যুক্তরাষ্ট্রে মাদকে মৃত্যু এক দশকের সর্বনিম্নে, কৃতিত্বের দাবি নিয়ে গবেষকদের আপত্তি

যুক্তরাষ্ট্রে মাদকের অতিরিক্ত মাত্রায় মৃত্যু কমে প্রায় এক দশকের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) নতুন তথ্যে এই আশাব্যঞ্জক চিত্র উঠে এসেছে। এতে প্রতি বছর প্রায় ৫০ হাজার মানুষের জীবন বাঁচছে বলে তথ্যে বলা হয়েছে।
এই সপ্তাহের শুরুতে হোয়াইট হাউস মাদকে মৃত্যু বড় আকারে কমার ঘোষণা দেয়। কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে অর্জিত সাফল্যের দিকে ইঙ্গিত করেন।
হোয়াইট হাউসের জাতীয় মাদক নিয়ন্ত্রণ নীতির পরিচালক সারা কার্টার এক বিবৃতিতে বলেন, মাদকের অতিরিক্ত মাত্রায় মৃত্যুর ঐতিহাসিক হ্রাস প্রমাণ করে, অবৈধ মাদকের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা নিঃসন্দেহে জিতছে।
কার্টার এই পুনরুদ্ধারের জন্য ট্রাম্পের অধীনে জোরদার সীমান্ত নিরাপত্তা এবং ‘নার্কো-সন্ত্রাসী’ সংগঠনগুলো ভেঙে দেওয়ার সাফল্যের দাবিকে কৃতিত্ব দেন। বিবৃতিতে বলা হয়, আগের প্রশাসনের সময়কার সর্বোচ্চ পর্যায়ের তুলনায় মোট মাদকে মৃত্যু প্রায় ৪১ দশমিক ৫ শতাংশ কমেছে।
তবে শীর্ষ মাদকনীতি গবেষকেরা বলছেন, এই উল্লেখযোগ্য জনস্বাস্থ্য সাফল্যের সময় ও কারণ নিয়ে হোয়াইট হাউসের বিবৃতিতে বিভ্রান্তিকর দাবি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অগ্রগতি মূলত গত ১৮ মাসে ট্রাম্পের নেতৃত্বে নেওয়া নীতির কারণে হয়েছে।
গবেষকদের মতে, হোয়াইট হাউস যা প্রকাশ করেনি তা হলো, অতিরিক্ত মাত্রায় মৃত্যুর হ্রাস অনেক আগেই বাইডেন প্রশাসনের সময় শুরু হয়েছিল। ট্রাম্প পুনরায় দায়িত্বে ফেরার আগেই বেশির ভাগ অগ্রগতি ঘটেছিল।
ব্রুকিংস ইনস্টিটিউশনের মাদকনীতি বিশেষজ্ঞ ভান্ডা ফেলবাব-ব্রাউন বলেন, ২০২৩ সালের বসন্তকাল থেকে মাদকে মৃত্যুর ধারাবাহিক হ্রাস দেখা যাচ্ছে। এটি ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।
সিডিসির তথ্য অনুযায়ী, মাদকে মৃত্যুর হ্রাস ২০২৩ সালে শুরু হয়ে টানা অন্তত ৩৯ মাস ধরে অব্যাহত রয়েছে — ওএনডিসিপির বিবৃতিতে বলা ১৮ মাস নয়। বাইডেন দায়িত্ব ছাড়ার সময় নাগাদ প্রাণঘাতী অতিরিক্ত মাত্রা ইতিমধ্যে প্রায় এক-তৃতীয়াংশ কমে গিয়েছিল। আসক্তি বিশেষজ্ঞরা সে সময় এই উন্নতিকে নজিরবিহীন বলে বর্ণনা করেছিলেন।
নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের (চ্যাপেল হিল) সড়ক-মাদক গবেষক নবারুণ দাশগুপ্ত প্রথম বিজ্ঞানীদের একজন, যিনি মাদকে মৃত্যুর এই বিস্ময়কর হ্রাস শনাক্ত করেন। তিনি বলেন, কম মৃত্যুর প্রবণতা কোনো কোনো অঞ্চল ও জনগোষ্ঠীর মধ্যে ২০২১ সালের প্রথম দিক থেকেই শুরু হয় এবং দ্রুত সারা দেশে গতি পায়।
দাশগুপ্ত বলেন, ২০২৪ সালের শুরু থেকে ২০২৫ সালের বসন্ত পর্যন্ত সময়েই মৃত্যু হ্রাসের সর্বোচ্চ হার দেখা গেছে, যা আগে কখনো দেখা যায়নি।
মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে পাচার হওয়া ফেন্টানিলে মৃত্যু প্রথম বাড়তে শুরু করে ২০১৩ সালে প্রেসিডেন্ট ওবামার সময়ে। ট্রাম্পের প্রথম মেয়াদে তা আরও ত্বরান্বিত হয়। কোভিড-১৯ মহামারির সময় বাইডেনের প্রেসিডেন্সির প্রথম দুই বছরে ফেন্টানিলে অতিরিক্ত মাত্রা তীব্রভাবে বেড়ে যায়। অগ্রগতি সত্ত্বেও ফেন্টানিল এখনো সারা দেশে মাদকে মৃত্যুর প্রধান কারণ।
দাশগুপ্ত, ফেলবাব-ব্রাউন ও অন্য আসক্তি বিশেষজ্ঞরা বাইডেন প্রশাসনকে স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ, ওপিওয়েডের অতিরিক্ত মাত্রার ওষুধ ন্যালোক্সোন আরও সহজলভ্য করা এবং ফেন্টানিল তৈরিতে ব্যবহৃত শিল্প রাসায়নিকের প্রবাহ ব্যাহত করে এমন একটি চুক্তি চীনের সঙ্গে সম্পাদনের জন্য কৃতিত্ব দেন।
২০২৩ সালের নভেম্বরে ক্যালিফোর্নিয়ার উডসাইডে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনের ফাঁকে প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। চীন ফেন্টানিল তৈরিতে ব্যবহৃত রাসায়নিকের চালান কমাতে সম্মত হয়।
ফেলবাব-ব্রাউন বলেন, ফেন্টানিল পাচারকারী মেক্সিকান কার্টেলগুলোর বিরুদ্ধেও বাইডেন প্রশাসন উল্লেখযোগ্য মাদক প্রতিরোধ সাফল্য অর্জন করেছিল। বাইডেন প্রশাসনের সময় থেকেই বহু বছর ধরে তাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রচেষ্টা দেখা যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
দাশগুপ্ত ও ফেলবাব-ব্রাউন দুজনই বলেছেন, ট্রাম্পের অধীনেও মাদকে মৃত্যু কমার উন্নতি অব্যাহত রয়েছে। তাঁরা বলেন, অতিরিক্ত মাত্রা সংকটের সঠিক সময়রেখা থাকা গুরুত্বপূর্ণ, কারণ গবেষকেরা এখনো বোঝার চেষ্টা করছেন কেন ফেন্টানিলে মৃত্যু বেড়েছিল এবং কেন এখন এত কম মানুষ মারা যাচ্ছে।




