যুক্তরাষ্ট্র ও ইরানের ‘জমাট যুদ্ধ’: হরমুজ ঘিরে সীমিত সংঘাত আর অর্থনৈতিক চাপের পাল্টাপাল্টি
যুক্তরাষ্ট্র ও ইরান কয়েক মাস ধরে সরাসরি যুদ্ধে ফেরা কিংবা আলোচনার মাধ্যমে শান্তির দিকে এগোনোর মধ্যে দোদুল্যমান থাকার পর এখন তার মাঝামাঝি একটি অবস্থানে রয়েছে। জুনের সমঝোতা স্মারক জুলাইয়ে ভেঙে যাওয়ার পর থেকে দুই দেশ বড় ধরনের সামরিক সংঘাত থেকে মূলত বিরত থাকলেও মাঝেমধ্যে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে এবং অর্থনৈতিক উপায়ে একে অপরকে যতটা সম্ভব ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে।
দুই দেশই হরমুজ প্রণালি ও তার আশপাশে অবরোধ বজায় রেখেছে। একসময় বিশ্বের তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে যেত।
সাম্প্রতিক দিনগুলোতে ইরান বলেছে, তারা বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র মঙ্গলবার ইরানের কেশম দ্বীপে বিমান হামলা চালিয়েছে।
ইরান এমন জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা অব্যাহত রেখেছে, যেগুলো হরমুজ প্রণালি পার হওয়ার ক্ষেত্রে তার নিয়ম মানেনি বলে তেহরান বলছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে অটল রয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, এটি হুবহু জমাট সংঘাত না হলেও সীমিত সংঘাতের একটি ধারা দেখা যাচ্ছে, যা পূর্ণমাত্রার যুদ্ধে না গিয়েও কয়েক মাস চলতে পারে। তবে এই স্থিতাবস্থা টিকিয়ে রাখতে হলে বাড়তে থাকা অর্থনৈতিক ও রাজনৈতিক খরচ বহন করতে হবে, যা শেষ পর্যন্ত কোনো এক পক্ষের জন্য, বিশেষ করে ইরানের জন্য, অসহনীয় হয়ে উঠতে পারে।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ ইরান বিশ্লেষক হামিদরেজা আজিজি আল জাজিরাকে বলেছেন, ‘সংঘাত দীর্ঘায়িত করার খরচ নিয়ে দুই পক্ষের হিসাব খুবই আলাদা। অর্থনৈতিক চাপ বাড়লে অচলাবস্থা ভাঙতে ইরান ক্রমশ সামরিক ঝুঁকি নিতে আরও আগ্রহী হয়ে উঠতে পারে।’
এ মাসের মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকানদের বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির কাছে বড় পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরান বিষয়ে অবস্থান বদলেছে বলে মনে হচ্ছে। ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দুজনেই স্বীকার করেছেন, অত্যন্ত অজনপ্রিয় ইরান যুদ্ধ আংশিকভাবে ওই পরাজয়ের জন্য দায়ী ছিল।
গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, সামরিক দিক থেকে যুদ্ধ ‘কার্যত শেষ’। তবে তিনি সতর্ক করে আরও বলেছিলেন, কূটনীতি ব্যর্থ হলে হামলা আবার শুরু করতে তিনি ‘দ্বিধা করবেন না’।
অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র সামরিক চাপের বদলে অর্থনৈতিক চাপ প্রয়োগ করছে। গত সপ্তাহে রুবিও বলেন, ‘অর্থনৈতিক উপায় ও অর্থনৈতিক চাপের মাধ্যমে একই লক্ষ্য অর্জন করা গেলে আমাদের সামরিক হামলা চালানোর প্রয়োজন নেই। ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে।’
তবে যুদ্ধ এড়িয়ে অস্বস্তিকর এই স্থিতাবস্থা ধরে রাখার পরিকল্পনা তেহরানে ভালোভাবে নেওয়া নাও হতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কর্মকর্তাদের ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ অবস্থা শেষ করতে বলেছেন। ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ রোববার পার্লামেন্টে বলেন, ‘আমরা ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ অবস্থায় থাকব না। যুক্তরাষ্ট্র আলোচনা চায় নাকি যুদ্ধ চায়, তাতে আমাদের কিছু যায় আসে না।’
বিশ্লেষকেরা বলছেন, জমাট সংঘাতের অর্থনৈতিক ক্ষতি ইরান, উপসাগরীয় অঞ্চল ও বৈশ্বিক অর্থনীতির জন্য ব্যাপক হবে। হরমুজ প্রণালিতে ইরানের জাহাজ চলাচলে বিঘ্ন ইতিমধ্যে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে তেলের দামে সবচেয়ে নাটকীয় ওঠানামার কিছু ঘটিয়েছে।




