…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

সংসদে প্রধানমন্ত্রী: গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক

দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেবে না; মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

তারেক রহমান বলেন, ‘পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তিকে ঠেকাতে এবং দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে এই মুহূর্তে প্রয়োজন দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষে সব রাজনৈতিক শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে এসে দাঁড়ানো।’

তিনি আরও বলেন, ‘এই সংসদে উপস্থিত প্রতিনিধিত্বকারী প্রত্যেকটি গণতান্ত্রিক দল এবং এই সংসদের বাইরে অন্য যেসব গণতান্ত্রিক দল আছে, সবার প্রতি আমি আহ্বান জানিয়ে বলতে চাই, আসুন ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সবাই এক মঞ্চে দাঁড়াই।’

পলাতক ফ্যাসিস্ট চক্রের কর্মকাণ্ডের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘এত মানুষ হত্যা, এত মানুষ গুম, এত নির্যাতনের পরেও তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। দেশে কিংবা প্রবাসে যেখানেই তারা থাকুক, তাদের একটাই চরিত্র; এরা সন্ত্রাসী।’

তিনি বলেন, ‘এই সন্ত্রাসীরা দেশে-বিদেশে পুনরায় সন্ত্রাসে লিপ্ত হয়েছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে কীভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল, আমরা দেখেছি। দুই দিন আগে এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে তারা কীভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল, সেটিও আমরা দেখেছি। এরপর এনসিপি যখন আমেরিকায় গিয়েছিল, তখন তাদের সঙ্গে কী আচরণ করা হয়েছে, তা-ও দেখেছি। শুধু তাই নয়, ইতালিতে একজন নারী শিল্পীর ওপর তারা কীভাবে বর্বর আক্রমণ চালিয়েছিল, সেটিও দেশবাসী লক্ষ্য করেছে।’

তারেক রহমান অভিযোগ করেন, ‘সন্ত্রাসী দলের পলাতক নেত্রী তার সন্ত্রাসীদের গণতান্ত্রিক জনগণের ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। গণতান্ত্রিক জনগণকে হত্যার জন্য তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন। বেপরোয়া সন্ত্রাস চালিয়ে দেশে কার্যক্রম নিষিদ্ধ এই দলটি প্রমাণ করেছে, এরা কোনো রাজনৈতিক দল নয়। এরা সন্ত্রাসী গোষ্ঠী।’

তিনি বলেন, ‘দেশে-বিদেশে একবার নয়, দুইবার নয়, বারবার তারা প্রমাণ করেছে, তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী। তাদের এমন বেপরোয়া সন্ত্রাস কোনোভাবে মেনে নেওয়া যায় না।’

সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘তারা বাংলাদেশের স্বাধীনতাকামী গণতান্ত্রিক জনগণের সঙ্গে নয়, বরং সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাপ্রিয় জনগণের প্রতি তাদের মনোভাব স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেছে।’

বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমান বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করবো, আমাদের গণতন্ত্র আমরা রক্ষা করবো, আমাদের সংসদ, এই স্বাধীন সার্বভৌম সংসদ আমরা রক্ষা করবো। বাংলাদেশকে আর কোনো তাবেদারের হাতে আমরা সঁপে দেবো না।’

তিনি আরও বলেন, ‘যাদের হাতে মানুষের গোলামির জিঞ্জির, সেই অপশক্তিকে, সেই তাবেদারি শক্তিকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই এই দেশের গণতন্ত্রকামী জনগণ তাদের বিষদাঁত ভেঙে দেবে।’

এদিকে দলীয় কার্যক্রম জোরদার এবং তৃণমূলের মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে বিএনপির সব সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির সভাপতি তারেক রহমান। বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

দুপুর আড়াইটায় শুরু হওয়া বৈঠকটি বিকাল ৩টা ৫৫ মিনিটে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির সংসদীয় দলের সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র জানায়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থান করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা, নিহত দুই নেতা শাহীন ও সোহেল শেখ

নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যরা। হামলায় দলটির দুই নেতা নিহত হয়েছেন। আহত…

রাজনীতি

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে গণতন্ত্র ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে: সংসদের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্র ধীরে ধীরে একটি শক্তিশালী রূপ ধারণ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভে…

রাজনীতি

এটি মজলুমের সংসদ, এখানে কোনো লুকোচুরি চলবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমির শফিকুর রহমান

বর্তমান জাতীয় সংসদকে ‘মজলুমের সংসদ’ ও ‘ফ্যাসিবাদবিরোধী সংসদ’ হিসেবে আখ্যায়িত করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, …

খুলনায় পাড়া-মহল্লায় রাতভর পাহারায় বিএনপি, লকডাউনের আগে মাওয়া রুটে বন্ধ ঢাকাগামী পরিবহন
রাজনীতি

খুলনায় পাড়া-মহল্লায় রাতভর পাহারায় বিএনপি, লকডাউনের আগে মাওয়া রুটে বন্ধ ঢাকাগামী পরিবহন

খুলনার পাড়া-মহল্লায় রাতভর পাহারা দিচ্ছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ বুধবার সন্ধ্যার পর থেকে মোটরসাইকেলের বহর নিয়ে নগরীর বিভিন্…