনার ছোট ছোট টুকরো বাতাসে ছিটকে ওঠে। তিনি বলেন, ‘কোনো আগুন লাগেনি, এটি ছিল গ্যাসের নির্গমন, আর প্রাথমিক ধ্বংসাবশেষ উড়ে যাওয়ার পর স্তম্ভটি উল্লেখযোগ্যভাবে কমে যায়।’
ক্যাটনের ভাষ্য অনুযায়ী, ওই স্তম্ভ এলাকার কারও জন্য বিপজ্জনক ছিল না। তবে দমকল বিভাগের এক মুখপাত্র লস অ্যাঞ্জেলেস টাইমসকে জানিয়েছেন, ল্যান্ডফিলের ছয়জন কর্মীকে জীবাণুমুক্তকরণের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
সান্তা ক্লারিটা শহর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের কর্তৃপক্ষের নির্দেশ পেলে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, এটি একটি সতর্কতা, সরে যাওয়ার আদেশ নয়।
৬৩৯ একর আয়তনের এই আবর্জনার ভাগাড়টি বছরের পর বছর ধরে ল্যান্ডফিলের ভেতরের একটি ধারাবাহিক বিক্রিয়া নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। ভাগাড়টির মালিক ও পরিচালনাকারীদের বিরুদ্ধে বিষাক্ত বর্জ্য অব্যবস্থাপনার অভিযোগে রাজ্য সরকারের একটি মামলা চলমান রয়েছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির জনস্বাস্থ্য বিভাগ পরে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অবিলম্বে অস্থায়ী হোটেল আবাসন, ফিল্টারযুক্ত বাতাসের আশ্রয়কেন্দ্র, পরিবহন সহায়তা এবং বায়ু পরিশোধক যন্ত্র সরবরাহের নির্দেশ দিয়েছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির সুপারভাইজার ক্যাথরিন বার্গার এক বিবৃতিতে বলেন, ‘কাস্তাইক ও আশপাশের এলাকার পরিবারগুলো অনেক দিন ধরে এই ল্যান্ডফিলের বোঝা বয়ে বেড়াচ্ছে; তারা নিরাপদ কি না, তা নিয়ে তাদের দুশ্চিন্তায় থাকা উচিত নয়। আমি জবাব চাই, অস্পষ্ট ব্যাখ্যা মেনে নেব না।’
বার্গার আরও বলেন, ঘটনাস্থলে আজ কী ঘটল, কেন ঘটল এবং কোন নিরাপত্তা ব্যবস্থা ব্যর্থ হলো—এসব প্রশ্নের পূর্ণ ও দ্রুত জবাব পরিচালনাকারী প্রতিষ্ঠান ও দায়িত্বশীল প্রতিটি সংস্থাকে দিতে হবে। দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে বলেও তিনি জানান।
তিনি জানান, তাঁর কার্যালয় প্রথম সারির উদ্ধারকর্মী ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখবে এবং যাচাই করা তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে এলাকাবাসীকে জানানো হবে। বাসিন্দাদের কাউন্টির আনুষ্ঠানিক সূত্রের ওপর নির্ভর করতে এবং জননিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।




