গোপালগঞ্জ-ভাঙ্গা-নড়াইল এলাকা যেন দেশের ভূখণ্ডই নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ: জামায়াতের গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গা, নড়াইল ও পিরোজপুরের দিকের মহাসড়কের পার্শ্ববর্তী ভূখণ্ডগুলো যে বাংলাদেশের ভূখণ্ড, সেখানে যে কোনো সরকার বা অভিভাবক আছে, তা মনে হচ্ছে না। জনগণের জানমালের নিরাপত্তা ও সরকারের স্থাপনাগুলো রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করতে পারছে না বলেও মন্তব্য করেছে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।
বুধবার সকালে জামায়াতের আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক হয়। পরে দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নির্বাহী পরিষদের মূল্যায়ন জানান গোলাম পরওয়ার।
‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে’—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এই বক্তব্যের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, নির্বাহী পরিষদ মনে করে জনগণের জানমালের নিরাপত্তা ও সরকারের স্থাপনাগুলো রক্ষায় বর্তমান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করতে পারছে না।
তিনি বলেন, ‘এই ভূখণ্ডগুলো যে আমাদের রাষ্ট্রের একটা ভূখণ্ড, এখানে যে কোনো সরকার আছে, এর জন্য কোনো অভিভাবক আছে, এটা মনে হচ্ছে না। এ কারণে নির্বাহী পরিষদের এই চরম উদ্বেগ আমরা জাতির কাছে পেশ করছি। এটা রক্ষা করা সরকারের দায়িত্ব। সরকারের উচিত এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া।’
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ব্যর্থ হচ্ছে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, এ পরিস্থিতিতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতিকে দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। রাষ্ট্রপতির পক্ষ থেকে জরুরি ভূমিকা রেখে সরকারকে নির্দেশনা দেওয়া এবং জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এগিয়ে আসা উচিত বলে তিনি মন্তব্য করেন।
গণভোটের গণরায় অগ্রাহ্য করে একদলীয় কর্তৃত্ববাদী মানসিকতায় দেশ শাসনের দিকে সরকার এগিয়ে যাওয়ায় বর্তমান সংকট সৃষ্টি হয়েছে—নির্বাহী পরিষদের এই মূল্যায়ন তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, যা কিছু ঘটছে, তাতে দেশবাসীর সঙ্গে জামায়াতের নির্বাহী পরিষদও খুব উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, পুলিশের ওপর হামলা করা হচ্ছে, গাড়িও ভাঙা হচ্ছে। অসহায় পলাতকের মতো সরে গিয়ে বাঁচার চেষ্টা করছে পুলিশ।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হচ্ছে বলেও নির্বাহী পরিষদ মনে করে। গোলাম পরওয়ার বলেন, সরকারের এই দুর্বলতা, এমনকি পরোক্ষ মদদে ও প্রশাসনের একাংশের পরিকল্পিত ভূমিকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের একধরনের চেষ্টা হচ্ছে।
বৈঠকের আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, গতকাল রাতেও প্রশাসনের অনেকে ফোন করে বলেছেন, ‘সীমান্তের ওপারে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ক্যাডাররা বাংলাদেশে ঢুকবে বলে খবর পাওয়া যাচ্ছে, আপনারা আমাদের সাহায্য করবেন।’ দেশের পুলিশ প্রশাসনও এখন অসহায় বলে তিনি মন্তব্য করেন।
গোলাম পরওয়ার বলেন, প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ ও সাংবিধানিক পদগুলোতে ফ্যাসিস্টের দোসররা এখনো আছে, তারা নীরব ও নিষ্ক্রিয়। নির্বাহী পরিষদ মনে করে, সরকারকে এই চেষ্টা থেকে বিরত থাকতে হবে এবং ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্তদের শক্তভাবে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
পোশাকশ্রমিকদের সাম্প্রতিক আন্দোলন নিয়েও দলের অবস্থান তুলে ধরেন গোলাম পরওয়ার। তিনি বলেন, গার্মেন্ট খাতে সহিংসতার পেছনে শুধু গার্মেন্ট শ্রমিকদের দাবি আছে, তা নয়; এর পেছনে ফ্যাসিবাদের মদদদাতাদের একটা চরম উসকানি আছে। দেশকে ধ্বংস করতে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তি এখানে মদদ দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
গোলাম পরওয়ার জানান, আসন্ন ডিসেম্বর মাসজুড়ে জামায়াতের কর্মসূচি থাকছে। আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। এ ছাড়া আগামী শনিবার রাজধানীতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে দলটি।


